স্পোর্টস ডেস্ক
যে দল জিতবে, তারাই শীর্ষে উঠবে। এমন সমীকরণে মাঠে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্টে টেবিলের শীর্ষেই রইল আরেক দল আর্সেনাল।
রবিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যানসিটিকে আতিথেয়তা জানায় লিভারপুল। যেখানে জন স্টোন্স সিটিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন আলেক্সিস মাক আলিস্তের।
এর আগে গত নভেম্বরে দুই দলের প্রথম লেগের লড়াইটিও একই স্কোরলাইনে শেষ হয়েছিল।
এদিন ম্যাচের ২৩তম মিনিটে ধারার বিপরীতে এগিয়ে যায় ম্যানসিটি। কেভিন ডে ব্রুইনের দারুণ বুদ্ধিদীপ্ত কর্নারে ছয় গজ বক্সে বল পেয়ে টোকায় জালে পাঠান ইংলিশ ডিফেন্ডার স্টোন্স।
বিরতির পর দ্বিতীয় মিনিটেই চরম এক ভুল করে বসেন ডাচ ডিফেন্ডার আকে, গোলরক্ষকের উদ্দেশ্যে বাড়ান দুর্বল ব্যাকপাস। কাছেই থাকা নুনেস ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নেওয়ার পর তাকে ফাউল করেন এদেরসন। সুবর্ণ সুযোগ পেয়ে কোনো ভুল করেননি মাক আলিস্তের। বুলেট গতির স্পট কিকে সমতা টানেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
ওই ফাউল করতে গিয়েই পায়ে ব্যথা পান ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন। প্রাথমিক চিকিৎসা নিয়েও খেলা চালিয়ে যেতে পারেননি তিনি, উঠে যান কিছুক্ষণ পর।
আর্সেনাল ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে লিভারপুল। আর তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে পেপ গার্দিওলার সিটি।











































