Home আঞ্চলিক কোটি টাকা ব্যয়েও স্রোতহীন-প্রাণহীন ভৈরব

কোটি টাকা ব্যয়েও স্রোতহীন-প্রাণহীন ভৈরব

51

যশোর অফিস
যশোরের ভৈরব নদ এখন যেন বদ্ধ জলাশয়। নদের কিছু এলাকায় ক্ষীণ ধারায় বাইছে স্রোত। তবে বেশির ভাগ এলাকা স্রোতহীন ও প্রাণহীন। নদের ওপর অপরিকল্পিতভাবে নির্মিত ৫২টি সেতু রেখে নদে নৌযান চলাচল ও নদের প্রবাহমানতা সৃষ্টির জন্য খননকাজ শেষ হয়েছে গত বছর জুনে। নদের পাড়ের মানুষ বলছেন, খননে কোটি কোটি টাকা ব্যয় করেও মৃত নদের যৌবন ফেরেনি।

প্রকল্পের উদ্দেশ্য ছিল ভৈরব নদের নাব্যতা বৃদ্ধির মাধ্যমে নৌ-যোগাযোগের উন্নয়ন, মাথাভাঙ্গা নদের সঙ্গে ভৈরব নদের সংযোগ স্থাপন, ভৈরব নদ ও পার্শ্ববর্তী খালসমূহ খননের মাধ্যমে নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, যশোর জেলার চৌগাছা, সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার ২২ হাজার হেক্টর এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং সেচ ব্যবস্থার সম্প্রসারণসহ ভৈরব নদ ও পার্শ্ববর্তী খালসমূহ খননের মাধ্যমে মৎস্য চাষের উন্নয়ন। কিন্তু সুফল মেলেনি। নদ ভরে আছে কচুরিপানায়।

যশোর শহরের বারান্দিপাড়া এলাকার মিজানুর রহমান বলেন, সরকারকে দেখাইছে, নদ ঠিকমতো কাটা হয়েছে। আসলে তা হয়নি। ভৈরব নদের মাঝখানে কাটেনি।

পানি উন্নয়ন বোর্ড যশোর কার্যালয়ের সূত্রমতে, ২৭২ কোটি ৮১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে পাঁচ বছরব্যাপী ‘ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের’ কাজ শুরু হয় ২০১৬ সালের ১ জুলাই। পরে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের ৩০ জুন করা হয়। প্রকল্পের টাকা বেড়ে হয় ২৭৯ কোটি ১২ লাখ ৭৫ হাজার। প্রকল্পের আওতায় যশোরের চৌগাছা উপজেলার তাহেরপুর থেকে সদর উপজেলার বসুন্দিয়া পর্যন্ত ৯২ কিলোমিটার নদ পুনঃখনন হয়েছে। এছাড়া বসুন্দিয়া থেকে আফ্রা ঘাট পর্যন্ত চার কিলোমিটার নদ ড্রেজিং করা হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় যশোর শহরের প্রাণকেন্দ্র ভৈরব নদের তীরে ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার এলাকা সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। কিন্তু নদের ওপর নির্মিত ৫২টি অপরিকল্পিত সেতু রয়েছে।

৭ মার্চ বৃহস্পতিবার শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় ‘দড়াটানা সেতু’র ওপর দাঁড়ালে দেখা যায়, ভৈরবের পাড়ে ২০০ মিটার এলাকা সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। এটুকুই যেন ভৈরবের সৌন্দর্য। এছাড়া যশোর শহর দিয়ে বয়ে যাওয়া ভৈরব যেন বদ্ধ জলাশয়। নদের তীরে গড়ে ওঠা ক্লিনিক-হাসপাতালের মেডিকেল বর্জ্য ও ভবনের শৌচাগারের মানববর্জ্য সরাসরি পাইপলাইনের মাধ্যমে ভৈরব নদে ফেলা হচ্ছে। এতে নদের পানি কালো কুচকুচে হয়ে পড়েছে। পানি দুর্গন্ধযুক্ত।

দড়াটানা ব্রিজের উপর দাঁড়িয়ে কথা হয় ফল বিক্রেতা মফিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, এতো টাকা খরচ করে কোনো লাভ হলো না। স্রোতই নেই, পানি কালো কুচকুচে। আগেও যেমন ছিলো এখনো তেমন।

খয়েরতলা বাজারে কথা হয় স্থানীয় বাসিন্দা শাহারুল ইসলাম ফারদিনের সঙ্গে। তিনি বলেন, নদ সংস্কার হলেও প্রাণ ফেরেনি। এখানে কোনো স্রোত নেই। নদটি এখন বদ্ধ জলাশয়। এখন নদে পাঁচ-ছয় ফুট পানি আছে।

খয়েরতলা এলাকা থেকে ক্যান্টনমেন্ট বাম পাশে রেখে সামনে এগিয়েছে ভৈরব। প্রায় পাঁচ কিলোমিটার এগিয়ে চুড়ামনকাটি এলাকা। এখানে কিছুটা ব্যবধানে নদের ওপর দুটি সেতু। একটি সেতু পুরোনো, অপরটি নতুন। পুরোনো সেতু ভেঙে সেখানে একটি নতুন সেতুর নির্মাণকাজ শুরু হবে।

যশোর সদরের ছাতিয়ানতলা থেকে নদের স্রোত ক্ষীণ হয়েছে। কিছুদূর এগিয়ে নিমতলা মোড়। সেখানে কচুরিপানা আটকে মাছ চাষ করা হচ্ছে। নিমতলা ছেড়ে সামনে দাইতলা। দাইতলায় স্রোত আরো ক্ষীণ হয়েছে। সেখান থেকে রূপদিয়া হয়ে ভৈরব গেছে রাজারহাটে। নদের এই অংশ ভরে আছে কচুরিপানায়। রাজারহাট এলাকায় পুরোনো একটি সেতু ছিল। সেটি ভেঙে ফেলা হয়েছে। সেখানে নতুন সেতু নির্মাণের প্রস্তুতি চলছে। লোকজনের চলাচলের জন্য নদের দুই পাশ মাটি দিয়ে বেঁধে মাঝখানে একটি বেইলি সেতু নির্মাণ করা হয়েছে। এখানে নদে পানি কালো ও দুর্গন্ধযুক্ত।
ভৈরব নদের পাড়ে বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইকবাল আনোয়ারের (৪২)। তিনি বলেন, নদের দুই পাশে পানি বেশি, মাঝখানে কম। খননের সময় সেতুর পাশের মাটি কাটা হয়নি। খননের আগে আফ্রা ঘাট থেকে ছাতিয়ানতলা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র জোয়ার উঠতো। এখনো জোয়ার ওঠে। তবে জোয়ারের গতি বেশ কম।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, সঠিকভাবে ভৈরব নদ খনন করা হয়েছে। কিন্তু নদের ওপর নির্মিত অপ্রশস্ত ৫২টি সেতুর কারণে নদে জোয়ার আসছে না। সরু সেতুসমূহ দ্রুত সম্প্রসারণে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি দিয়েছিল পাউবো। ওই চিঠিতে বলা আছে, ভৈরব নদের ওপর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইড) ২৩টি, ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের ১৯টি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) তিনটি, সড়ক ও জনপথের (সওজ) পাঁচটি, বাংলাদেশ রেলওয়ে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের একটি করে সরু সেতু রয়েছে। ভৈরব নদের তাহেরপুর থেকে আফ্রাঘাট পর্যন্ত ৯৬ কিলোমিটার নদ পুনঃখনন সম্পন্ন হয়েছে। এরমধ্যে নদে জোয়ার ভাটা চালু হয়েছে। কিন্তু ভৈরব নদের উপর সরু সেতু থাকায় নৌ-যোগাযোগ স্থাপনসহ জোয়ার ভাটা প্রবাহ নির্বিঘ্নে করা সম্ভব হচ্ছে না। পানি প্রবাহ নির্বিঘ্ন করার স্বার্থে আপনার দফতর হতে নির্মিত সরু সেতু সম্প্রসারণ করা আবশ্যক।

ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ভৈরব সংস্কারে সরকার টাকা খরচ করলেও নাগরিকরা সুফল পাচ্ছেন না। বর্তমান পরিস্থিতির জন্য পানি উন্নয়ন বোর্ডের অদূরদর্শিতা ও স্বচ্ছতার অভাব দায়ী। আমাদের দাবি ছিল, নৌ-চলাচল করার উপযোগী করে ভৈরব নদ খনন করতে হবে। এছাড়া নদের উপরে থাকা অপরিকল্পিত ৫২টি সেতু নৌ-চলাচলের উপযোগী করে সংস্কার করতে হবে। চুয়াডাঙ্গার দর্শনায় মাথাভাঙ্গার সঙ্গে ভৈরব নদের সংযোগ দিতে হবে। কিন্তু তা না করে নদীতট আইন উপেক্ষা করে যেনতেনভাবে নদের খননকাজ শেষ করা হয়েছে। দাবি আদায়ে আন্দোলন অব্যাহত আছে।