Home জাতীয় শিকারি হাত জুবাইদার, ১২ বছরে টেনেছে ৮০০ মোবাইল ফোন

শিকারি হাত জুবাইদার, ১২ বছরে টেনেছে ৮০০ মোবাইল ফোন

119

ঢাকা অফিস।।

রাজধানীর অভিজাত পাড়ার বিভিন্ন হোটেল ও ক্লাবের অনুষ্ঠান থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে শুক্রবার জুবাইদা সুলতানাকে (৪৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার মিন্টো রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিবি জানায়, জুবাইদা পরিকল্পনা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত এক যুগ্ম সচিবের মেয়ে। ভুয়া পরিচয় দিয়ে তিনি বিভিন্ন অনুষ্ঠানে ঢুকতেন। এভাবে গত ১২ বছরে অন্তত ৮০০ মোবাইল ফোন চুরি করেছেন।

সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি অনকোলজি বিভাগের প্রধান পরিচয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চিকিৎসা শুরু করেন জুবাইদা। পরিচয়ের আড়ালে তিনি অনলাইনে রেজিস্ট্রেশন করে পাঁচ তারকা হোটেল ও রেস্টুরেন্টে পেশাজীবী সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। সেখানে সবাই যখন ব্যস্ত, তখন তিনি তাদের মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ চুরি করে সটকে পড়তেন। গত ৩ মার্চ ঢাকা ক্লাবে এমনই এক সেমিনারে অংশ নিয়ে ডা. ফারহানা হকের মোবাইল ফোন, ব্যাগ ও গহনা চুরি করেন জুবাইদা। দামি জিনিসপত্র বিক্রি করে দিলেও ডা. ফারহানার হোয়াটসঅ্যাপ নম্বরটি স্থানান্তর করে নেন নিজের মোবাইলে। সেই থেকে ডা. ফারহানা সেজে ব্যবস্থাপত্র দিতে থাকেন রোগীদের। চুরি করায় পরিবার থেকে বিচ্ছিন্ন জুবাইদা।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর-রশীদ বলেন, জুবাইদা কর্মজীবী নারী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করতেন। নিয়মিত যাতায়াত ছিল ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, শুটিং ক্লাবসহ পাঁচ তারকা হোটেল-রেস্তোরাঁয়। বিলাসী জীবনযাপনে অভ্যস্ত জুবাইদা নিজেকে রাখতেন পরিপাটি। স্বামী সৌদি আরবে থাকলেও তার চুরি করা জিনিসপত্র বিক্রিতে সহায়তা করেন।