Home আঞ্চলিক কালীগঞ্জ শহরে গত ৪৮ ঘন্টায় প্রাণ গেলো ৩ তরতাজা যুবকের

কালীগঞ্জ শহরে গত ৪৮ ঘন্টায় প্রাণ গেলো ৩ তরতাজা যুবকের

51

সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে গত ৪৮ ঘন্টায় ট্রেন ও সড়ক দূর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহরে শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ শহরের বিহারী মোড় নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শাহেদ আলী (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত শাহেদ আলী শহরের আড়পাড়া এলাকার রমজান আলীর ছেলে। সে কাজ শেষ করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বিহারী মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শাহেদ আলীর মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।

একই দিন সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলার বাবরা এলাকায় খোলা রেল ক্রসিং পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমন উল্টে নসিমন চালক মেহেদী হাসান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মেহেদী হাসান শহরতলী নরেন্দ্রপুর এলাকার মাহাবুব হোসেনের ছেলে। সে একটি পরিবেশক সমিতির মালামাল নসিমনে ভরে বিভিন্ন বাজারে পৌছে দেওয়ার কাজ করতো।

এদিকে গত সোমবার রাতে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী নামক স্থানে ট্রাকের সঙ্গে ধাক্কায় রাসেল চৌধুরি নামে এক যুবক গুরুত্বর আহত হয়। তাকে নিয়ে প্রথমে যশোর সদর ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়। রাসেল চৌধুরি শহরের বলিদাপাড়া এলাকার আরিফ বিশ^াসের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, গত দুই দিনে সড়ক দূর্ঘটনায় ৩ টি তরতাজা যুবকের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর ফলে সম্প্রতি সময়ে এমন দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি যোগ করেন।