আন্তর্জাতিক ডেস্ক।।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে নিজে গায়ে আগুন দেওয়া মার্কিন সেনা অ্যারন বুশনেলের নামে ফিলিস্তিনে একটি সড়কের নামকরণ করা হয়েছে। অবরুদ্ধ পশ্চিম তীরের জেরিকো শহরে গত রবিবার এই সড়কের নাম ফলক উদ্বোধন করেন শহরের মেয়র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও সেই ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিবাদে নিজের গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেন মার্কিন বিমানবাহিনীর সেনা অ্যারন বুশনেল। মৃত্যুর আগে তিনি নিজের সব সঞ্চয় ফিলিস্তিনি শিশুদের সহায়তার জন্য দান করে গেছেন। এ ছাড়া তার ছাই স্বাধীন ফিলিস্তিনে সমাহিত হোক উইলে সেই কথাও জানিয়েছেন তিনি।
তার প্রতি সম্মান জানিয়ে জেরিকো শহরের এক সড়কে নামকরণ করা হয় অ্যারন বুশনেল স্ট্রিট। উদ্বোধনের সময় মেয়র আবদুল করিম সিদর বলেন, আমরা তাকে চিনতাম না, তিনিও আমাদের চিনতেন না। আমাদের মধ্যে কোনো সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক বন্ধন গড়ে ওঠেনি; কিন্তু একটি জায়গায় আমরা এক— সেটি হলো স্বাধীনতার প্রতি ভালবাসা এবং (গাজায়) হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া।’
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে কর্মরত ছিলেন ২৫ বছর বয়সী অ্যারন বুশনেল। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিবাদে গত ২৫ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দেন তিনি।











































