Home Uncategorized কুষ্টিয়ায় ৪ কি.মি. এলাকাজুড়ে আগুন, চার হাজার একর পানবরজ পুড়ে ছাই

কুষ্টিয়ায় ৪ কি.মি. এলাকাজুড়ে আগুন, চার হাজার একর পানবরজ পুড়ে ছাই

90

 

মোঃ রেজাউর রহমান তনু, ভেড়ামারা ।।

কুষ্টিয়ার ভেড়ামারায় চার কিমি এলাকাজুড়ে আগুন, দুই হাজার পানবরজ পুড়ে ছাই পুড়ে ভুষিভূত পানবরজ। পাশে ক্ষতিগ্রস্তদের আহাজারি।

কুষ্টিয়ার ভেড়ামারায় চার কিলোমিটার এলাকাজুড়ে অগ্নিকাণ্ডে কয়েক হাজার বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দুই হাজারেরও বেশি পানচাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বরজের পাশাপাশি গমসহ অন্যান্য ফসল পুড়ে গেছে। এরমধ্যে কিছু বাড়িও রয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি ছাড়িয়ে যাবে বলে দাবি করছেন স্থানীয়রা।

রোববার (১০ মার্চ) দুপুরে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদী-তীরবর্তী রায়টা, মালিপাড়া, মাধবপুর, আরকান্দি, গোসাইপাড়া গ্রামের পানবরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ভেড়ামারা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে কুষ্টিয়া সদর থানা, মিরপুর উপজেলা ও ঈশ্বরদী উপজেলার ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে ফায়ার সার্ভিসের মোট বারোটি ইউনিট এসে প্রায়৫ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।

এ ঘটনার পর কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডু ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথর ঘাট এলাকার পানবরজ থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন গোসাইপাড়া, রায়টা, মাধবপুর, মালিপাড়াসহ আশপাশের গ্রাম পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনে দুই হাজারেরও বেশি পানচাষির কয়েক হাজার একর পানবরজ আগুনে ভস্মীভূত হয়।

স্থানীয় এমপি কামারুল আরিফিন বলেন ,ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটির উপরে।

বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পবন বলেন, অগ্নিকাণ্ডে পানচাষি ও আমার এলাকার মানুষের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। এ অঞ্চলের অর্থনীতি নির্ভর করে পানচাষের ওপর। এ ক্ষতি সহজে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন।

চুয়াডাঙ্গার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এখানে কাজ করি।

এলাকাবাসীর সূত্রে আমরা জানতে পেরেছি, আগুনে প্রায় ৪ হাজার বিঘার পান বরজ পুড়ে গেছে।প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা নিরূপণ করতে পারি নাই।”

ভেড়ামারা ইউএনও আকাশ কুমার কুন্ডু বলেন, অগ্নিকাণ্ডে যেসব চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চিহ্নিত করে সহায়তা দেওয়া হবে।

সন্ধ্যা ০৬ টার দিকে কুষ্টিয়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি ঘটনাস্থল পরিদর্শন করেন।