কয়রা (খুলনা)প্রতিনিধি
রহিম শেখের (ছদ্মনাম) দুটি মাহেন্দ্র ছিল। ভাড়া দিয়ে মাসে আয় হতো ৪০ হাজার টাকা। নিজেও ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে মাসে আরও ১৫ হাজার টাকা আয় করতেন। এ টাকা দিয়ে সংসার খরচ চালিয়েও দু-এক বিঘা জমিও কিনেছিলেন। কিন্তু মোবাইল জুয়ায় জড়িয়ে এক বছরে সর্বস্বান্ত হয়েছেন। মাস তিনেক আগে এলাকা ছেড়ে শহরে রিকশা চালাচ্ছেন বলে তার পরিবার জানিয়েছে।
স্থানীয় বাজারে চায়ের দোকান ছিল আব্দুল জব্বারের (ছদ্মনাম)। ভালোই চলছিল সংসার। হঠাৎ করেই ঋণে জর্জরিত হয়ে পড়েন। দোকান বিক্রি করে তিনিও এলাকা ছাড়া হয়েছেন। বাজারের ব্যবসায়ীরা জানান, অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হয়েছিলেন আব্দুল বারি। ঋণের চাপে শেষমেশ এলাকা ছাড়তে হয়েছে তাঁকে। কবিরাজ গাইন ও আব্দুল বারির মতো খুলনার কয়রা উপজেলার কালনা গ্রামের শতাধিক মানুষ এক বছরে মোবাইল জুয়ায় আক্রান্ত হয়ে এলাকা
ছাড়া হয়েছেন। কেউ কেউ জড়িয়ে পড়ছেন অপরাধমূলক কর্মকাণ্ডে। অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সম্প্রতি পাইকগাছার কালুয়া গ্রামের নাজমুল সরদার নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। জুয়ার ছোবল থেকে বাদ যায়নি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা শাখার সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম বলেন, জুয়ায় সর্বশান্ত হয়ে শতাধিক পরিবারের কেউ না কেউ গ্রামছাড়া। এতকিছুর পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নেই। তবে অপরাধ দমনে সুনির্দিষ্ট আইন না থাকায় জড়িতদের আটক করলেও কঠোর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, দাবি কয়রা থানার ওসি মো. মিজানুর রহমানের।
কালনা, ফুলতলা, অন্তাবুনিয়া, আমাদি বাজারে ঘর ভাড়া নিয়ে খেলা চলছে। সাইট পরিচালিত হয় রাশিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে। ৪০ জনের মতো সাব-এজেন্ট বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে লিঙ্ক ছড়িয়ে দেয় আগ্রহীদের মধ্যে। সর্বনিম্ন ১০ টাকা দিয়ে খেলা শুরু হয়। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেন হয়। সাব-এজেন্টরা বিদেশি অ্যাপস পরিচালনাকারীদের কাছ থেকে হাজারে কমপক্ষে ৪০ টাকা কমিশন পান। এ এলাকায় মূল এজেন্ট হলেন পাইকগাছার গজালিয়া গ্রামের আরাফত হোসেন স্বপ্নিল। তাঁর মাধ্যমেই প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকা পাচার হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনের ‘নলেজে’ আছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এজেন্ট।
মহেশ্বরীপুর ইউনিয়নের এক নারী জানান, তাঁর স্বামী অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঘরের জিনিসপত্র বিক্রি করতেন। প্রতিবাদ করলে মারধর করতেন। নির্যাতন সইতে না পেরে তিনি বাপের বাড়ি চলে এসেছেন।
এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ছেলে কলেজে পড়ালেখা করে। সে জুয়ায় আসক্ত। এ কারণে পড়ালেখায় মন নেই। কৌশলে টাকা নিয়ে খেলে। কোনোভাবেই বিরত রাখা যাচ্ছে না। ছেলের ভবিষ্যৎ নিয়ে এখন তিনি শঙ্কিত।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম তারিকুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে ওসির সঙ্গে কথা বলেছি। জড়িতদের কীভাবে আইনের আওতায় আনা যায়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও দিকনির্দেশনা চাওয়া হয়েছে।











































