Home খেলাধুলা বাজবলের পেছনে লুকিয়ে লাভ নেই: নাসের হুসেইন

বাজবলের পেছনে লুকিয়ে লাভ নেই: নাসের হুসেইন

69

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু করলেও টানা তিন ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে ইংলিশ বাহিনী। এরপর থেকেই তাদের ক্রিকেটীয় মেজাজ ‘বাজবল’ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিসিসিআই সভাপতির পর এবার তাদের একহাত নিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন।

ধর্মশালায় সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতের বিপক্ষে লড়ছে ইংল্যান্ড। যেখানে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে আড়াইশো রানের আগেই গুটিয়ে যায় তারা। জবাবে রোহিত শর্মা ও শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে কোণঠাসা হয়ে পড়েছে সফরকারীরা। যদি এই টেস্টও হারে ইংল্যান্ড, তাহলে ৪-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জা পাবে ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা।

এদিকে ধর্মশালা টেস্ট জয় ইংল্যান্ডের জন্য হতে পারত সান্ত্বনার। স্টোকস যেমন বলেছিলেন, ৪-১-এর চেয়ে ৩-২ ভালো শোনায়। কিন্তু শেষের শুরুটাও ভালো হয়নি ইংলিশদের। তাতে জয়ের দৌড় থেকে অনেকটা ছিটকে গেছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসেরের মতে, ‘আপনি যে কোচ বা অধিনায়কের অধীনে খেলুন না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি কিন্তু তারা বলবে না। এটি বলবে আপনার নিজের মস্তিষ্কের ভেতরের আওয়াজটা। নিজের চিন্তাভাবনার প্রক্রিয়া। আশা করা যায়, এ সফরের শেষে সবাই বুঝবে বাজবলের পেছনে লুকিয়ে লাভ নেই। নিজেদের খেলার উন্নতি করতে হবে।’

এ সফরে একাধিকবার সুযোগ হারিয়েছে বলেও মনে করেন নাসের, ‘শেষ দুই ম্যাচে অবশ্যই সুযোগ হারিয়েছে। তাদের জেতার সুযোগ ছিল।’ এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ টপকে তাদেরই বড় লক্ষ্য দিচ্ছে ভারত। এখন পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৪৩৩ রান করেছে স্বাগতিকরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২১৮ রানেই গুটিয়ে যায় বেন স্টোকসের দল।