বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যগণের শ্রদ্ধা
গোলাম রব্বানী, গোপালগঞ্জ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্যগন। বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, নরসিংদী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, গোপালগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাজমা আক্তারসহ ৪৫ জন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে কোভিড মহামারীতেও দেশের অর্থনীতি ছিল স্থিতিশীল : জবি উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
‘বাংলাদেশে কোভিড-পরবর্তী চ্যালেঞ্জ এবং সামনের দিকে এগিয়ে যাওয়া: স্বাস্থ্য, সমতা এবং উন্নয়নের মাধ্যমে সামাজিক ন্যায়বিচারের অগ্রগতি’ শীর্ষক এক জাতীয় সেমিনার ০৬ মার্চ (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সামাজিক বিজ্ঞান স্কুল আয়োজিত এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিম।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারী এমন একটি বিপর্যয় যা আমাদের জীবনযাত্রাকে থমকে দেওয়ার পাশাপাশি বিশ্ব মানবতাকে নাড়া দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে যখন আমরা উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই মহামারীটি বাংলাদেশে মারাত্মকভাবে আঘাত হানে। ওই সময়ের কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আমরা লড়াই করেছি। প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন সংগ্রহ ও প্রদান করা হয়েছিল। মহামারীর ওই সময়ে ক্ষুধার কারণে বাংলাদেশে একটিও প্রাণ হারায়নি। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির চাকা ছিল স্থিতিশীল।
তিনি আরও বলেন, ন্যায্যতা এবং সামাজিক ন্যায়বিচারের প্রশ্নটি সর্বদা উন্নয়ন ও টেকসই উন্নয়নের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। যে কোনো ধরনের উন্নয়নই অর্থহীন হয়ে পড়ে, যদি তার ফল সমাজের সকল সম্প্রদায়ের কাছে সহজলভ্য না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। কোডিভ মহামারী আনুষ্ঠানিকভাবে এক বছরেরও বেশি সময় ধরে চলার সাথে সাথে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কোভিড-পরবর্তী পরিস্থিতিতে সামনে থাকা চ্যালেঞ্জগুলোকে মূল্যায়ন করা। এর প্রধান ফোকাসের একটিতে রয়েছে- সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা।
জবি উপাচার্য তাঁর বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গবেষণার গুণগত মানোন্নয়নের প্রশংসা করেন। একই সাথে সামাজিক বিজ্ঞান স্কুল এমন একটি সমসাময়িক এবং সমাজতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় সেমিনার আয়োজন করায় আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে সর্বদা জ্ঞানচর্চা ও জ্ঞানের বিকাশ অব্যাহত রয়েছে। এখন আমরা বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছি। তিনি আরও বলেন, কোভিড আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিলেও অনেক কিছু দিয়েছি। বিশেষ করে ভ্যাক্সিনেশন, ইকোনমি ডেভেলপমেন্ট, ই-কমার্স, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, ডিজিটাল ট্রান্সফরমেশন, রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস্ উল্লেখযোগ্য। কোভিড-পরবর্তী পরিস্থিতি নিয়ে এমন একটি সেমিনার সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ সেমিনারের দুই রিসোর্স পারসন এবং দেশি-বিদেশি ডেলিগেটদের উপস্থিতি অংশগ্রহণকারী তরুণ গবেষকদের অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর উপ-উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোকাদ্দেম হোসেন। তিনি বলেন, বাংলাদেশ ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সেবা প্রদানে বিষ্ময়কর সাফল্য পেয়েছে। এখন আমরা স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছি। স্মার্ট বাংলাদেশে পরিণত হতে আমাদের যা প্রয়োজন; ড্রোন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস, মেশিন লার্নিং এসব কিছু এখন চোখের সামনে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নেতৃত্বে শিক্ষা ও গবেষণার উন্নতির প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন ও সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান। এ সময় আরও বক্তৃতা করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন সেমিনার আয়োজক কমিটির সদস্য সচিব ও অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খান মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. সঞ্জয় কুমার চন্দ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফারজানা তাসনিম পিংকি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী দেশ-বিদেশের শিক্ষক-গবেষকরা উপস্থিত ছিলেন। সেমিনারে ‘বাংলাদেশে কোভিড-পরবর্তী চ্যালেঞ্জ এবং সামনের দিকে এগিয়ে যাওয়া: স্বাস্থ্য, সমতা এবং উন্নয়নের মাধ্যমে সামাজিক ন্যায়বিচারের অগ্রগতি’ বিষয়ে ৬১টি গবেষণা নিবন্ধ নিয়ে প্রকাশিত গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করা হয়। এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সেমিনার শুরু হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে আয়োজক কমিটির পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিম ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর উপ-উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোকাদ্দেম হোসেন।
শিক্ষা-গবেষণায় খুবি ও জবি’র মধ্যে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মোচন
খবর বিজ্ঞপ্তি
যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রমে কাজ করার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ০৬ মার্চ (বুধবার) সকাল ৯.৩০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে এ এমওইউ স্বাক্ষরিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান এমওইউতে স্বাক্ষর করেন। এমওইউ স্বাক্ষর শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সাদেকা হালিম এর উপস্থিতিতে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, ড. সাদেকা হালিমের মতো একজন প্রথিতযশা সমাজবিজ্ঞানীর নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। স্বাক্ষরিত এই এমওইউ’র মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণার দ্বার উন্মোচন এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হলো।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সাদেকা হালিম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গবেষণার গুণগত মানোন্নয়ন হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর অধীনে খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণা অনুদান বাড়ানোর জন্য দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বেশকিছু এমওইউ স্বাক্ষর করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতেও অনুদান দেওয়া হচ্ছে। এই উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয়।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খান, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুল জব্বার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্বরত ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীর আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত এমওইউতে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অফিসিয়াল স্টাফদের মধ্যে যৌথ গবেষণা, প্রকাশনা এবং প্রাতিষ্ঠানিক বিনিময় কার্যক্রম, জনশক্তি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর ও কম সুবিধাপ্রাপ্ত জাতিগত সম্প্রদায়ের উন্নয়ন ইত্যাদির উপর বিশেষ জোর দিয়ে বৈজ্ঞানিক, ব্যবসায়িক, মানবিক এবং সামাজিক বিষয়গুলোতে যৌথভাবে শিক্ষা ও গবেষণার কাজ করা, একাডেমিক ও গবেষণা সুবিধার পাশাপাশি অবকাঠামো বৃদ্ধির জন্য সহায়তা প্রদান, সম্ভাব্য পারস্পরিক একাডেমিক ও গবেষণার সুযোগ এবং আগ্রহের আরও ক্ষেত্র সনাক্তকরণ, উভয় বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করা, একাডেমিক ও গবেষণা বিষয়ক যৌথ সেমিনার, সিম্পোজিয়া, সম্মেলন, সংক্ষিপ্ত কোর্স এবং মিটিংয়ের আয়োজন, শিক্ষণ-শেখানো এবং গবেষণা কার্যক্রমের উন্নয়ন সম্পর্কিত তথ্য বিনিময়সহ বিভিন্ন সময় উভয় পক্ষের দ্বারা সম্মত অন্য কোনো ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ে এলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সাদেকা হালিমকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন।
ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
আজ ৭ই মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস। এ উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, ৯টা ১০ মিনিটে র্যালি সহকারে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এ পুষ্পস্তবক অর্পণ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদীপ প্রজ্বালন। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক বেবী সুলতানার বিদায় সংবর্ধনা আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক সহযোগী অধ্যাপক বেবী সুলতানা’র বর্ণাঢ্য কর্মজীবন সফলভাবে সম্পন্ন করায় আজ ৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় চারুকলা স্কুলের আঙিনায় ‘উত্তরণ যাত্রা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান রকিব হাসান ও ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান মো. আমিনুল ইসলাম। সভাপতিত্ব করবেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস। এছাড়া এ উপলক্ষ্যে বিকাল ৪টায় ডিসিপ্লিনের অ্যালামনাইদের অংশগ্রহণে চিত্রপ্রদর্শনী ‘অনিন্দ্য প্রাক্তণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাসহ খুলনার ন্যায়সঙ্গত দাবিতে উন্নয়ন কমিটির মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ, বিমান বন্দর নির্মাণের স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নির্মাণ কাজ শুরু, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠাসহ আসন্ন বর্ষা মৌসুমের পূর্বে নগরীর ড্রেনেজ, পয়ঃ নিষ্কাশন ও ওয়াসার কার্যক্রম সম্পন্ন করা, মশক নিধনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্য প্রয়োজীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে ৬ মার্চ বুধবার নগরীর পিকচার প্যালেস মোড়ে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান এর সভাপতিত্বে, মহাসচিব শেখ মোহাম্মাদ আলী, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ এর পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে দলমত নির্বিশেষে খুলনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা খুলনার শহর রক্ষা বাঁধসহ (ভৈরব ও রূপসা) নদীর তীরবর্তী রিভার ভিউ রোড ও পার্ক নির্মাণ, কে,ডি,এ কর্তৃক নির্মাণাধীন রূপসা বাইপাস সড়ক, থ্রি লিংক রোড প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন, খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত আধুনিক পাবলিক হল নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন, খুলনা-যশোর রোড ৬ লেনে উন্নীত, খুলনা শেখ আবু নাসের বিভাগীয় ষ্টেডিয়ামটি সংষ্কার করে স্থানীয় ও আন্তজার্তিক মানের খেলার উপযোগী করা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটি আধুনিকায়নসহ ২০০০ (দুই হাজার) বেডে উন্নীতকরণ ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালটিতে পূর্বের পরিকল্পনা অনুযায়ী পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা চালু, পদ্মা সেতু পরবর্তী বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনাকে পরিকল্পিত নগরায়নের স্বার্থে মহাপরিকল্পনা গ্রহণ ও খুলনা সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি, খুলনার বন্ধ মিল-কলকারখানাগুলো সরকারী ও বেসরকারী উদ্যোগে দ্রুত চালু, রূপসা, ভৈরব, শৈলমারী, ময়ূর নদসহ খুলনা’র পাশ্ববর্তী নদীসমূহ ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্যতা রক্ষা ও পানি প্রবাহ নিশ্চিত করা, খুলনা টেক্সটাইল মিলের অ-ব্যবহৃত জমি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ব্যবহার উপযোগী করা এবং পাশ্ববর্তী বয়রা মেইন রোড সম্প্রসারণ, খুলনায় পূর্নাঙ্গ টেলিভিশন কেন্দ্র চালু এবং খুলনা বিভাগীয় শহরে বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা, মেরিন একাডেমী ও ক্যাডেট কলেজ স্থাপন করার জোর দাবী জানান। মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন: আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, শেখ ফারুক হাসান হিটলু, বিএনপি’র জেলা ১নং যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু, জাতীয় পার্টির নেতা এ্যাড. মহানন্দ সরকার, অধ্যাপক মোঃ গাউসুল আজম, শাহ্ লায়েক উল্লাহ, আব্দুল আল মামুন, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, ওয়ার্কাস পার্টির নেতা শেখ মফিদুল ইসলাম, দেলোয়ার রহমান দিলু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, সাবেক সভাপতি, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, এ্যাড. বাবুল হাওলাদার, সিলভি হারুণ, এ্যাড. আ.ফ.ম. মহসীন, মাহাবুবুর রহমান খোকন, রসু আক্তার, নুরুজ্জামান খান বাচ্চু, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, যুব বিষয়ক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, বিশ্বাস জাফর আলী, মোঃ ইদ্রিস আলী খান শেখ আবুল কাশেম, সরদার আবু তাহের, আয়কর বারের সাবেক সভাপতি এ্যাড. শেখ আমিনুর রহমান, সুজয় সাহা, গোপাল সাহা, লোকমান হাকিম মোঃ আনিসুজ্জামান, মোস্তফা শরিফুল ইসলাম, সৈয়দ আলী হাকিম, শাহ্ মোঃ ওয়াহিদুজ্জামান, আজিম উর রহমান মুরাদ, সরদার আশিক, হেদায়েত হোসেন হিমু, সালমা জাহান মনি. ঝর্ণা আক্তার, এস.এ হাফিজ ও প্রমিতি দফাদার প্রমুখ।¬
রামপালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের মাঝে ঢেউটিন নগদ অর্থ বিতরণ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের মাঝে সরকারিভাবে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের চত্বরে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে ও রামপাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন হাবিবুন নাহার এমপি। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, ওসি সোমেন দাশ, অধ্যক্ষ মজনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, লায়লা সুলতানা প্রমুখ।
রামপালে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের হাবিবুন নাহার এমপি। ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামপালের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। এর পূর্বে
রামপাল কৃষি অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
উপজেলার সবুজ চত্বরের মঞ্চে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাবিবুন নাহার এমপি, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, ওসি সোমেন দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, অধ্যক্ষ মজনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।#
চুয়াডাঙ্গায় শিক্ষকসহ দুজনের অনাড়ম্বর বিদায় সংবর্ধনা প্রদান
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অফিস সহকারীর অনাড়ম্বর বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নওশাদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদেরের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল মান্নান পিল্টু ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল,পিটিএ কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ।
বিদায় অনুষ্ঠানের আলোচনা শেষে এক অনাড়ম্বর সংবর্ধনা উপহার সামগ্রী প্রদান করা হয় বিদায়ী সহকারী প্রধান শিক্ষক মো.আব্দুল হাকিম ও অফিস সহকারী মো.আবুল কালামকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ অহিদুল হক স্বপন।এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, আমন্ত্রিত অতিথি বৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‘এখন আর কেউ বাবাকে গ্রেফতার করতে চাইবে না’
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা কারাগারে থাকা মো. সেলিম শেখ (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে তার মেয়ে বলেন, এখন আর কেউ বাবাকে গ্রেফতার করতে চাইবে না।
হাজতি মো. সেলিম শেখ মোরেলগঞ্জ উপজেলার কাঁঠালতলি এলাকার মো. হাসেম আলী শেখের ছেলে। তার নামে একাধিক মাদক মামলা ছিল। গেল ২৮ ফেব্রুয়ারি থেকে মাদক মামলায় বাগেরহাট কারাগারে ছিলেন তিনি।
সেলিম শেখের মেয়ে লাকি আক্তার বলেন, বাবা দুই বছর ধরে চট্টগ্রাম ছিলেন। মাসখানেক হয় বাড়িতে এসেছেন। মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ বাবাকে আটক করে। ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগার থেকে আমাদের জানিয়েছে— হার্টঅ্যাটাক করেছিল, তাতেই বাবার মৃত্যু হয়েছে। এখন আর কেউ বাবাকে গ্রেফতার করতে চাইবে না।
বাগেরহাট জেলা কারাগারের জেলার মো. আব্দুল্লাহেল আল আমিন বলেন, মাদক মালায় কারাগারে সেলিম শেখ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তার স্বজনদের জানানো হয়েছে। তারা হাসপাতালে এসেছেন। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
তবে মো. সেলিম শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এমএম ফয়সাল ইসলাম স্বর্ণ।
সাতক্ষীরায় সূর্যমুখী চাষে ব্যাপক সম্ভাবনা
সাতক্ষীরা প্রতিনিধি
উপকূলীয় জেলা সাতক্ষীরায় সূর্যমুখী চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে। স্বল্প সময়ের তেলজাতীয় ফসল সূর্যমুখী উৎপাদন করে কৃষক লাভবান হতে পারে। আর এ লক্ষে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে এ অঞ্চলে জলাবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প গ্রহণ করেছে কৃষি বিভাগ। এই প্রকল্পের অধিনে জেলার প্রান্তিক পর্যায়ের কৃষকদের দেওয়া হচ্ছে বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও সার।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি রবি মৌসুমে সাতক্ষীরার সাতটি উপজেলায় ১৩৮ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। এর মধ্যে, সাতক্ষীরা সদর উপজেলায় ১২ হেক্টর, কলারোয়ায় উপজেলায় ৪৫ হেক্টর, তালা উপজেলায় ২০ হেক্টর, দেবহাটা উপজেলায় ১১ হেক্টর, কালিগঞ্জ উপজেলায় ১৬ হেক্টর, আশাশুনি উপজেলায় ১৭ হেক্টর ও শ্যামনগর উপজেলায় ১৭ হেক্টর। তবে গেল বছর জেলায় এ ফসলটি চাষ হয়েছিল ১৪৯ হেক্টর জমিতে।
সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের প্রান্তিক কৃষক ওলিউর রহমান জানান, চলতি রবি মৌসুমে এক বিঘা জমিতে হাইসান জাতের সূর্যমুখী চাষ করেছেন। ক্ষেতের অধিকাংশ গাছেই ফুল খুবই বড় বড় হয়েছে। কিছুদিনের মধ্যে সূর্যমুখী ভাঙ্গতে পারবেন তিনি। এর আগে, প্রণোদনা হিসেবে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ ও সার সংগ্রহ করেন।
গত মৌসুমে একই পরিমাণ জমিতে সূর্যমুখী চাষ করে ১৮ হাজার টাকা লাভ হয় ওলিউরের। আগামীতে প্রণোদনার পাশাপাশি নিজে আরও বেশি পরিমাণ জমিতে সূর্যমুখী চাষ করবেন তিনি।
পার্শবর্তী লাবসা এলাকার শহিদুল ইসলাম জানান, পরীক্ষামুলকভাবে দেড় বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন। গাছে সূর্যমুখী ফুলের যে ধরন দেখা যাচ্ছে, তাতে ৮ থেকে ১০ মণ পর্যন্ত উৎপাদন হতে পারে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) সাতক্ষীরা বিনেরপোতাস্থ কার্যলয়ের দায়িত্বরত উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিমুল মণ্ডল বলেন, উপকূলীয় অঞ্চলের জন্য সূর্যমুখী খুবই লাভজনক ও সম্ভাবনাময় একটি ফসল। কারণ এটি মাটির লবণাক্ততা সহ্য করতে পারে। বারি বা হাইসান জাতের সূর্যমুখী চাষ করে সাতক্ষীরা অঞ্চলের কৃষক লাভবান হতে পারে।
তিনি বলেন, লবণাক্ত এলাকায় সূর্যমুখী হেক্টর প্রতি সাড়ে ৩-৪ টন পর্যন্ত উৎপাদন করা সম্ভব। তবে কিছু সমস্যাও রয়েছে। যেমন- সূর্যমুখী ফুল বড় হলে টিয়া পাখির উৎপাত বেড়ে যায়। কিন্তু নেট দিয়ে চাষ করতে পারলে পাখির উৎপাত থেকে রক্ষা পাওয়া যায়। তাছাড়া সূর্যমুখী থেকে তেল তৈরিতেও কিছু প্রযুক্তিগত জটিলতা রয়েছে। সূর্যমুখী থেকে বিশুদ্ধ তেল উৎপাদন করতে যে প্রযুক্তির দরকার, তা সাতক্ষীরায় নেই। যে কারণে কৃষকরা ফল ভেঙ্গেই বিক্রি করে দেন। এতে তাদের লাভের পরিমাণটা কমে যায়।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, সূর্যমুখী চাষে ব্যাপক সম্ভবনাময় সাতক্ষীরা জেলা। স্বল্প সময়ে বেশি লাভজনক ফসল এটি। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে তেলজাতীয় ফসল সূর্যমুখী উৎপাদন বাড়াতে কৃষককে প্রণোদনা দেওয়া হচ্ছে। বিশেষ করে উপকুলীয় এলাকার পতিত জমিতে এটি চাষ করে লাভবান হতে পারবে কষৃক। তাছাড়া আমাদের দেশে ভোজ্য তেলের ব্যাপক চাহিদা রয়েছে।
তিনি আরও বলেন, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে সাতক্ষীরা অঞ্চলে জলাবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অধিনে জেলায় ১ হাজার ৫০ জন প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসেবে বিনামূল্যে সূর্যমুখী বীজ ও সার দেওয়া হয়েছে। জনপ্রতি কৃষক এক বিঘা পরিমাণ জমিতে সূর্যমুখী চাষ করতে পারবে।
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হার্ডিঞ্জ ব্রিজ
খুলনাঞ্চল রিপোর্ট
বিৃটিশ শাসন আমলে ভারতবর্ষে রেলপথ নির্মাণের সময় পদ্মা নদীর পাকশী-ভেড়ামারার সংযোগ সৃষ্টির জন্য নির্মাণ করা হয় ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ।
১৯১৫ সালের ৪ মার্চ ঐতিহাসিক হার্ডিঞ্জ সেতু উদ্বোধনকালে সেতু প্রকল্পের প্রধান প্রকৌশলী স্যার রবার্ট উইলিয়াম গেলস্ আবেগভরে বলেছিলেন, যে সেতু নির্মাণ করে গেলাম উপযুক্ত রক্ষণাবেক্ষণ করা হলে এ সেতু চিরযৌবনা হয়ে থাকবে। কথাটি যে কতখানি সত্য, তার প্রমাণ ১০৯ বছর আগে পদ্মা নদীর বুকে তৈরি করা এই ব্রিজটি শতবর্ষ পেরিয়ে ১১০ বছরে পদার্পণ করলেও সেতুর গায়ে বার্ধক্যের কোনো ছাপ পড়েনি। অনেক শাসক-শোষক ও প্রজন্মের সাক্ষী হয়ে শতবর্ষ পেরিয়ে আজো বীরদর্পে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ।
মেয়াদোত্তীর্ণ এই ব্রিজটি ১১০ বছরে পদার্পণ করলো। দিব্বি ব্রিজটি দাঁড়িয়ে আছে। সবকিচ্ছুই ঠিক ঠাক থাকায় হার্ডিঞ্জ ব্রিজের ওপর দিয়ে চলছে নিয়োমিত ট্রেন।
১০৯ বছর আগে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর বুকে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি। তখন পদ্মার ছিল ভরা যৌবন। পদ্মার যৌবন এখন শেষ হতে চলেছে। কিন্তু চিরযৌবনা হার্ডিঞ্জ ব্রিজ পদ্মার বুকে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের অন্যতম সেতুবন্ধন তৈরি করেছে ঐতিহাসিক এই ব্রিজটি। পাবনা ও কুষ্টিয়া জেলাকে সংযুক্তকারী এই হার্ডিঞ্জ ব্রিজ একসময়ে ছিল বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু।
গত ৪ মার্চ ২০২৪ সালে এর বয়স ১০৯ বছর পূর্ণ হয়েছে। এটি বাংলাদেশের সর্ববৃহৎ রেলসেতু। এখনও এই ব্রিজটি দেখতে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ প্রতিদিনই পাকশী-ভেড়ামারায় ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ একনজর দেখার জন্য আসছেন বেড়াতে।
ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ স্থাপনের ইতিহাস রয়েছে। ১৮৮৯ সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতার সঙ্গে আসাম, ত্রিপুরাসহ উত্তরাঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে এই ব্রিজ তৈরির প্রস্তাব করেছিল। সে সময়ে প্রস্তাবটি কার্যকরী না হলেও কয়েক দশক পর ১৯০৯ সাল থেকে ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হয়। ব্রিজ নির্মাণের সময় ছিল ১৯০৯ থেকে ১৯১৫ সাল পর্যন্ত।
পাকশী রেলওয়ে ব্রিজের বিভাগী অফিস সূত্রে জানা গেছে, প্রায় ২৪ হাজার ৪০০ শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে নির্মিত হয় ব্রিজটি। তৎকালীন হিসাব অনুযায়ী নির্মাণে ব্যয় হয়েছিল ৩ কোটি ৫১ লাখ ৩২ হাজার ১৬৪ রুপি। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে ব্রিজটির নামকরণ করা হয়েছিল হার্ডিঞ্জ ব্রিজ। ব্রিজের দৈর্ঘ্য ১ হাজার ৭৯৮.৩২ মিটার বা ৫ হাজার ৮৯৪ ফুট বা ১.৮ কিলোমিটার। এর ওপরে রয়েছে দুটি ব্রডগেজ রেললাইন। ব্রিজটির নকশা করেছিলেন আলেকজান্ডার মেয়াডোস রেন্ডেল। ব্রিজে স্প্যান রয়েছে মোট ১৫টি, প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১২০ মিটার। ঐতিহ্যবাহী এই হার্ডিঞ্জ ব্রিজটি ১৯১৫ সালের ৪ মার্চে চালু হয়েছিল ।
মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনী ব্রিজের ওপর দিয়ে ট্যাংক, যুদ্ধসরঞ্জামসহ সৈন্যও পারাপার করতো। ১৩ ডিসেম্বর পাকবাহিনীকে কোণঠাসা করার লক্ষ্যে মিত্রবাহিনী বিমান থেকে বোমা নিক্ষেপ করলে ১২ নম্বর স্প্যানটি ক্ষতিগ্রস্ত হয়। স্বাধীনতার পর যথারীতি ভারত সরকার ব্রিজটিকে মেরামত করে আগের অবস্থানে ফিরিয়ে আনে। এরপর ১৯৭২ সালের ১২ অক্টোবর থেকে পুনরায় ব্রিজটির ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
হার্ডিঞ্জ ব্রিজের ওপর দিয়ে ‘মৈত্রী এক্সপ্রেস’সহ বিভিন্ন ট্রেন ৪০ বছর ধরে চালাচ্ছেন এল এম (ড্রাইভার) তৌহিদুল ইসলাম। তিনি বলেন, আগে ৬০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হলেও এখন ৪০ কিলোমিটার গতিতে চালানোর নির্দেশনা রয়েছে। তবে আগের মতোই চলছি, মেয়াদোত্তীর্ণ হওয়ায় অস্বাভাবিক কিছু অনুভূত হয় না।
গত ২০১৫ সালে ঐতিহ্যবাহী এই হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ পূরণ হয়। পাকশী বিভাগীয় প্রকৌশলী (২) বীরবল মন্ডল জানান, ২০১৫ সালে শতবর্ষ পূর্ণ হওয়ার প্রাক্কালে এক গবেষণায় বলা হয়েছে, লৌহকাঠামোর রাসায়নিক ধাতুর গুণাবলি আরও ২৫ বছর বলবত থাকবে। ফলে ব্রিজ ২০৪০ সাল পর্যন্ত কার্যকরী থাকছে। প্রতি পাঁচ বছরে একবার ব্রিজ রং করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সংস্কার করা হয়। এরইমধ্যেই সরকার হার্ডিঞ্জ ব্রিজের ৩০০ মিটার অদূরে উজানে নতুন করে আরেকটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করছে।
শৈল্পিক কারুকার্যে খচিত বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক লাল রঙা হার্ডিঞ্জ ব্রিজ ১০৯ বছর পেরিয়ে এখনো দর্শনার্থীদের মন আকৃষ্ট ও মুগ্ধ করে চলেছে। ব্রিজটির পাশ দিয়েই ২০০৪ সালে তৈরি হয়েছে ‘লালন শাহ সেতু’ নামে একটি সড়কসেতু, যা পদ্মার বুকে ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজের সঙ্গে এক অপরূপ সৌন্দর্যে মিলেমিশে রয়েছে।
ভেড়ামারার পি ডাবলু আই সাইফুল ইসলাম বলেন,মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হার্ডিঞ্জ ব্রিজের ১২নম্বর গার্ডার তৎকালীন সময় পুনরায় মিরামত করা হয়। মুক্তিযুদ্ধের ক্ষত আর শতবর্ষের গৌরব নিয়ে আজো পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজের বয়স গত ৪ মার্চ শনিবার ১০৯ বছর পূর্ণ হয়েছে। সময় সীমা বেঁধে দেওয়া ১শ’বছরের ব্রিজটির মেয়াদোত্তীর্ণ হয়েছে। অতিরিক্ত ৯ বছর চলছে। আরো কত বছর এই ব্রিজটির উপর দিয়ে ট্রেন চলবে কেউ বলতে পারে না।
পাকশী বিভাগীয় রেলওয়ে সেতু প্রকৌশলী দফতর থেকে জানা যায়, ১৯০৯ সালের প্রথম ভাগে প্রাথমিক জরিপ, জমি অধিগ্রহণ ও প্রয়োজনীয় পাথর সংগ্রহের কাজ শুরুর মধ্য দিয়ে হার্ডিঞ্জ ব্রিজের নির্মাণকাজ শুরু হয়।
জানা যায়, ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ আনুষ্ঠানিকভাবে ব্রিজটি উদ্বোধন করেন। এরপর থেকে ব্রিজের ওপর দিয়ে যাত্রীবাহী গাড়ি ও ট্রেন চলাচলের জন্য তা উন্মুক্ত করা হয়। তার নামানুসারেই এর নামকরণ করা হয় ‘হার্ডিঞ্জ ব্রিজ।
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) নুর মোহাম্মদ জানান, সেতুর ১৫টি স্প্যানের দুটি বিয়ারিংয়ের মধ্যবর্তী দৈর্ঘ্য ৩৪৫ ফুট দেড় ইঞ্চি এবং উচ্চতা ৫২ ফুট। প্রতিটি স্প্যানের ওজন ১২৫০ টন, যা রেল লাইনসহ ১৩০০ টন। সেতুটিতে মোট ১৫টি স্প্যান ছাড়াও দুই পাড়ে তিনটি করে অতিরিক্ত ল্যান্ড স্প্যান রয়েছে। এদের দুটি বিয়ারিংয়ের মধ্যবর্তী দৈর্ঘ্য ৭৫ ফুট। এভাবে সেতুটির মোট দৈর্ঘ্য ৫৮৯৪ ফুট বা এক মাইলের কিছু বেশি। ১৯১২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২৪ হাজার ৪০০ শ্রমিক কাজ করে ১৯১৪ সালের ডিসেম্বরে কাজ শেষ করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা বাহিনীকে রুখতে মিত্রবাহিনীর যুদ্ধ বিমান থেকে বোমা ফেলা হয় পাকশী হার্ডিঞ্জ সেতুর ওপর। এই বোমার আঘাতে সেদিন সেতুর ১২ নম্বর গার্ডার ভেঙে যায়। আরো বেশকিছু গার্ডার ক্ষতিগ্রস্ত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে ভারত সরকার সেতুর ১২ নম্বর গার্ডারের অনুরূপ আরেকটি স্প্যান স্থাপন করে দেয়।
তৎকালীন যোগাযোগমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে হার্ডিঞ্জ সেতু পার হয়ে রেলযোগাযোগ পুনঃস্থাপন কর্মসূচির উদ্বোধন করেন। সে সময়ে এক বাণীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এ সেতুর পুনর্র্নিমাণ জাতীয় পুনর্গঠন কাজে আত্মপ্রত্যয় ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অন্য সবাইকে অনুপ্রাণিত করুক এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর বন্ধন ও যৌথ প্রচেষ্টার সার্থক স্বাক্ষর হিসেবে স্মরণীয় হয়ে থাকুক।
ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা ও পাকশী হার্ডিঞ্জ ব্রিজ ও ঈশ্বরদীর ঐতিহাসিক নিদর্শন নিয়ে গবেষণাকারী প্রবীণ অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, হার্ডিঞ্জ ব্রিজটির বয়স ১০৯ বছর পূর্ণ হলো। শতবছর পূর্তির সময় সেতুটি পরিদর্শন করে বিশেষজ্ঞরা বলেছিলেন, এই সেতু সঠিকভাবে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করলে এটি আরো অন্তত ২৫ বছর টিকে থাকতে পারে।
এই ব্রিজটি ৪ মার্চ ২০২৪ এর বয়স ১০৯ বছর পূর্ণ হলো। এটি বাংলাদেশের সর্ববৃহৎ রেলসেতু। এখনও এই ব্রিজটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ প্রতিদিনই পাকশী ও ভেড়ামারাতে আসেন।
মেহেরপুরে প্রতি সাড়ে ৪ ঘণ্টায় ১টি তালাক
মেহেরপুর প্রতিনিধি
সারাদেশে তালাকের হার বাড়ছে। এই হারটা রীতিমতো ভয়াবহ। দেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরে প্রতি সাড়ে ৪ ঘণ্টায় হচ্ছে একটি তালাক। গত ২০২২-২৩ অর্থবছরে এই জেলাতে তালাক হয়েছে প্রতিদিন গড়ে পাঁচটি করে। মেহেরপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের তথ্যানুযায়ী ২০২২ সালে জেলাতে মোট ২১শ’ বিবাহের পাশাপাশি ১৯২৯টি তালাক রেজিস্ট্রি করা হয়েছে।
একাধিক নিকাহ্ রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে তালাকের কারণ হিসাবে যৌতুক ও শারীরিক নির্যাতনের অভিযোগ প্রায় শূন্যের কোঠায়। বিগত ২-৩ বছরে তালাকনামায় যে কারণগুলি প্রদর্শিত হয়েছে, তারমধ্যে অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকের অতিরিক্ত আসক্তি। স্ত্রীর মা-বাবার স্বামীর পরিবারে বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে অতিরিক্ত হস্তক্ষেপের প্রবণতা। সঠিকভাবে স্ত্রীর ভরণ পোষণ করতে না পারা, যৌন অক্ষমতা এবং স্বামী-স্ত্রী উভয়েয় পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়া।
জেলা রেজিস্ট্রারের কার্যালয় প্রদত্ত তথ্য মতে, মেহেরপুর সদর উপজেলায় সাতজন, মুজিবনগর উপজেলায় চারজন এবং গাংনী উপজেলাতে ১১ জন সরকারি নিবন্ধিত নিকাহ্ রেজিস্ট্রারের (কাজী) মাধ্যমে ২০২২-২৩ অর্থবছরে মেহেরপুর সদর উপজেলায় ৮০২ টি বিবাহের বিপরীতে ৯৭৪টি তালাক।
মুজিবনগর উপজেলায় ৫৫২টি বিবাহের বিপরীতে ২৩৩টি তালাক এবং গাংনী উপজেলায় ৭৪৬টি বিবাহের বিপরীতে ৭২২টি তালাক নিবন্ধিত হয়েছে। এর পাশাপাশি রয়েছে প্রচুর বাল্যবিবাহ। বাল্যবিয়ে ও এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সংঘটিত তালাকগুলি আইনগত ভাবে লিপিবদ্ধ হয় না। বিষয়গুলি আদালতে গড়ায়। ফলে এই পরিসংখ্যান সঠিকভাবে উঠে আসে না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২২’ শীর্ষক জরিপের তথ্য অনুযায়ী মেহেরপুর জেলায় ২০২২ সালে মোট জনসংখ্যা ৭ লাখ ৫ হাজার ৩৫৬ জন। প্রতি হাজার জনসংখ্যার বিপরীতে জেলায় বিবাহের হার ২২ এবং তালাকের হার ২.৭। সে অনুযায়ী ২০২২ সালে মেহেরপুর জেলায় মোট বিবাহের সংখ্যা ১৫ হাজার ৫১৫ টি এবং তালাকের সংখ্যা ১৯০৪ টি। তবে বিবিএস জরিপের তথ্যে তালাকের পরিসংখ্যান জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সঙ্গে কিছুটা সামঞ্জস্যপূর্ণ হলেও মোট বিবাহের তথ্যে রয়েছে বিস্তর ফারাক।
মেহেরপুর জেলা পরিসংখ্যান অধিদফতরের উপ-পরিচালক বসির উদ্দীন বলেন, জনশুমারির ক্ষেত্রে প্রত্যেকের দোরগোড়ায় যাওয়া হয়। সেখানে ভুলের সম্ভাবনা নেই। তবে বিবাহ-তালাকের পরিসংখ্যানের ক্ষেত্রে একটি স্যাম্পল এরিয়া (এলাকা) নির্ধারণ করে ফলাফল বের করা হয়। এক্ষেত্রে প্রকৃত সংখ্যার সঙ্গে জরিপের ফলাফলে সংখ্যাগত কিছু গরমিল ঘটতে পারে।
সচেতন ব্যক্তিরা মনে করেন, বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে অমিল তৈরি হলে বা বনিবনা না হলে চট করে একটি বাচ্চা নেয়া উচিত। তাহলে সম্পর্ক টিকে যাবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। তখন সন্তান এই নাটকের অংশ হয়ে যায়, তার জীবন হয়ে যায় বিভীষিকাময়। কারণ, শিশু যদি দেখে বাবা-মায়ের মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি ও মারামারি বা শীতল সম্পর্ক চলছে, তা সন্তানের ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলে।
মেহেরপুর পৌর এলাকার একজন নিকাহ রেজিস্ট্রার খায়রুল ইসলাম (বাশার) জানান, ২০২২-২৩ অর্থবছরে ৩৮টি বিবাহ ও ১০০টি তালাক রেজিস্ট্রি করেছেন। আর ২৩-২৪ অর্থ বছরে এখন পর্যন্ত ৩৩টি বিবাহ ও ৮৫টি তালাক রেজিস্ট্রি করেছেন।
তিনি আরো বলেন, জেলাতে তালাকের হার পল্লী অঞ্চলে শহরের তুলনায় প্রায় ৮২ শতাংশ বেশি, এটিই উল্লেখযোগ্য তথ্য। শহরের ধনী ও মধ্যবিত্ত পরিবারের দম্পতিরা বিভিন্ন কারণে যে বিষাক্ত সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করলেও গ্রামের মানুষ সেটা করছে না। বর্তমানে ক্রমবর্ধমান তালাকের আরেকটি বড় কারণ হচ্ছে সংসারের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে বাবা-মা মেয়ের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করতে চান। ফলে অনেক ক্ষেত্রেই সম্পর্ক বিষাক্ত হয়ে উঠছে। যার শেষ পরিণতি বিচ্ছেদে গড়াচ্ছে। তবে এত কিছুর মধ্যেও উল্লেখযোগ্য একটা ব্যাপার হলো বর্তমানে তালাকের কারণ হিসেবে যৌতুক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তেমন দেখা যাচ্ছে না।
মেহেরপুর সদর উপজেলার নিকাহ রেজিস্ট্রার আব্দুল মাবুদ জানান, ২০২২-২৩ অর্থবছরে তার কাছে ১৪৫টি বিবাহ ও ২৪৫টি তালাক রেজিস্ট্রি হয়েছে। আর ২০২৩-২৪ অর্থবছরে এখন পর্যন্ত তার মাধ্যমে ১১৩টি বিবাহ ও ২১৬টি তালাক রেজিস্ট্রি হয়েছে।
তিনি আরো বলেন, বাল্যবিয়ের কারণে তালাক বেশি হচ্ছে। এছাড়াও এ অঞ্চলে তালাকের একটি বড় কারণ হলো স্বামী বিদেশে থাকা। এক্ষেত্রে লক্ষণীয় প্রবাস থেকে স্বামীর পাঠানো টাকার হিসাব না রাখা, যত্রতত্র খরচ করা এবং বেশিরভাগ ক্ষেত্রেই স্বামীর অবর্তমানে পরকীয়া জড়িয়ে পড়া।
জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা কল্লোল বলেন, যেসব বিবাহ বিচ্ছেদ আদালতের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, সেগুলোর কারণ অনুসন্ধান করলে স্পষ্ট হয় যে সমাজে নৈতিকতার পতন ঘটেছে। মূল্যবোধের অবক্ষয় হয়েছে। নারী-পুরুষ বিয়েবহির্ভূত সম্পর্কে জড়াচ্ছে, স্ত্রী স্বামীকে মানতে বা তার অধিনে থাকতে চাইছেন না।
মূলত: এসব কারণেই বিবাহবিচ্ছেদ বাড়ছে। বর্তমানে নারীরা অতিরিক্ত স্বাধীনতাকামী। বেশিরভাগ ক্ষেত্রেই তারা স্বাবলম্বী হতে চায় এবং স্বাবলম্বী হতে যেয়ে অনেকেই অনৈতিক পরকীয়ায় জড়িয়ে পড়ছেন। অনেকে আবার প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে স্বামীর পাঠানো টাকা তসরুপাতসহ পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ছে।
আরেক আইনজীবী মিজানুর রহমান বলেন, মূল কথা হলো, স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশ্বাস হারিয়ে গেলে তা একটি অস্বাস্থ্যকর ও লোক দেখানো সম্পর্কে পরিণত হয়। তখন সন্তান, দায়-দায়িত্ব সব কিছুই ঠুনকো হয়ে পড়ে। সম্পর্কটা হয়ে যায় সাংঘর্ষিক। নানা রকম আলাপ-আলোচনা করেও যখন সমন্বয় করা যায় না, তখন বিয়ে বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় থাকে না।
খুলনায় মানবপাচার চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, দুই তরুণী উদ্ধার
স্টাফ রিপোর্টার
খুলনায় মানব পাচার চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ মার্চ) রাতে মহানগর এলাকা একটি রাইস মিল সংলগ্ন আদিলুর রহমান সড়কের দ্বিতীয় লেনের শেখ মিজানুর রহমানের দুই তলা বাড়ির নিচতলা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় দুই তরুণীকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন কমিশনার মো. মোজাম্মেল হক। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রাপালায় গান-বাজনা এবং অভিনয়ের প্রলোভন দেখিয়ে দুই তরুণীকে খুলনায় ডেকে নিয়ে আসে। তাদের নগ্ন ছবি ধারণ ও আটক রেখে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করে। আর অনৈতিক কাজে লিপ্ত না হলে তাদের নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়-ভীতি প্রদর্শন, শারীরিক নির্যাতন ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তারা দীর্ঘদিন পতিতাবৃত্তি করাচ্ছে এবং ভারতের গুজরাট, মহারাষ্ট্র ও সুরাটসহ বিভিন্ন প্রদেশে বিক্রি করে দেয়।
বিষয়টি হ্যালো কেএমপি অ্যাপে এক ব্যক্তি জানালে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে মানব পাচারকারী সদস্য মিল্টন মণ্ডল, মো. সাইফুল ইসলাম, মো. হিমেল, খাদিজা বেগম, রত্না আক্তার ও রাবেয়া বেগমকে গ্রেপ্তার করে।
খুলনায় ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত
তত্য বিবরণী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষ্যে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং বিভিন্ন প্রতিযোগিতা বুধবার বিকালে বাংলাদেশ শিশু একাডেমির খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একশত ১০ জন শিক্ষার্থী ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়া কুইজ, চিত্রাংকন ও ছড়া/কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, সরকারি বিএল কলেজের অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রুবায়েত আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, ক্ষুদে বঙ্গবন্ধু সংসদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক অরবিন্দ মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামীকাল ৭ মার্চ সকাল ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসের আলোচনা সভায় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
পাইকগাছায় ধর্ষণ চেষ্টার অভিযুক্ত যুবকে গ্রেফতার
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১২ টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নে। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। ভিকটিমকে বুধবার সকালে ডাক্তারী পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরি দর্শক ইমরান হোসেন জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়নে মোক্তার সরদারের ছেলে আল-আমীন সরদার(২৬) একটি স্বামী পরিত্যক্ত যুবতি মেয়ে(২৫) কে বিয়ের প্রলোভন দেখিয়ে দির্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে। সে অনুযায়ী সোমবার রাত ১২ টার দিকে আল-আমীন সরদার মেয়ের বাড়িতে যায়। মেয়েটি বিয়ের জন্য তাকে চাপ দেয়। ছেলেটি বিয়েতে রাজি না হওয়ায় জোরকরে মেয়েকে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় যুবতির ডাক চিৎকারে তার স্বজনরা ছেলেটিকে আটক করে পুলিশে দেয়। মঙ্গলবার মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, আল-আমীন সরদার নামে এক যুবকের নামে থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তাকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে মারামারিতে নারী সহ আহত ৫
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে মারামারিতে নারী সহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতদে এলাকাবাসী উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি বুধবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের হাবিবুর সরদারের ছেলে আহত খয়বার সরদার(৪৫) জানান, একই এলাকার শহর আলী সরদারের ছেলে আঙ্গুর সরদার(৪২) সাথে আমাদের দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে বুধবার সকাল ৯ টার দিকে আঙ্গুর সরদার সহ তার ছেলে জাকারিয়া (২২) জয়নাল(১৮) সহ ১০/১২ জন আমাদের ঘরের বেড়া ভংচুর করতে থাকে। এ সময় বাঁধা দিলে আমি সহ আমার স্ত্রী রুবিনা খাতুন(৪০), হাবিবুর সরদার(৬০), রত্না বেগম (২৫) আহত হয়। আহতকে এলাকাবাসী পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। রুবিনার অবস্তা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অপর দিকে প্রতিপক্ষ আঙ্গুর সরদারের স্ত্রী আহাত হয়েছে। সে পাইকগাছা হাসপাতালে ভর্তি রয়েছে। আঙ্গুর সরদার জানান, আমরা তাদের মারেনি তারা আমার স্ত্রীকে মারপিট করে আহত করেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, মারামারির সংবাদ পেয়ে সহকারী উপ-পুলিশ পরিদর্শক মুস্তাক আহম্মেদকে ঘটনা স্থলে পাঠিয়েছি। তদন্ত রিপোর্ট দিলে করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভৈরবনদের কোমর অপসরণ
মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
দামুড়হুদার কার্পাসডাঙ্গার সুবলপুরে ভৈরব নদে দেশীয় মৎস্য প্রজাতি রক্ষার লক্ষ্যে নদী হতে কোমর অপসারণ করা হয়েছে। এসময় পোড়ানো হয় অবৈধ চায়না জাল।
বুধবার বেলা ১১ টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার নেতৃত্বে একটি দল উপজেলার কার্পাসডাংগা ইউনিয়নের সুবলপুর ভৈরব নদে অবস্থান করেন। এসময় দলটি নদের বেশীর ভাগ অংশে চায়না ম্যাজিক জাল দেখতে পান ও ক্ষোভ প্রকাশ করেন। পরে দেশীয় মৎস্য প্রজাতি রক্ষার লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক পরিচালিত যৌথ এ দলটি নদীতে বিদ্যমান কোমর অপসারণ করাসহ চায়না ম্যাজিক জাল জব্দ করে তা বিনষ্ট করেন।
খুলনায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে নারী দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার
‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, নারীর সমঅধিকার, সমসুযোগ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিনিয়োগ’ প্রতিপাদ্য বিষয়ে বুধবার খুলনায় নারী দিবস পালিত হয়। আলোচনার বিষয় ছিল ‘বাংলাদেশে নারীর রাজনৈতিক নেতৃত্বের অগ্রগতির জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন’।অনুষ্ঠানে নারী অধিকার কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই সম্মেলনের আয়োজন করে।
নগরীর হোটেল ক্যাসেল সালামে অনুষ্ঠিত নারী দিবসের কর্মশালায় খুলনার আওয়ামী লীগ ও বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দরা, সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন। বক্তারা বলেন, নারীদের এগিয়ে নিতে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হওয়ার সাথে সাথে রাজনীতিতে দক্ষ হয়ে উঠতে হবে। পুরুষ নেতৃবৃন্দদেরকেও সহযোগিতার মনোভাব পোষণ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেহানা ইসা,খুলনা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন , খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুবুল আলম সোহাগ, মহিলা বিষয়ক অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর হাসনাহেনা সহ অনেকেই।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অরডিনেটর মোঃ ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিসট্যানট সিলমী সাদিয়া ।
মাগুরায় আনসার ভিডিপির জেলা ভিত্তিক অস্ত্রসহ প্রশিক্ষণের শুভ উদ্বোধন
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরায় জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ৭ম ধাপ (পুরুষ) ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বুধবার ৬ মার্চ সকাল ১০ টার সময় মাগুরা জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে আনসার ও ভিডিপির আয়োজনে আলোচনা সভা ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট এইচ এম বেলাল, মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী, সদর টিআই ষষ্ঠী রাণী মজুমদার, টিআই মানিকুল সহ প্রমুখ। ৭ম ধাপে ৫০ জন ভিডিপি পুরুষ সদস্য ২১ দিনব্যাপী অস্ত্র প্রশিক্ষণে অংশ গ্রহণ করছে।
শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় ও কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া প্রকল্পের আওতায় নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এই ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন শ্যামনগরের গাবুরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। লিডার্স-এর প্রধান কার্যালয়ের নলেজ ম্যানেজমেন্ট সেন্টার ভেন্যুতে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন পরিচালনা করেন ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান ও প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা।
নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনে দুর্যোগ কী, দুর্যোগ কত ধরনের, প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগগুলো কী কী, দুর্যোগ কেন হয়, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি (এসওডি) কাকে বলে, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, ক্লাস্টার পদ্ধতিতে দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি প্রণয়নের উদ্দেশ্য, নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কী, নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা ও পরিকল্পনার মূল উদ্দেশ্য, দুর্যোগে নারী ও প্রতিবন্ধীরা কী কী সমস্যার সম্মুখীন হয়, দুর্যোগে প্রবীণ/বয়স্ক ব্যক্তিরা কী কী সমস্যায় পড়েন, দুর্যোগে নারী ও অন্যান্য বিপদাপন্নদের চ্যালেঞ্জ, দুর্যোগে নারী ও অন্যান্য বিপদাপন্নদের নিরাপত্তার জন্য করণীয়, নারীবান্ধব শেল্টার ম্যানেজমেন্টে আমাদের করণীয় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা ও দলীয় কাজের মাধ্যমে উপস্থাপনা করা হয়।
ওরিয়েন্টেশনের সমাপনীতে লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডল অংশগ্রহণকারীদের লিডার্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ওরিয়েন্টেশন থেকে শিক্ষণীয় বিষয়গুলোর যথাযথ প্রয়োগ করার অনুরোধ করেন। তিনি জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর কল্যাণে লিডার্স-এর কার্যক্রম তুলে ধরেন এবং লিডার্স-এর জন্য আগামী দিনগুলোতে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।
সবশেষে গাবুরা ইউনিয়নের সচিব জনাব আব্দুল আজীজ বলেন, লিডার্স আজ যে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করেছে সেটি খুবই সময় উপযোগী ও প্রশংসার দাবি রাখে। ওরিয়েন্টেশন থেকে শিক্ষণীয় বিষয়গুলোকে আমরা যদি দুর্যোগ মোকাবেলায় কাজে লাগাতে পারি তাহলে আজকের ওরিয়েন্টেশন স্বার্থক হবে। তিনি উপস্থিত সকলকে যার যার অবস্থান থেকে দুর্যোগে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান করেন।
তিনি শ্যামনগরের গাবুরা ইউনিয়নের পক্ষ থেকে লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসি অব সুইডেনকে কৃতজ্ঞতা জানান।
ডুমুরিয়ার কৃষকদের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ ভ্রমণ
খান আরিফুজ্জামান (নয়ন),ডুমুরিয়া
খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ডুমুরিয়ার কৃষকদের লতিকচু চাষের আধুনিক কলাকৌশল, গাছ আলু চাষের আধুনিক কলাকৌশল, কাসাভা চাষের আধুনিক কলাকৌশল সম্পর্কে জানাতে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জে উদ্বুদ্ধকরণ ভ্রমণ করানো হয়। কন্দাল ফসল পরিদর্শন করেছেন ডুমুরিয়ার কৃষকরা।
এখানে কোন ফসলের চাষ হত না। এ বিল সারা বছর জলাবদ্ধ, অনাবাদি ও পতিত পড়ে থাকত । জলাবদ্ধ জমিতে এ বছর নতুন উদ্ভাবিত ডালি পদ্ধতিতে সবজি চাষ করা হয়েছে।
ডালি পদ্ধতির মাচায় ঝুলে আছে লাউ, কুমড়া, শসা, চিচিঙ্গা, ঝিঙ্গাসহ নানা জাতের সবজি।
জলাবদ্ধ জমিতে বাঁশ বসানো হয়। পানির ওপর ওই বাঁশে নেট ও বস্তা দিয়ে ডালি তৈরী করা হয়। ডালিতে মাটি, জৈব সার ও অন্যান্য উপাদান দেওয়া হয়। তারপর ডালিতে রোপণ করা হয় সবজির চারা। পরে সবজির চারা মাচায় বাইয়ে দেওয়া হয়। আর এ মাচায় লতা জাতীয় সবজি উৎপাদিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাসমান বেডে সবজি ও সমলয় চাষ সম্প্রসারণ এবং জনপ্রিয় করণ প্রকল্পের আওতায় এভাবে সবজি চাষ হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনয়নের জলাবদ্ধ পুবের বিলে। এ বিলে প্রধামন্ত্রী শেখ হাসিনার পৈত্রিক জমি ও অন্যান্য কৃষকেরও জমি রয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পুবের বিলের অধিকাংশ জমি জলাবদ্ধ, পতিত ও অনাবাদি থাকত। বছরের অধিকাংশ সময় পানির নিচে তলিয়ে থাকা জমি আর শুকনো মৌসুমে হাঁটু বা কোমর পানি থাকায় সেখানে কোনো ফসল উৎপাদন হতো না। বিগত ৫০ বছর ধরে চাষাবাদ না হওয়ায় জমিগুলো পতিত বা অনাবাদি ছিল । প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ৭ জানুয়ারি পুবের বিলের পৈতৃক জমি পরিদর্শন করেন। তিনি এ বিলসহ সারাদেশের জলাবদ্ধ পতিত জমি চাষাবাদের আওতায় আনার নির্দেশ দেন।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার উন্নয়ন প্রতিনিধি সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার ও কৃষি বিভাগের সহযোগিতায় টুঙ্গিপাড়ার পুবের বিলে চাষাবাদ শুরু করেন । গত মৌসুমে এ বিলে বোরো ধান উৎপাদিত হয়েছিলো। এখন এ বিলে পেন কালচার পদ্ধতিতে মৎস্য চাষ, হাঁস পালন করা হচ্ছে। সেই সাথে জলাবদ্ধ জমিতে ভাসমান বেড, ডালি পদ্ধতি ও রাস্তার খাদে গোড়া পদ্ধতিতে সবজি, ফল, শাক ও মসলা জাতীয় ফসল উৎপাদন করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাসমান বেডে সবজি ও সমলয় চাষ সম্প্রসারণ এবং জনপ্রিয় করণ প্রকল্পের পিডি ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস ডালি পদ্ধতিতে সবজি চাষাবাদ উদ্ভাবন করেছেন। তিনি বলেন, এ পদ্ধতিতে ডালি ও মাচা স্থাপন করে কৃষক এখান থেকে ২ থেকে ৩ বছর পর্যন্ত সবজি ফলন পাবেন। তারপর বাঁশ সেখান থেকে খুলে এনে জ্বালানী হিসেবে ব্যবহার করতে পারবেন। ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন
এ পদ্ধতিতে অর্গানিক সবজি উৎপাদিত হয়। ডালিতে মাটি, কচুরীপানা পচা ও জৈব সার ব্যবহার করা হয়। সবজির পোকামাকড় ফেরোমন ফাঁদ ও জৈব বালাইনাশক দিয়ে দমন করা হয়। এ কারণে ডালি পদ্ধতিতে উৎপাদিত সবজি মানব দেহের জন্য নিরাপদ।এ সবজি খেতে সুস্বাদু। আগামীতে সারা জেলার জলাবদ্ধ পতিত জমিতে ডালি পদ্ধতিতে চাষাবাদের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হবে বলে জানান ওই কর্মকর্তা ।
টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামের তপন বিশ্বাস, পাথরঘাটা গ্রামের সামিউল ফকির, মধুমঙ্গল দাস ও বালাডাঙ্গা গ্রামের অমিত বিশ্বাস বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাসমান কৃষি প্রকল্পের আওতায় ডালি পদ্ধতিতে চাষাবাদ প্রদর্শনী দেখেছি।আমরা এ বছর হাতে কলমে এ পদ্ধতিতে প্রদর্শনী সবজি উৎপাদনে কাজ করেছি। এতে ফলনও আশানুরূপ হয়েছে। এ পদ্ধতিতে আগামী বর্ষা মৌসুমে আমরা আমাদের জলাবদ্ধ পতিত জমিতে চাষাবাদ করব। এ পদ্ধতিতে রাসায়সিক সার ও কীটনাশক লাগে না। আর একবার শুরু করলে দুই/তিন বছর পর্যন্ত ফলন পাওয়া যায়।
টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, পতিত ও জলাবদ্ধ পুবের বিলে চাষাবাদ শুরু করার পর এলাকার মানুষ এ চাষাবাদ নিয়ে হাসাহাসি করত। এখানে আমরা ধান সহ নানা জাতের সবজি, ফল, মসলা, শাক ফলিয়ে সফল হয়েছি। আগামীতে এ বিলের কৃষকরা সারা বছর ব্যাপক আকারে চাষাবাদ করতে আগ্রহ প্রকাশ করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক মো. আঃ কাদের সরদার বলেন, ডালি পদ্ধতিটা গোপালগঞ্জে মডেল হিসেবে এ বছর প্রদর্শনী করা হয়েছে। এতে আমরা কাঙ্খিত সাফল্য পেয়েছি। এটা দেখে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আগামীতে পতিত ও জলাবদ্ধ জমিতে কৃষকেরা নিজ উদ্যোগে ডালি পদ্ধতিতে সবজি উৎপাদনে আগ্রহ দেখাচ্ছে । তাই সামনের বর্ষা মৌসুমে জেলার সব উপজেলায়ও এ পদ্ধতিতে চাষাবাদ ছড়িয়ে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকার বলেন, এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার পতিত ও জলাবদ্ধ জমি চাষের আওতায় আনতে কাজ শুরু করি। লাউয়ের সিজনে লাউ হবে, চিচিঙ্গার সিজনে শুধু চিচিঙ্গা হবে আর কিছু হবে না, এ ধারণা এখন বদলেছে। ডালি, ভাসমান বেড, রাস্তার খাদে গোড়া পদ্ধতিতে সব ধরনের সবজি ও ফলমূল সারা বছর ফলছে। বর্ষাকালে আমাদের দেশের অধিকাংশ জমি তলিয়ে যায়। এ পদ্ধতিতে বর্ষাকালে ওই সব জমিতে সবজি চাষ করতে পারি। নাটোরের চিনিডাঙ্গা বিলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রথম এ পদ্ধতিতে চাষাবাদ শুরু করে। সেটা সফল হওয়ার পরে আমরা টুঙ্গিপাড়ায় শুরু করেছি। এখানে সফল হয়েছে। এখন এটি কোটালীপাড়া, সদর ও মুকসুদপুর সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। বর্তমান এখানে লাউ এর পাশাপাশি শসা, চিচিঙ্গা, কুমড়া সহ সমস্ত রকম সবজি উৎপাদন করা যাচ্ছে।
ঐতিহাসিক ৭ই মার্চে প্রেসক্লাবের কর্মসুচি
খবর বিজ্ঞপ্তি
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১.৩০ মিনিটে ক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে।
খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ও ইউজার সদস্যদেরকে পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
প্রতারণার ফাঁদে ফেলে স্বামীকে বিয়ে, ব্লাকমেলের প্রতিকারে স্ত্রীর সংবাদ সম্মেলন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় প্রতারণার ফাঁদে ফেলে স্বামীকে বিয়ে করার পর স্বামী-স্ত্রী উভয়কে ব্লাকমেলের প্রতিকারে সংবাদ সম্মেলন করেছেন ঢাকার শ্যামবাজারের বাসিন্দা লাবনী বেগম। বুধবার বিকেলে মোংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে লাবনী বেগম বলেন, আমার স্বামী মোঃ আবুল হোসেন পেশায় একজন ভাঙ্গারী (পুরান মালামাল) ব্যবসায়ী। ব্যবসার সুবাদে ঢাকা-মোংলায় যাতায়াত করতেন তিনি। পরে ফেসবুকে মোংলার ময়লাপোতা এলাকার সেকেন্দার আলীর মেয়ে হালিমা আক্তার হিমার সাথে পরিচয় হয় তার স্বামী আবুল হোসেনের। ফেসবুক পরিচয়ের এক পর্যায়ে হালিমা আক্তার হিমা আমার স্বামী আবুল হোসেনকে কৌশলে হালিমার গ্রামের বাড়ী বাগেরহাটের রামপালে নিয়ে যান। পরে সেখানে খাবারের সাথে অবচেতন নাশক ওষুধ খাইয়ে অসুস্থার কবলে ফেলে প্রলোভনসহ পরিকল্পিতভাবে ছলচাতুরী করে আমার স্বামীকে ১০লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন প্রতারক হালিমা। এতে তার স্বামী আরো বেশি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ওই জবরদস্তি বিয়েকে পুজি করে হালিমা আক্তার হিমা বিভিন্ন সময়ে ফেসবুক ম্যাসেন্জার ও মোবাইলে আমাকে আর আমার স্বামীকে নানাবিধ ভয়ভীতি, হয়রানী, হুমকি-ধামকিসহ ব্লাকমেল করে আসছে হালিমা। সংবাদ সম্মেলনে লাবনী বেগম আরো বলেন, এই হালিমা শুধু আমার স্বামীর সাথেই এমন করেছে তা নয়, আরো অনেক পুরুষকেই ফাঁদে ফেলে ব্লাকমেল করেছেন। হালিমা গত বছরের ২০জুলাই মোংলার শ্রমকল্যাণ রোডের বাসিন্দা বাদশা মিয়াকে একই কায়দায় প্রতারণা ফাঁদে ফেলে ১০লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। ওই ঘটনায় বাগেরহাট আদালতে হালিমার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। এছাড়া অনেক পুরুষকেই একইভাবে প্রতারণার ফাঁদে ফেলে ব্লাকমেল করেছেন, যা মুলত হালিমার পেশায় পরিণত হয়েছে। লাবনী আক্তার আরো বলেন, প্রতারক হালিমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে হালিমা আক্তার হিমা বলেন, কোন প্রতারণা নয়, শরিয়ত মোতাবেক আবুল হোসেনকে বিয়ে করি আমি।
কালিগঞ্জে স্বল্প পানির চাহিদা সম্পন্ন ফসল আবাদ ও পিট খনন কাজের উদ্বোধন
জাহিদ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এ দেশ কৃষি নির্ভর বাংলাদেশের উর্বর জমিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক দিক নির্দেশনায়, কৃষি অধিদপ্তরের যুগ-উপযোগী বিজ্ঞানভিত্তিক চাষের মাধ্যমে, কৃষি খাতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তারই ধারাবাহিকতায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মাধ্যমে ভাড়াশিমলা ইউনিয়নে কুকোডাঙ্গা মোড় হতে সাদপুর বিলগুল্লি খাল অভিমুখী ১.৩২০ কিলোমিটার নিষ্কাশন নালা খনন কাজের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (০৬ মার্চ) সকালে অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসীম উদ্দীন, উপস্থিত ছিলেন ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান (নাইম) প্রমুখ। পানি নিষ্কাশন নালা সংস্কারের মাধ্যমে প্রায় ৯’শ বিঘা জমির জলাবদ্ধতা দূর হবে। এতে এলাকার কৃষকেরা নতুন করে স্বপ্ন দেখছে এবং অনেক আনন্দিত, সাথে সাথে তারা কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যুগ উপযোগী এ ধরনের বিজ্ঞানভিত্তিক ফসল চাষ কৃষকের দোর-গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য।
কালিগঞ্জে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বুধবার (৬ মার্চ) বেলা ২ টায় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) বিষ্ণুপদ গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নয়ন কুমার সাহা। ৩বছর মেয়াদি কমিটি বিশেষ আলোচনার মাধ্যমে সভাপতি মনোনীত হয়েছেন এসএম ইফতেখায়রুল ইসলাম (সুমন), সহ সভাপতি মাস্টার শ্যামল কুমার মন্ডল। সদস্য সচিব মনোনীত হয়েছেন ভারপ্রাপ্ত শিক্ষক বিষ্ণুপদ গাইন, সহকারী শিক্ষিকা আশালতা মন্ডল, বিদ্যুৎসাহী পুরুষ আব্দুল আলিম, কৃষ্ণা রায়, অভিভাবক সদস্য আসমা খাতুন, ইসরাত জাহান, ইউপি সদস্য আহম্মাদ আলী, দাতা সদস্য স্বপন রায়। ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, এবং বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনায় নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমনটা প্রত্যাশা করেছেন এলাকার সুধীজন ও সচেতন মহল। এ সময়ে উপস্থিত ছিলেন ফতেপুর সরকার প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষকও শিক্ষিকা মন্ডলী, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শাহিনুর রহমান (শাহিন), সাংবাদিক শাহাদাত হোসেন, রুহুল আমিন মুকুল প্রমুখ।
সিপিবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ১৯২৪ সালে ব্রিটিশ ভারতে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ১৯৪৮ সালে ৬ মার্চ পাকিস্তানের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। সেই থেকে ৬ মার্চ পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী দিবস পালিত হয়। ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ মার্চ বিকাল সাড়ে চারটায় নগরীর পিকসার প্যালেস মোড়ে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। পার্টি খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, পাটির ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন পার্টি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সংগ্রমী শ্রমিক নেতা এইচ এম শাহাদাত, খলনা মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান বাবু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ। উপস্থিত ছিলেন জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রুহুল আমিন, এ্যাড. চিত্ত রঞ্জন গোলদার, অশোক সরকার, মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সদস্য কিংশুক রায়, সুখেন রায়, গাজী আফজাল হোসেন, আব্দুল হালিম, এ্যাড. প্রীতিশ মণ্ডল, সদর থানার সভাপতি তোফাজ্জল হোসেন, সোনাডাঙ্গা থানার সভাপতি নিতাই গাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক সঞ্জয় সাহা, খালিশপুর থানা কমিটির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, অসীত সরকার, সুবীর বর্ধন, পূর্ণেন্দু বিশ্বাস, রংগলাল মৃধা, জাহানারা আক্তারী, যুবনেতা ধীমান বিশ্বাস, মৌফারশের আলম লেনিন, আফজাল হোসেন রাজু, রিয়াসাত রিয়াজ, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক সুদীপ্ত মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলে একশত বছর ধরে এদেশে কমিউনিস্ট পার্টি এমন কোন ন্যায়সংগত লড়াই হয়নি যেখানে কমিউনিস্টরা সামনের কাতারে ছিল না। জীবন দিয়েছেন পার্টির শতশত নেতাকর্মী। ব্রিটিশ বিরোধী আন্দোলন, জমিদারি প্রথা উচ্ছেদ, ভাষা আন্দোলন, ৫৪ যুক্ত ফ্রন্টের নির্বাচন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধে ৩০ হাজার গেরিলা বাহিনী নিয়ে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। টংক আন্দোলন, তেভাগা আন্দোলন, নানকার আন্দোলন, লবণ পানির ঘের বিরোধী আন্দোলন, কৃষক ও শ্রমিকের ন্যায় সংগত লড়াইয়ে আমরাই ছিলাম। আমাদের লাড়াই সংগ্রাম ততক্ষণ চলবে যতক্ষণ না এদেশে কৃষক শ্রমিকের মুক্তি আসবে। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণ মামলা
স্টাফ রিপোর্টার
খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা গাজী এজাজ আহমেদ এবং তার চাচাতো ভাই স্থানীয় রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানসহ ৭ জনের নাম উল্লেখ এবং ১০-১৫ জনকে আসামি করে ধর্ষণ ও অপহরণ মামলা দায়ের হয়েছে। বুধবার (৬ মার্চ) ভুক্তভোগীর খালাতো ভাই গোলাম রসুল বাদী হয়ে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি করেন।
এজাহারভুক্ত অন্য পাঁচ আসামিরা হলেন- গাজী আব্দুল হক, আলামীন গাজী, আক্তারুল আলম সুমন, সাদ্দম গাজী ও মো. ইমরান হোসেন। বাদী পক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা গাজী এজাজ আহমেদ শাহপুর বাজারে তার ব্যক্তিগত কার্যালয়ে এক নারীকে ধর্ষণ করেন। ঘটনার পর ওই দিন রাতেই ভুক্তভোগী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি হন। এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য গত ২৮ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে বাদী গোলাম রসুল খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসির সামনে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন ওসিসি কর্তৃপক্ষ উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ ও তার চাচাতো ভাই ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান দ্বারা প্রভাবিত হয়ে ভিকটিমকে যথাযথ চিকিৎসা না দিয়ে ছাড়পত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে।
ভিকটিম ও তার মা ওসিসি থেকে বের হওয়া মাত্র ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানের নেতৃত্বে এজাহারভুক্ত আসামিরাসহ নাম না জানা আরো ১০/১৫ জন ভুক্তভোগী ও তার মাকে টেনে-হিচড়ে মাইক্রোবাসে তুলে অপরহণ করে নিয়ে যান। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে মোটরসাইকেলসহ গাজী তৌহিদুজ্জামানকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে গভীর রাতে নাম না জানা ২-৩ জন আসামি ভিকটিম ও তার মা ফতেমা বেগমকে খুন-জখম করার ভীতি হুমকি দিয়ে নগরীর সোনাডাঙ্গা থানায় নিয়ে ভিকটিমকে দিয়ে পুলিশের কাছে মিথ্যা বক্তব্য প্রদানে বাধ্য করেন। পুলিশকে ম্যানেজ করে গাজী তৌহিদকে ছাড়িয়ে নিয়ে যায় তারা। এরপর উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ ও তার চাচাতো ভাই ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদ ভিকটিমকে ডুমুরিয়া থানা এলাকার অজ্ঞাত একটি স্থানে আটক রাখেন।
এজাহারে আরো উল্লেখ করা হয়, বাদী আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। পক্ষান্তরে আসামিরা অত্যন্ত অর্থ ও পেশী শক্তির অধিকারী, নারী নির্যাতনকারী, অবৈধ ক্ষমতার প্রভাব বিস্তারকারী, আইন অমান্যকারী। তারা ভিকটিমকে নানাভাবে হুমকি প্রদান করে আসছিল। তারপরও বাদী, ভিকটিমকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ডুমুরিয়া থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়। ফলে, ট্রাইব্যুনালে এসে মামলা দায়েরে বিলম্ব হয়। মামলায় আরো বলা হয়, উক্ত দিন ছাড়াও ভুক্তভোগী নারীকে বিয়ের প্রভোলনে এর আগেও একাধিকবার ধর্ষণ করা হয়েছে।
কয়রা উপজেলা ভূমি কমিটি গঠন: আহবায়ক আঃ মালেক-সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনু
কয়রা(খুলনা)প্রতিনিধি
বেসরকারী উন্নয়ন সংস্থা “উত্তরন”দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দক্ষিন-পশ্চিম অঞ্চলে ভূমিহীন,হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় উত্তরণের বাস্তবায়নে ও নরওয়ে রিফিজিউ কাউন্সিল (এনআরসির)আর্থিক সহয়তায় ভূমিহীনদের মাঝে বেসরকারী উদ্যোগে খাসজমি বিতরণের জন্য উপজেলা ভূমি কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা গত ৬ মার্চ বেলা ১০ টায় বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা ভূমি কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উত্তরণের ল্যান্ড রাইটস প্রোগ্রামের সমন্ময়কারী মোঃ মনিরুজ্জামান জমাদ্দার,অধ্যাপক আবম আব্দুল মালেক, মাওলানা আয়ুব আলী,সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, ইমতিয়াজ উদ্দিন, রিয়াজুল আকবর লিংকন, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুম বিল্লাহ,শিক্ষক আশরাফ হোসেন, মুরশিদা খাতুন,এসএম মাসুম বিল্লাহ, কমলেস চন্দ্র মন্ডল, উত্তরণের সিরাজুল ইসলাম, তারিকুল ইসলাম,মাহফুজা খাতুন,আছিয়া খাতুন, শাহানার খাতুন ও নারায়ন চন্দ্র প্রমুখ। আলোচনা শেষে অধ্যাপক আবম আব্দুল মালেক কে আহবায়ক ও সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু কে সদস্য সচিব করে ৪০ সদস্য বিশিষ্ট কয়রা উপজেলা ভূমি কমিটি গঠন করা হয়।
বটিয়াঘাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শরীফ আসিফ রহমান গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলার জলমা ইউনিয়নের দারোগার ভিটা, সাচিবুনিয়া সহ বিভিন্ন এলাকায় সড়ক পরিবহন আইনের আওতায় রাস্তার উপর ইট, বালু রাখার দায়ে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি সাচিবুনিয়ার আব্দুল লতিফকে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং অনেককে সতর্ক করেন। আদালত পরিচালনাকালে পেশকার সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।
বটিয়াঘাটায় মহানাম সংকীর্তন শনিবার
বটিয়াঘাটা প্রতিনিধি
আগামী ৯ মার্চ শনিবার সন্ধ্যায় অধিবাস কির্তনের মধ্য দিয়ে শুরু হচ্ছে বটিয়াঘাটা উপজেলার পারবটিয়াঘাটা এলাকায় অষ্ট প্রহরব্যাপি মহানাম সংকীর্তন। পরিবেশন করবেন শান্তি নিকেতন সম্প্রদায়, মীরা সম্প্রদায়, শচীমাতা সম্প্রদায়, কানাই বলাই সম্প্রদায় ও প্রেমানন্দ সম্প্রদায়। অন্যদিকে ১৪ মার্চ বৃহষ্পতিবার অধিবাস কীর্তনের মধ্য দিয়ে শুরু হবে উপজেলার নিজখামার সরকারি প্রাইমারী স্কুল প্রাঙ্গণে অষ্ট প্রহরব্যাপি মহানাম সংকীর্তন। পরিবেশন করবেন ব্রজবিলাস সম্প্রদায়,কানাই বলাই সম্প্রদায়, বৈষ্নব ভক্ত সম্প্রদায়, হরিভক্তি বিলাস সম্প্রদায়, জয় শ্রী কৃষ্ণ সম্প্রদায় ও নিত্যানন্দ সম্প্রদায়। ১৬ মার্চ শনিবার কবিগান। অপরদিকে ২৫ মার্চ সোমবার অধিবাস কির্তনের মধ্য দিয়ে শুরু হচ্ছে উপজেলার গজালিয়া রাধা গোবিন্দ প্রাঙ্গণে অষ্ট প্রহরব্যাপি মহানাম সংকীর্তন। পরিবেশন করবেন মীরা সম্প্রদায়, ব্রজের রাখাল সম্প্রদায়, সোনার গোপাল সম্প্রদায়, শচীমাতা সম্প্রদায় ও প্রেমানন্দ সম্প্রদায়।
ফকিরহাটের আল-হেরা ফাজিল মাদরাসায় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আল-হেরা ফাজিল মাদরাসা’র উদ্যোগে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (৬ মার্চ) বিকেল ৪টায় মাদরাসা চত্তরে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুর রহমান ও পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম। উদযাপন কমিটির আহবায়ক ও সহকারী সিনিয়র শিক্ষক হাওলাদার আব্দুল হাকিম ও ছাত্র আব্দুল কাদের সৈকত এর যৌথ সঞ্চালনায় এতে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আসাদুজ্জামান, খুলনাস্থ আব্দুল্লাহ ব্যাটারী কোঃ লিঃ এর নির্বাহী পরিচালক ইফতেখার মামুন ও মংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোঃ মতিউর রহমান। এতে আরো বক্তৃতা করেন, উপাধ্যক্ষ মমতাজুল ইসলাম, শিক্ষক মোঃ জাহাংগীর হোসেন, আব্দুর রব, আল আমীন ও ছাত্রী ফাতেমা আক্তার প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দরা পুরস্কার বিতরণ করেন।
রাজাপুরে ডাক দিয়ে যাই এনজিওর ম্যানেজার-মাঠকর্মীর বিরুদ্ধে সঞ্চয়ের নামে জমা নেয়া ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে ডাক দিয়ে যাই এনজিওর ম্যানেজার মোঃ রিয়াজ ও মাঠকর্মী মোঃ সজীবের বিরুদ্ধে ১ লাখ টাকা ঋণে অজুহাতে সঞ্চয়ের নামে জমা নেয়া ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের শামসুল হক খানের ছেলে ইজিবাইক চালক রিপন খান রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ থেকে জানা গেছে, রিপন ও তার স্ত্রী রিপা মিলে যৌথভাবে আবেদন করে ইজিবাইক ক্রয়ের জন্য ১ লাখ টাকা ঋণ উত্তোলনের জন্য ডাক দিয়ে যাই এনজিওর ম্যানেজার মোঃ রিয়াজ ও মাঠকর্মী মোঃ সজীবের কাছে সঞ্চয় বাবদ ১০ হাজার টাকা দেই। কিন্তু দুই সপ্তাহ অতিবাহিত হলেও ঋণ না দিয়ে নানা রকম টালবাহান শুরু করে এবং কোন সঞ্চয়ের টাকা জমা দেয়নি এবং কোন টাকা পাবে না বলে জানায়। এ নিয়ে গ্রাহক রিপনকে গালমন্দ করে এবং বিভিন্ন রকম হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ্য করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ডাক দিয়ে যাই এনজিওর রাজাপুর শাখার ম্যানেজার মোঃ রিয়াজ ও মাঠকর্মী মোঃ সজীব দাবি করে জানান, ২০১৯ সালে রিপনের মায়ের ঋণ খেলাপির টাকা কৌশল করে রিপনের কাছ থেকে কেটে রাখা হয়েছে। তবে রিপনের দাবি, তার মায়ের কাছে কোন টাকা পাওনা ছিল না, পাওনা থাকলে তো অফিস থেকে আদায়ে যেত বা নোটিশ করতো। আর একজনের কাছে পাওনা থাকলেও অন্যজনের কাছ থেকে কিভাবে কেটে রাখে?। রাজাপুর থানার এএসআই শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগের বিষয়ে উভয় পক্ষকে ডেকে বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাজাপুরে টিউবওয়েল চুরির হিড়িক, থানায় অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে টিউবওয়েল চুরির হিড়িক পড়েছে। চোরদের হাত থেকে রেহাই পাচ্ছে না মসজিদ মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের টিউবওয়েলও। জানা গেছে, গত এক সপ্তাহে দিনে উপজেলার গালুয়া দুর্গাপুর ও পুটিয়াখালি গ্রাম থেকে অন্তত ১০টিরও বেশি টিউবওয়েল চুরি হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে গত এক মাসে অন্তত অর্ধশত টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বুধবার সকালে এ ঘটনায় গালুয়া দূর্গাপুর গ্রামের মোজাহিদুল হকের ছেলে আতিকুল ইসলাম থানা লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযাগ জানা গেছে, অজ্ঞাতনামা বিবাদীরা পশ্চিম গালুয়া স্কুল এন্ড কলেজ এর পশ্চিম পাশে একটি টিউবওয়েল চুরি করে নিয়েছে। একইভাবে মঙ্গলবার রাতে ওই এলাকার হাবিবেন নেছা এতিমখানা টিউবওয়েলটিও চুরি হয়ে গেছে। এছাড়া গালুয়া দুর্গাপুর গ্রামের হানিফের ছেলে হেলালের বাড়ির টিউবওয়েল ও রশিদ তালুকদারের ছেলে ইমরান তালুকদারের বাড়ির টিউবওয়েলও চুরি করে নিয়েছে চোরের দল। ভুক্তভোগী ইমরান, হেলাল ও আতিকুল ইসলাম জানান, বেশকিছু দিন ধরে গালুয়া দুর্গাপুর ও পুটিয়াখালি গ্রাম থেকে অন্তত ১০টিরও বেশি টিউবওয়েল চুরি হয়েছে। চোরদের হাত থেকে রেহাই পাচ্ছে না মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের টিউবওয়েলও। মাদকসেবী ও ছিচকে চোরেরা একের পর এক টিউবওয়েল চুরি করে নিয়ে যাচ্ছে। এতে করে এলাকার গরীব ও দরিদ্র পরিবারগুলোতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। মাদ্রাসা ও এতিমখানার টিউবওয়েল চুরি হয়ে যাওয়ার ফলে শিশু শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি পান করতে চরম ভোগান্তি পোহাচ্ছে। মসজিদের মুসল্লিরাও ভোগান্তিতে পড়েছে। শুষ্ক মৌসুমে খাল-পুকুরে পর্যাপ্ত পানি না থাকায় এবং টিউবওয়েল চুরি হয়ে যাওয়া চরম পানি সংকট দেখা দিয়েছে। এতে নানা রকম ভোগান্তি পড়হে হচ্ছে বৃদ্ধ, নারী, পুরুষ ও শিশুদের। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা ও নজরদারির দাবি জানান ক্ষতিগ্রস্থরা। রাজাপুর থানার এসআই সুমন জানান, টিউবওয়েল চুরির লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা পাট কর্মকর্তা এম আব্দুল বাকী, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, কালীগঞ্জের এমাস ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল হক রাসেলসহ অন্যান্যরা। বক্তারা, পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধিতে কৃষকসহ সকলের এগিয়ে আসার আহ্বান জানান। পরে শ্রেষ্ঠ পাটবীজ উৎপাদন, পাটের বস্তা ব্যবহারসহ ৫ টি ক্যাটাগরিতে ৫ জনকে পুরস্কৃত করা হয়।
বিইউপিএফ’র ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন জাহাঙ্গীর আলম
ঝিনাইদহ প্রতিনিধি-
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) এর কেন্দ্রীয় কমিটির “কার্য নির্বাহী সদস্য” ও ঝিনাইদহ জেলা কমিটির “সাধারণ সম্পাদক” মনোনিত হয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার ১৫ নং কালীচরণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এ এম জাকারিয়া আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক আকতার বানু লিপি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে এ তথ্য জানাযায়।
তিনি কেন্দ্রীয় কমিটির “কার্য নির্বাহী সদস্য” ও জেলা কমিটির “সাধারণ সম্পাদক” নির্বাচিত হওয়ায় নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
কালীগঞ্জে ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সাহেদ আলী (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে কালীগঞ্জ পৌরসভার বিহারী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেদ উপজেলার ঈশ্বরবা গ্রামের রুনজান আলীর ছেলে। এবছর এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় অংশ নিচ্ছে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বেরিয়ে কালীগঞ্জ শহরে আসছিল সাহেদ আলী। পথিমধ্যে শহরেনর বিহারীমোড় নামক স্থানে পৌছালে সামনের দিক থেকে আসা রড বোঝাই একটি ট্রাকের সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিব জানান, কালীগঞ্জ পৌরসভার বিহারী মোড় নামক স্থানে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সাহেদ আলী নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন মামলা না করায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
শৈলকুপায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় ৫ বছরের এক কণ্যা শিশুকে ধর্ষণ মামলায় তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি নামের একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন।
দন্ডিত তরিকুল ইসলাম উপজেলার ক্ষুদ্র রয়েড়া গ্রামের মৃত মেনদায় জোয়ার্দ্দারের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান জানান, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার বাহির রয়েড়া গ্রামের ৫ বছরের এক কণ্যা শিশুকে ধর্ষণ করে পার্শবর্তী ক্ষুদ্ররয়েড়া গ্রামের তরিকুল জোয়ার্দ্দার ওরফে এমপি। নির্যাতিতা পরিবারকে জানালে পরদিন তার চাচা বাদী হয়ে তরিকুলকে আসামী করে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার ওই মামলার আসামী তরিকুলকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ের আরও ৪ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়।
শোলমারী নদীর চর বরাদ্দের নামে দখল মহোৎসব এর প্রতিবাদে বৃহত্তর আমরা খুলনাবাসীর সভা
খবর বিজ্ঞপ্তি
শোলমারী নদীর চর বরাদ্দের নামে দখলের মহোৎসব এর প্রতিবাদে বৃহত্তর আমরা খুলনাবাসীর সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) বিকাল ৪টায় সংগঠণের অস্থায়ী কার্যালয়ে ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বর্তমান অবস্থা হতে ভবিষ্যতে মহানগরীর অভ্যান্তরে বর্ষার পানি নিস্কাশন বন্ধ হওয়ার উপক্রম। আগামিতে রূপসা বা ভৈরব নদী দিয়ে ২০/২৫ ভাগ শহরের পানি নিস্কাশিত হতে পারলেও ৭০/৮০ ভাগ পানি নিস্কাশনের জন্য নির্ভর করতে হবে গল্লামারী ময়ুর নদী, শোলমারী ও কৈয়া নদীর উপর। আগামী দিন গুলিতে বর্ষার পানি নগরীর সম্প্রসারিত অংশের দক্ষিন, পশ্চিম ও উত্তর অংশের পানি নিস্কাশনের জন্য কৈয়া ও শৈালমারী নদীই অধিক গুরুত্বপুর্ণ ভুমিকায় থাকবে। কৈয়া নদীর পানি বহিনির্গমনের একমাত্র পথই হচ্ছে শোলমারী নদী। অথচ চলমান প্রবাহিত শোলমারী নদী ভরাট হয়ে চরে পরিনত হচ্ছে। বাটিয়াঘাটা ব্রিজ হতে শোলমারী নদী কৈয়া নদীর প্রধান নির্গমন স্থল স্লুইচ গেট ছাড়িয়েছে। যার পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ভবিষ্যতে মহানগরীর পানি নিস্কাশনের পথ রুদ্রু হওয়ার উপক্রম। ফলে বন্যা/ অতি বৃষ্টি দেখা দিলে নগরীর একটি বড় অংশে জল বদ্ধাতার আশঙ্কা থেকে যায়। যার নেতিবাচক প্রভাব নগরীর পশ্চিম ও উত্তর অংশে বিরাট প্রভাব পড়বে সেক্ষেত্রে কৈয়া নদী কোনো পানি নিস্কাশনে ভুমিকা রাখতে পারবে না মনে করছেন গবেষকরা। আবার যে ভাবে কৈয়া নদী দু’তীর প্রভাবশালীরা দখল করে ব্যবসা বানিজ্য বসতি স্থাপন করে চলেছে এবং বর্জ্য ফেলে দুষণ করে চলছে। ঠিক তেমনি তার দেখাদেখি কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা শোলমারী নদীর চর জেগে উঠায় বরাদ্দের নামে এমন ভাবে দখল শুরু করেছে যাতে ভবিষ্যতে নদী খনন করলেও পুর্বের যায়গা ঠিক রাখতে পারবে না। তাই এখনই সময় যারা এই শোলমারী নদী দখল করে নদীর গতি পথ বন্ধ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপুর্বক এখনই নদীর সীমানা চিহিৃন করতে হবে।
এছাড়া খুলনা তথা এই অঞ্চলকে জলাবদ্ধতার হাত হতে রক্ষা করতে শোলমারী নদীকে এখই ড্রেজিং / খননের দাবি এবং যদিকেহ শোলমারী নদীর চর বরাদ্দ নিয়ে থাকলে তা বাতিলেরও দাবি জানিয়ে বক্তারা বলেন ময়ুর নদী, কৈয়া নদী, ও শোলমারী নদীর দুপাড়ে অবৈধ দখল দার ও যারা নদী দখল করে ব্যক্তি পর্যায় মাছ চাষ করছে এবং খাল গুলি বালি দিয়ে ভরাট করে প্লটের রাস্তা করছে তাদের চিহিৃত করে শাস্তির আওতায় আনতে হবে। দ্রুতই এই সকল অবৈধ দখলদারদের বিরুদ্ধে সাড়াষী অভিযান পরিচালনার জন্য খুলনা সিটি কর্পোরেশন, খুলনা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের প্রতি আহ্বান জানান বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মাাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলী, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম রফিক, আ. মান্নান মুন্নাফ, ইকবাল হোসেন তোকা, শিক্ষক আ. মান্নান, মো. জয়নাল আবেদিন, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।
সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত, আহত-১
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৬ মার্চ) ভোরে আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের ধাপুয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো এক শিক্ষার্থী। আহত কলেজ শিক্ষার্থীকে আশাশুনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত দুই শিক্ষার্থীরা হলেন, কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের আমানিয়া গ্রামের নিরঞ্জন ঘোষের পুত্র নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের পুত্র উইলিয়াম ঘোষ (১৮)। এসময় গুরুতর আহত হয়েছে একই এলাকার তারক ঘোষের পুত্র কর্নেল ঘোষ (১৯)। বর্তমানে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও কর্নেল ঘোষ তিন বন্ধু এক সাথে মোটরসাইকেল যোগে মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ থেকে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে একটা যোগ্য অনুষ্ঠানে যোগ দেন। সারারাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোরে তারা তাদের বাড়ি কালীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে দরগাহপুর কাদাকাটি সড়কে নিয়ন্ত্রণহীন ভাবে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজের পিলারে এসে সজোরে ধাক্কা লেগে রাস্তার নিচে পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হন। এ সময় গুরুতর আহত হন কর্ণেল ঘোষ। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেভর্তি করেন। তবে, স্থানীয়রা এক সময় অভিযোগ করেন, নির্মাণাধীন এই ব্রিজের ঠিকাদার দীর্ঘদিন যাবত এখানে আংশিক কাজ করে ফেলে রেখেছেন। যা খুবই বিপদ জনক। প্রায়ই এখানে দূর্ঘটনার শিকার হচ্ছেন সাধারন যাত্রীরা।
আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা ঘটনা স্থল থেকে দুটি মরদেহ ও একটা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় কর্নেল ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।











































