Home আঞ্চলিক মোরেলগঞ্জে স্লুইসগেটে ফাটল: ৮ বছর ধরে জলকপাট অকেজো

মোরেলগঞ্জে স্লুইসগেটে ফাটল: ৮ বছর ধরে জলকপাট অকেজো

45

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে সোলমবাড়িয়া স্লুইসগেটের লিড গেটটি গত ৮ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে থাকায় পানি ওঠানামায় মূলফটকটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী। হঠাৎ করে জলকপাটের তলদেশে ফাটল দেখা দেয়ায় লবণ পানি প্রবেশ আতঙ্কে ৫ ইউনিয়নের হাজারো কৃষক।

সরজমিন দেখা গেছে, উপজেলা সোলমবাড়িয়ার বিষখালী ও পানগুছি নদীর মোহনার স্লুইসগেটটির একটি অংশের তলদেশে গত দু’দিন আগে ফাটল দেখা দেয়। এতে পানগুছির লবণ পানি বিষখালী খালে প্রবেশের আতঙ্কে পড়েছে খালের দু’পারের ৩-৪ হাজার কৃষক পরিবার। এ ঘটনার পরপরই জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মাদ আল বিরুনীসহ একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে ফাটলকৃত স্থানে অস্থায়ীভিত্তিতে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

কৃষকরা জানান, জলকপাটের মূল ফটকটি দীর্ঘদিন অকেজো থাকার কারণে পানি ওঠানামা করানো যাচ্ছে না। পূর্ণিমার জোয়ারের সময় পানি বৃদ্ধির কারণে মূল কপাট উপচে পড়ে লবণ পানি ভেতরে প্রবেশ করছে। ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান ও ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ বিষয়ে উপজেলা মাসিক সভায় উত্তোলনসহ একাধিকবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বর্তমানে বিষখালী খাল চলমান পুনঃখননের কাজের কারণে ঝগড়ার খালের স্থানে বাঁধ দেয়া রয়েছে। এজন্য আপাতত লবণ পানি প্রবেশ করতে পারছে না।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মাদ আল বিরুনী বলেন, সোলমবাড়িয়া স্লুইসগেটের ফাটল সরজমিন দেখে অস্থায়ীভিত্তিতে জিওব্যাগের মাধ্যমে ডাম্পিং করে মেরামত করা হচ্ছে। লিড গেট ও বোর্ড পার্কগুলো মেরামতের জন্য ঢাকা থেকে কারিগরি এক্সপার্ট এনে মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা অতিদ্রুত গ্রহণ করা হবে।