স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে হারলেও টাইগার ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন শ্রীলংকান অধিনায়ক চারিথ আসালঙ্কা।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৬৫ রান করে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় শ্রীলংকা।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে শ্রীলংকার অন্তর্বর্তীকালীন অধিনায়ক দলটির তারকা ব্যাটসম্যান চারিথ আসালঙ্কা বলেন, ম্যাচ জিততে হলে আমাদের ব্যাটসম্যানদের আরও বেশি রান করতে হবে। কন্ডিশন অনুসারে আমাদের খেলতে হবে। এ কন্ডিশনে বোলারদের বোলিং করা খুবই কঠিন।
গত নভেম্বরে ভারত বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচেই ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টাইমড আউট হন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। চলতি সিরিজে তার অন্তর্ভুক্তি নিয়ে আসালঙ্কা বলেন, সে এখন একজন অভিজ্ঞ এবং সে দলের জন্য সেরাটা উজাড় করে দেয়।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ায় আসালঙ্কা বলেন, আজকের খেলায় বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। তাদের ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছে। বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস অসাধারণ ব্যাটিং করেছে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও ২০৭ রান তাড়ায় ৩ রানে হারে।
আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ১৬৫ রানে থামিয়ে ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে ৩৪ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।











































