বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নের গোয়ালমাঠের পানির প্লান্টের ওপর নির্ভর করতে হচ্ছে ১০ গ্রামের মানুষের। শুষ্ক মৌসুমে পানির চাহিদা বেড়ে যাওয়ায় বিপাকে এখন সাধারণ মানুষ। প্লান্টটি সম্প্রসারণ করার কথা ভাবছে কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, শত শত ড্রাম ও কলস নিয়ে হাজারো নারী-পুরুষ সৌর শক্তিচালিত পন্ড স্যান্ড ফিল্টারের (পিএসএফ) সামনে। কেউ পানি নিচ্ছেন, কেউবা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষায়।
শোলারকোলা গ্রামের গৃহবধু মিতা রায় বলেন, এই পিএসএফ থেকে প্রায় ৮ বছর ধরে নিরাপদ পানি নিচ্ছি। তবে দিন দিন পানির চাহিদা বাড়ায় আমাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। দ্রুত প্লান্টটি আরো বড় করা দরকার।
স্থানীয় সাইনবোর্ড বাজার থেকে ভ্যানযোগে পানি নিতে আসা এখলাছ বলেন, খাল-বিল ও পুকুরে পানি না থাকা এবং লবনাক্ততার কারণে আমাদের এলাকার মানুষ খাবার পানির জন্য এই পিএসএফের পানির ওপর নির্ভরশীল। দিন যতোই যাচ্ছে, পানির সংকট ততই বাড়ছে। এতো মানুষের চাপে আমাদের পানি নিতে হিমশিম খেতে হয়।
কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া, বাধাল, বাগেরহাট সদরের বেমরতা, মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনয়নের অন্তত ১০ গ্রামের মানুষ গোয়ালমাঠের এই পানি প্লান্টের ওপর নির্ভরশীল।
পিএসএফ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. রাসেল গাজী বলেন, ২০১৬ সালে সৌর শক্তিচালিত পন্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) স্থাপন করা হয়। এরপর থেকে এলাকার তিনটি ইউনিয়নের অধিকাংশ মানুষ এখান থেকে পানি সংগ্রহ করেন। সৌর চালিত মোটরটি দুর্বল হওয়ায় উৎপাদন বৃদ্ধির জন্য কমিটির ব্যবস্থাপনায় বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পিএসএফে পানি ওঠানো হয়। প্রতিদিন প্রায় ১৬ হাজার লিটার পানি সরবরাহ করা হতো। এখন তা অনেকটা কমে গেছে।
‘আগামীতে যাতে অর্ধলক্ষ লিটার পানি সরবরাহের ব্যবস্থা করতে পারি এমন ব্যবস্থা নিচ্ছি আমরা,’ বলেন তিনি।











































