ক্রীড়া প্রতিবেদক
সংখ্যা নিয়ে খানিক বিভ্রান্তি আছে। একবার বলা হচ্ছে ৩৮, পরক্ষণেই শোনা যাচ্ছে ৩৫ জন। সংখ্যা যাই হোক, ধরেই নেয়া যায় ৩৫-৩৬ জন ক্রিকেটারকে নিয়ে একটি অঘোষিত জাতীয় পুল তৈরি করেছেন নির্বাচকরা। তার মধ্যে কয়েকজন এখন ব্যক্তিগত উদ্যোগে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় দেশের ৪ টেস্ট ভেন্যুতে রানিং, জিমওয়ার্ক ও ব্যাটিং-বোলিং অনুশীলন করছেন।
কিন্তু জাতীয় পুলের বড় অংশই স্টেডিয়ামে গিয়ে নিজ উদ্যোগে অনুশীলন করা থেকে বিরত আছেন। অনেকেরই প্রশ্ন, ৩৫ থেকে ৩৮ জনের মধ্যে যদি ১০ জন এভাবে রানিং, জিম ও হালকা ব্যাটিং-বোলিং প্র্যাকটিস করেন, তার ফায়দা কী? এটা কি উপকারে আসবে? জাতীয় দলের পূর্নাঙ্গ অনুশীলন ছাড়া এরকম ব্যক্তিগত প্র্যাকটিসের আদৌ কোন কার্যকরিতা আছে কি? অনেকেরই মত, ৪ বিভাগীয় শহরেরর ৪ স্টেডিয়াম ব্যবহার করে মাত্র ১০ জনের অনুশীলনের ব্যক্তিগত অনুশীলনের সুযোগ করে না দিয়ে ঐ ৪ বিভাগীয় শহরে আবাসনের ব্যবস্থা করে ৩৫-৩৮ জন ক্রিকেটারকে প্র্যাকটিসের সুযোগ করে দেয়ার ব্যবস্থা করলে সেটাই অনেক বেশি কাজে দিত।
নাম প্রকাশে অনিচ্ছুক দেশের একাধিক প্রতিষ্ঠিত ক্রিকেট প্রশিক্ষক মনে করেন, এই ব্যক্তিগত অনুশীলনে সর্বোচ্চ মনোযোগ এবং আনুসাঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিত করার বদলে জাতীয় দলের ৪ বিভাগীয় ভেন্যুতে কিংবা কোনো নির্দিষ্ট জায়গায় একসঙ্গে অনুশীলনের ব্যবস্থা করাই হতো যুক্তিযুক্ত। তবে ভেতরের খবর, চার বিভাগীয় শহরে না হলেও, করোনার ভয়াবহতা কমে গেলে জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটারদের নিয়ে পাঁচ-ছয় সপ্তাহের ট্রেনিং ক্যাম্প আয়োজনের চিন্তাভাবনা চলছে। ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খানের মুখেই মিললো এমন আভাস। গতকাল মঙ্গলবার সকালে তেমন ইঙ্গিতই দিলেন আকরাম।
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সমতায় ফিরল ইংল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
দিনের শুরুতে যেভাবে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ওপর চেপে বসেছিলেন বেন স্টোকস, তখনই বোঝা হয়ে গেছে, ম্যাচটা জিততে যাচ্ছে তারা। দ্রুত ১২৯ রান করে ইংলিশ অধিনায়ক জো রুটের ইনিংস ঘোষণা করে দেয়া থেকেই বোঝা যাচ্ছিল, জিততে মরিয়া তারা।
শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে ১১৩ রানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে সমতা আনলো ইংল্যান্ড। প্রথম টেস্টে সাউদাম্পটনে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রীতিমত তোলপাড় ফেলে দিয়েছিল ক্যারিবীয়রা। এবার সেই হারেরই যেন প্রতিশোধ তুললো ইংল্যান্ড। জো রুটের সিদ্ধান্তকে শতভাগ বাস্তবায়িত করে দেখালো ইংলিশ পেসাররা। যে স্টুয়ার্ট ব্রডকে দলে না নেয়ার কারণে প্রথম টেস্টে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইংলিশ টিম ম্যানেজমেন্টকে, সেই ব্রডই বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন উভয় ইনিংসেই। দ্বিতীয় ইনিংসে যখন ওয়েস্ট ইন্ডিজ জয়ের লক্ষে ৩১২ রানের জন্য লড়াই করছিল, তখন শুরুতেই ব্রডের তোপের মুখে তছনছ হয়ে যায় ক্যারিবীয়দের টপ অর্ডার। ২৩ রানে তিনটি এবং ৩৭ রানে পড়ে যায় ৪টি উইকেট। সেখান থেকে ক্যারিবীয়দের হাল ধরেন সামারাহ ব্রুকস। প্রথম ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ব্রুকস। করেছিলেন ৬৮ রান। দ্বিতীয় ইনিংসে করলেন ৬২ রান। জার্মেইন ব্ল্যাকউড প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করে দলকে দারুণ জয় এনে দিয়েছিলেন। দ্বিতীয় টেস্টেও প্রায় একই পথে হাঁটছিলেন তিনি। ৮৮ বল খেলে করেন ৫৫ রান। ব্রুকস আর ব্ল্যাকউড ফিরে যাওয়ার পরই অবশ্য ধ্বসটা ঠেকাতে পারেনি আর কোনো ক্যারিবীয়। জেসন হোল্ডার শেষ দিকে ৩৫ রান করেন। কিন্তু তাতে একের পর এক উইকেট পড়া থামাতে পারেননি। শেষ দিকে ইংলিশ পেসারদের তোপের মুখে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৮ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
৩ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ২টি করে উইকেট নেন ক্রিস ওকস, ডোম বেজ, বেন স্টোকস। ১ উইকেট নেন স্যাম কুরান। ম্যাচ সেরা হন বেন স্টোকস। কারণ দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমে ৫৭ বলে ৭৮ রানে অপরাজিত ছিলেন তিনি।
বৃষ্টিতে খুললো আবু নাসেরের ইনডোরের দুয়ার
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেট বোর্ডের অনুমোদনের পর গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো খুলনায় ঐচ্ছিক অনুশীলন করেছেন তিন ক্রিকেটার। তবে এদিন বৃষ্টিতে মাঠে বেশিক্ষণ রানিং করতে পারেননি মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান ও কাজী নুরুল হাসান সোহান। তাদের জন্য খুলে দেওয়া হয়েছে শেখ আবু নাসের স্টেডিয়ামের ইনডোর। কঠোর স্বাস্থ্যবিধি মেনে ইনডোরে ব্যাটিং, বোলিং অনুশীলন করেন তারা। তাদের সঙ্গে ছিলেন বিসিবির খুলনা বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু।
সকাল ৯টায় মাঠে অনুশীলন শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে রানিংয়ে নামতে পারেননি কোন ক্রিকেটার। ৪৫ মিনিট পর বৃষ্টি কিছুটা থেমে আসলে তারা মাঠে নামেন। তাদের রানিং চলাকালীন ফের বৃষ্টি শুরু হয়। এরপর ক্রিকেটাররা ইনডোর ব্যবহার করতে চাইলে তাতে মেলে অনুমতি। শুরুতে রানিং করে নিজেদের গা গরম করেন। এরপর আলাদা আলাদা নেটে ব্যাটিং অনুশীলন করেন তিন ক্রিকেটার। এছাড়া নেটে বোলিং ড্রিল করেন দুই স্পিনার মেহেদী হাসান দুই অফস্পিনার। মনোয়ার আলী মনু বলেন,‘সকাল থেকে খুলনার আবহাওয়া ভালো ছিলো না। থেমে থেমে বৃষ্টি হয়েছে। পরে ইনডোরে রানিং, ব্যাটিং ও বোলিং করেন খুলনার তিন ক্রিকেটার। অনুশীলনে কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানা হয়েছে।’ খেলা শুরুর আগে নিয়মিত অনুশীলনের সুযোগ পেলে ক্রিকেটাররা ফিটনেস ও স্কিলে আগের রূপে ফিরে যাবেন বলে মন্তব্য করেছেন এ কোচ। তার ভাষ্যে, ‘আমার কাছে মনে হয়েছে তিনজনের ফিটনেস লেভেল বেশ ভালো। এই সময়টা কাজে লাগাতে পারলে পরবর্তী সময়ের চ্যালেঞ্জটা তারা জিততে পারবে।’
বসুন্ধরা কিংসের সব ম্যাচ মালদ্বীপে
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাস মহামারির সময়ে দলগুলোকে ভিন্ন ভিন্ন দেশে গিয়ে খেলার পরিবর্তে সেন্ট্রাল ভেন্যুতে এএফসি কাপের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত আগেই নিয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
‘ই’ গ্রুপের দল চারটি হচ্ছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের চেন্নাই সিটি এফসি এবং মালদ্বীপের টিসি স্পোর্টস কাব ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কাব। এএফসি আয়োজক হওয়ার আবেদনের জন্য ১৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল তিন দেশকে। বাংলাদেশ ও ভারত আয়োজক হওয়ার আগ্রহ দেখায়নি। মালদ্বীপ শুধু আবেদন করেছিল। তাই ধরেই নেয়া হয়েছিল দ্বীপ দেশটিতেই হবে এএফসি কাপের ‘ই’ গ্রুপের বাকি ১০ ম্যাচ। কেবল এএফসির অনুমোদনের অপেক্ষা ছিল। গতকাল মঙ্গলবার মালদ্বীপের দুটি স্টেডিয়ামকে ‘ই’ গ্রুপের বাকি ম্যাচগুলোর ভেন্যু হিসেবে অনুমোদন দিয়েছে এএফসি।
ফুটবলার জনির চিকিৎসায় ফিফা দিল সাড়ে ১৩ লাখ
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দলের ফুটবলার মাসুক মিয়া জনির পায়ের চিকিৎসার জন্য ফিফা সর্বশেষ কিস্তিতে ৫ লাখ ৪৭ হাজার টাকা দিয়েছে। সবমিলিয়ে তিন কিস্তিতে ১৩ লাখ ৪৭ হাজার টাকা পেলেন বসুন্ধরা কিংসের এ মিডফিল্ডার।
গত ফেব্রুয়ারিতে জনিকে প্রথমে ৪ লাখ টাকা দিয়েছিল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। এপ্রিলে দ্বিতীয় কিস্তিতে দিয়েছিল আরও ৪ লাখ টাকা। সর্বশেষ কিস্তির টাকাটা গতকাল (সোমবার) জনির কাব বসুন্ধরা কিংসের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। মাসুক মিয়া জনির পায়ের লিগামেন্ট ছিঁড়েছিল গত বছর আগস্টে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আগে ক্যাম্পে চলাকালীন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় সতীর্থ বিশ্বনাথ ঘোষের সঙ্গে সংঘর্ষ হলে চোট পান তিনি।
এশিয়ান অনলাইন দাবায় রানী হামিদ ১১তম
ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান সিনিয়র অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপের উর্ধ্ব-৬৫ বিভাগে বাংলাদেশের রানী হামিদ ১১তম হয়েছেন। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার ৯ ম্যাচ খেলে পেয়েছেন সাড়ে চার পয়েন্ট।
২০ জুলাই রানী হামিদ মালয়েশিয়ার লিম কিয়ান হয়া, ভারতের ভি কামেশ্বরণ, নিউজিল্যান্ডের ইসহাক সেফিরিনো ও হংকংয়ের হেইন কেমেন্ত মারি গিরাডকে হারান। ড্র করেন সিরিয়ার এলবাবা এজাতের সঙ্গে। তার হার চার ম্যাচে হেরেছেন কাজাকস্তানের প্রিমবেতভ মারাত, ইরানের ফার্দবেহবানি বেহনাম, মঙ্গোলিয়ার সেরজমাইয়াদাগ দেমদিন ও তাজিকিস্তানের জিয়ায়েভ নেগমাতের কাছে। এই গ্রুপে এশিয়া ও ওশেনিয়ার ৬টি অঞ্চলের ১৯ জন খেলোয়াড় অংশ নেন।
চূড়ান্ত হয়ে গেল আইপিএলের ভেন্যু
ক্রীড়া প্রতিবেদক
সোমবার অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দিয়েছে আইসিসি। তাতে দরজা খুলে গেল ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলের। বিশ্বকাপের ওই সময়টা খালি পেয়ে আইপিএল আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
চূড়ান্ত সূচি এখনও ঠিক হয়নি। তবে প্রাথমিকভাবে ২৬ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটি। আর আইপিএলের ভেন্যু হিসেবে চূড়ান্ত হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের নাম। আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল নিশ্চিত করেছেন এমন তথ্য।
আইসিসির সিদ্ধান্ত মেনে নিল অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেট অস্ট্রেলিয়াও এমনটাই চাইছিল। করোনার এই পরিস্থিতিতে ১৬ দলের একটা টুর্নামেন্ট আয়োজন কঠিন হবে, বাস্তবতা মেনে নিয়েছিল তারাও। অবশেষে আইসিসির পক্ষ থেকেও ঘোষণা আসল, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত।
গত দুই মাস ধরে নানা রকম আলোচনার পর সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্ত জানায় আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী ও আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী নিক হকলে এক বিবৃতিতে বলেন, ‘কোভিড-১৯ মহামারি বিশ্বজুড়ে স্পোর্টিং টুর্নামেন্টগুলোর ওপর প্রভাব ফেলেছে। ক্রিকেটও তার বাইরে নয়।’ তিনি যোগ করেন, ‘এমন পরিস্থিতিতে অক্টোবর থেকে ১৬ দলের এই আন্তর্জাতিক আসরটি আয়োজন করা খুবই জটিল এবং ঝুঁকিও আছে। তাই এই আসরটি স্থগিত করাকেই সঠিক বলে মনে করেছি আমরা।’
ইতালিতেও রোনালদোর দ্রুততম ফিফটি
ক্রীড়া প্রতিবেদক
করোনা লকডাউনের পর ফেরা ফুটবলে প্রথম কয়েক ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। অনেকেই বলেছেন যে ফুরিয়ে গেছেন রোনালদো, পড়তে শুরু করেছে বয়সের ছাপ। কিন্তু সেসব কথা যে স্রেফ সমালোচকদের ভিত্তিহীন আলোচনা, তা প্রমাণ করতে সময় নেননি একদমই।
সোমবার রাতে লাজিওর বিপক্ষে জোড়া গোল করে গড়েছেন ইতালিয়ান সিরি ‘আ’তে দ্রুততম ফিফটির রেকর্ড। গত ২০১৮-১৯ মৌসুমে জুভেন্টাসে যোগ দিয়ে দুই মৌসুম শেষ হওয়ার আগেই সিরি ‘আ’তে গোলের ফিফটি করলেন রোনালদো। তাও কি না অন্য যেকোন খেলোয়াড়ের চেয়ে দ্রুত। দুই মৌসুম মিলে মাত্র ৬১ ম্যাচ খেলেই এ রেকর্ডে পৌঁছে গেছেন রোনালদো। লাজিওর বিপক্ষে ম্যাচের ৫১ মিনিটে সফল পেনাল্টির মাধ্যমে গোলের ফিফটি পূরণ হয় তার। পরে আরেকটি গোল করে নিজের গোলসংখ্যাকে ৫১তে নেন তিনি। সিরি ‘আ’তে গত ২৫ বছরের হিসেবে এটিই দ্রুততম ফিফটির রেকর্ড।
রোনালদো জাদুতে জিতল জুভেন্টাস
ক্রীড়া প্রতিবেদক
নগর প্রতিদ্বন্দ্বী তুরিনোর বিপক্ষে বড় জয় পাওয়ার পর খানিক খোলসবন্দী হয়ে পড়েছিল ইতালিয়ান সিরি ‘আ’র বর্তমান চ্যাম্পিয়ন দল জুভেন্টাস। পরের তিন ম্যাচে হেরে যায় এসি মিলানের কাছে। ড্র হয় সাসৌলো এবং আটলান্টার বিপক্ষে ম্যাচ। তিন ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে শিরোপা প্রত্যাশী দলটি।
সোমবার রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর তিন মিনিটে জোড়া গোলের সুবাদে লাজিওকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। একইসঙ্গে পৌঁছে গেছে টানা নবম শিরোপা জেতার খুব কাছে। লিগের বাকি থাকা চার ম্যাচ থেকে মাত্র ৫ পয়েন্ট পেলেই নিশ্চিত হবে জুভেন্টাসের শিরোপা। এখনও পর্যন্ত হওয়া ৩৪ রাউন্ড শেষে ২৫ জয় ও ৫ ড্রতে জুভেন্টাসের সংগ্রহ ৮০ পয়েন্ট। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে তারা এগিয়ে রয়েছে ৮ পয়েন্টে। জুভেন্টাসের কাছে হেরে যাওয়া লাজিও নেমে গেছে চার নম্বরে, তাদের সংগ্রহ ৬৯ পয়েন্ট।
মেসিদের লিগে পেনাল্টির রেকর্ড
ক্রীড়া প্রতিবেদক
ইতালিয়ান সিরি ‘আ’ শেষ হতে এখনও বাকি ৪ ম্যাচ। এর মধ্যেই পেনাল্টি থেকে গোলের রেকর্ড গড়ে ফেলেছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মৌসুমে তার পেনাল্টি গোলের সংখ্যা ১২টি। যা কি না ১৯৯৪-৯৫ মৌসুমে গুইসেপ সিনোরির এক মৌসুমে ১২ পেনাল্টি গোলের সমান।
রোনালদোর রেকর্ডটি তার ব্যক্তিগত পেনাল্টি গোলের হলেও, চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি রেকর্ডের অংশীদার হয়েছে পুরো লীগের হিসেবে। স্প্যানিশ লা লিগার সদ্য শেষ হওয়া মৌসুমটি গড়েছে এক আসরে সর্বোচ্চ পেনাল্টির রেকর্ড। ২০১৯-২০ সালের লা লিগায় সর্বমোট ১৪৯ বার পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারিরা। যার বেশিরভাগই দেয়া হয়েছে ভিডিও এসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে। লা লিগার দীর্ঘ ইতিহাসে এত বেশি পেনাল্টি দেয়া হয়নি আর কোন আসরে।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তে বিলম্ব
ক্রীড়া প্রতিবেদক
ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পেছালেও আগামী বছরের শুরুতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ যথা সময়েই করার পরিকল্পনা আইসিসির। তবে এর আয়োজক নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বলছে, আসন্ন টুর্নামেন্টের ভাগ্য কী হবে, তা জানা যাবে আগামী দুই সপ্তাহের মধ্যে।
অস্ট্রেলিয়ায় এই বছরের অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা ছিল ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনা পরিস্থিতিতে সেই টুর্নামেন্টটি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। একই দিন তারা আরও জানিয়েছে, করোনা আতঙ্ক থাকলেও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ সূচি অনুযায়ী-ই করার পরিকল্পনা তাদের। সূচি অনুসারে আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা এই টুর্নামেন্ট। চলবে ৭ মার্চ পর্যন্ত। এই ঘোষণার পর নিউজিল্যান্ড রেডিওকে কিউই বোর্ডের চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত পরবর্তী দুই সপ্তাহের মধ্যে নেওয়া হবে।’
করোনায় মারা গেলেন বলিভিয়ার ফুটবল প্রেসিডেন্ট
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিভিয়ার ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সিজার স্যালিনাস। চলতি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৯ জুলাই বলিভিয়ার ফুটবল ফেডারেশন জানায়-লড়াইয়ে হেরে গেছেন স্যালিনাস। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
২০১৮ সাল থেকে স্যালিনাস বলিভিয়ার ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের চেয়ারে ছিলেন। বলিভিয়ার ফুটবলের শক্ত ভিত্তিটা তৈরি করে দিয়েছে শতাব্দি প্রাচীন লা পাজের ফুটবল ইনস্টিটিউট ‘দ্যা স্ট্রংগেষ্ট’। এই ইনস্টিটিউটের পরিচালক ছিলেন স্যালিনাস। দ্যা স্ট্রংগেষ্ট কাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন স্যালিনাসের স্ত্রী। তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন।
১৭ বছর বয়সী ফুটবলারের দাম ২৮৬ কোটি টাকা
ক্রীড়া প্রতিবেদক
এই চুক্তি স্বাক্ষরের আগে ঠিক তেমনভাবে তার নামও কেউ শুনেনি। মাঠে নামার আগে শুধু চুক্তির অঙ্ক দিয়েই ‘আলোচিত’ এখন জুডে বেলিংহ্যাম। খেলতেন তিনি ইংল্যান্ডের বার্মিংহ্যাম সিটির হয়ে। ১৭ বছর বয়সী সেই জুডে বেলিংহ্যামকে দলে টেনেছে জার্মানির কাব বরুসিয়া ডর্টমুন্ড। চুক্তি করেছে ২৬ মিলিয়ন পাউন্ডে। ১ পাউন্ড সমান ১১০ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় এই চুক্তির অঙ্কের পরিমাণ দাঁড়াচ্ছে ২৮৬ কোটি টাকা।
ব্রিটিশ মিডিয়া ক’দিন আগে জানিয়েছিল ১৭ বছরের জুডে বেলিংহ্যামকে দলে টানার চেষ্টা চালাচ্ছে ইংলিশ লিগের তিন জায়ান্ট- ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও চেলসি। তবে সবাইকে টপকে বেলিংহ্যামের সঙ্গে ২৮৬ কোটি টাকায় পাঁচ বছরের জন্য বুন্দেসলিগার কাব বরুসিয়া ডর্টমুন্ড চুক্তি করে ফেলেছে। সামনের মৌসুমের জন্য ম্যানচেস্টার সিটির তারকা জ্যাডন সাঙ্কোকেও দলে ভিড়িয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।









































