Home জাতীয় সোনালি সহ ১২ নারী পাচ্ছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল সম্মাননা

সোনালি সহ ১২ নারী পাচ্ছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল সম্মাননা

211
সোনালি সেন, সাবিলা নূর ও জান্নাতে রোম্মান তিথি

 

ঢাকা অফিস।।

‘প্রগতির পথে নারী’ স্লোগানে সম্মাননা-২০২৪ দিচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সমাজের ১২ জন আলোকিত নারীকে এই সম্মাননা দেয়া হবে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে হা-মীম গ্রুপ, চ্যানেল 24 ও দৈনিক সমকাল। শনিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর তেজগাঁও হা-মীম গ্রুপের ব্যানকুয়েট হলে সম্মাননা দেয়া হবে।

এবার সম্মাননা পাচ্ছেন আইনসেবা বিভাগে সুপ্রিম কোর্টের আইনজীবী মিতি সানজানা, সংগীত বিভাগে (রবীন্দ্রসংগীত) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর অণিমা রায়, নজরুল সংগীতে শিল্পী জান্নাতে রোম্মান তিথি, শিক্ষাবিদ বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান, শিক্ষা সম্প্রসারণে উত্তরা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা এবং চিকিৎসাসেবায় স্ত্রী-রোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ব্রি. জে. অধ্যাপক ডাক্তার আঞ্জুমান আরা বেগম।

প্রশাসন বিভাগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহিনা খাতুন, আইনশৃঙ্খলায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালি সেন, অভিনয়ে অভিনেত্রী সাবিলা নূর, গণমাধ্যমে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আকতার মালা, করপোরেট সেক্টরে নেসলে বাংলাদেশ পিএলসির রেগুলেটরি অ্যান্ড সাইন্টিফিক অ্যাফেয়ার্সের বিভাগীয় প্রধান রেবেকা শারমিন এবং স্থাপত্যবিদ্যায় আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল এশিয়া (আর্কেশিয়া)-এর আর্কেশিয়া কমিটি অন সোশ্যাল রেস্পন্সিবলিটির চেয়ারপারসন ফারহানা শারমিন ইমু।

এছাড়া হা-মীম গ্রুপের পক্ষ থেকেও চার কর্মীকে সম্মাননা জানানো হবে। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‘প্রগতির পথে নারী’ স্লোগানে নারীদের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন শ্রেণির নেতৃস্থানীয় ব্যক্তি, গণমাধ্যমকর্মী, চিকিৎসক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং হা-মীম গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ব্যক্তি মালিকানাধীন হলেও সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি নারী সম্মাননা, গরবিনী মা সম্মাননা, শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ত রয়েছে এটি।