স্টাফ রিপোর্টার।।
‘বাংলাদেশে কোভিড-পরবর্তী চ্যালেঞ্জ এবং সামনের দিকে এগিয়ে যাওয়া: স্বাস্থ্য, সমতা এবং উন্নয়নের মাধ্যমে সামাজিক ন্যায়বিচারের অগ্রগতি’ শীর্ষক এক জাতীয় সেমিনার আজ ০৬ মার্চ (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সামাজিক বিজ্ঞান স্কুল আয়োজিত এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিম।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারী এমন একটি বিপর্যয় যা আমাদের জীবনযাত্রাকে থমকে দেওয়ার পাশাপাশি বিশ্ব মানবতাকে নাড়া দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে যখন আমরা উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই মহামারীটি বাংলাদেশে মারাত্মকভাবে আঘাত হানে। ওই সময়ের কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আমরা লড়াই করেছি। প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন সংগ্রহ ও প্রদান করা হয়েছিল। মহামারীর ওই সময়ে ক্ষুধার কারণে বাংলাদেশে একটিও প্রাণ হারায়নি। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির চাকা ছিল স্থিতিশীল।
তিনি আরও বলেন, ন্যায্যতা এবং সামাজিক ন্যায়বিচারের প্রশ্নটি সর্বদা উন্নয়ন ও টেকসই উন্নয়নের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। যে কোনো ধরনের উন্নয়নই অর্থহীন হয়ে পড়ে, যদি তার ফল সমাজের সকল সম্প্রদায়ের কাছে সহজলভ্য না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। কোডিভ মহামারী আনুষ্ঠানিকভাবে এক বছরেরও বেশি সময় ধরে চলার সাথে সাথে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কোভিড-পরবর্তী পরিস্থিতিতে সামনে থাকা চ্যালেঞ্জগুলোকে মূল্যায়ন করা। এর প্রধান ফোকাসের একটিতে রয়েছে- সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা।
জবি উপাচার্য তাঁর বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গবেষণার গুণগত মানোন্নয়নের প্রশংসা করেন। একই সাথে সামাজিক বিজ্ঞান স্কুল এমন একটি সমসাময়িক এবং সমাজতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় সেমিনার আয়োজন করায় আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে সর্বদা জ্ঞানচর্চা ও জ্ঞানের বিকাশ অব্যাহত রয়েছে। এখন আমরা বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছি। তিনি আরও বলেন, কোভিড আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিলেও অনেক কিছু দিয়েছি। বিশেষ করে ভ্যাক্সিনেশন, ইকোনমি ডেভেলপমেন্ট, ই-কমার্স, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, ডিজিটাল ট্রান্সফরমেশন, রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস্ উল্লেখযোগ্য। কোভিড-পরবর্তী পরিস্থিতি নিয়ে এমন একটি সেমিনার সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ সেমিনারের দুই রিসোর্স পারসন এবং দেশি-বিদেশি ডেলিগেটদের উপস্থিতি অংশগ্রহণকারী তরুণ গবেষকদের অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর উপ-উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোকাদ্দেম হোসেন। তিনি বলেন, বাংলাদেশ ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সেবা প্রদানে বিষ্ময়কর সাফল্য পেয়েছে। এখন আমরা স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছি। স্মার্ট বাংলাদেশে পরিণত হতে আমাদের যা প্রয়োজন; ড্রোন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস, মেশিন লার্নিং এসব কিছু এখন চোখের সামনে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নেতৃত্বে শিক্ষা ও গবেষণার উন্নতির প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন ও সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান। এ সময় আরও বক্তৃতা করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন সেমিনার আয়োজক কমিটির সদস্য সচিব ও অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খান মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. সঞ্জয় কুমার চন্দ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফারজানা তাসনিম পিংকি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী দেশ-বিদেশের শিক্ষক-গবেষকরা উপস্থিত ছিলেন। সেমিনারে ‘বাংলাদেশে কোভিড-পরবর্তী চ্যালেঞ্জ এবং সামনের দিকে এগিয়ে যাওয়া: স্বাস্থ্য, সমতা এবং উন্নয়নের মাধ্যমে সামাজিক ন্যায়বিচারের অগ্রগতি’ বিষয়ে ৬১টি গবেষণা নিবন্ধ নিয়ে প্রকাশিত গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করা হয়। এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সেমিনার শুরু হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে আয়োজক কমিটির পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিম ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর উপ-উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোকাদ্দেম হোসেন।
দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষা-গবেষণায় খুবি ও জবি’র মধ্যে
পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মোচন
যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রমে কাজ করার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ ০৬ মার্চ (বুধবার) সকাল ৯.৩০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে এ এমওইউ স্বাক্ষরিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান এমওইউতে স্বাক্ষর করেন। এমওইউ স্বাক্ষর শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সাদেকা হালিম এর উপস্থিতিতে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, ড. সাদেকা হালিমের মতো একজন প্রথিতযশা সমাজবিজ্ঞানীর নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। স্বাক্ষরিত এই এমওইউ’র মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণার দ্বার উন্মোচন এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হলো।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সাদেকা হালিম বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গবেষণার গুণগত মানোন্নয়ন হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর অধীনে খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণা অনুদান বাড়ানোর জন্য দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বেশকিছু এমওইউ স্বাক্ষর করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতেও অনুদান দেওয়া হচ্ছে। এই উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয়।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খান, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুল জব্বার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্বরত ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীর আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত এমওইউতে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অফিসিয়াল স্টাফদের মধ্যে যৌথ গবেষণা, প্রকাশনা এবং প্রাতিষ্ঠানিক বিনিময় কার্যক্রম, জনশক্তি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর ও কম সুবিধাপ্রাপ্ত জাতিগত সম্প্রদায়ের উন্নয়ন ইত্যাদির উপর বিশেষ জোর দিয়ে বৈজ্ঞানিক, ব্যবসায়িক, মানবিক এবং সামাজিক বিষয়গুলোতে যৌথভাবে শিক্ষা ও গবেষণার কাজ করা, একাডেমিক ও গবেষণা সুবিধার পাশাপাশি অবকাঠামো বৃদ্ধির জন্য সহায়তা প্রদান, সম্ভাব্য পারস্পরিক একাডেমিক ও গবেষণার সুযোগ এবং আগ্রহের আরও ক্ষেত্র সনাক্তকরণ, উভয় বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করা, একাডেমিক ও গবেষণা বিষয়ক যৌথ সেমিনার, সিম্পোজিয়া, সম্মেলন, সংক্ষিপ্ত কোর্স এবং মিটিংয়ের আয়োজন, শিক্ষণ-শেখানো এবং গবেষণা কার্যক্রমের উন্নয়ন সম্পর্কিত তথ্য বিনিময়সহ বিভিন্ন সময় উভয় পক্ষের দ্বারা সম্মত অন্য কোনো ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলোর প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ে এলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সাদেকা হালিমকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন।
ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস
উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
আগামীকাল ৭ই মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস। এ উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, ৯টা ১০ মিনিটে র্যালি সহকারে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এ পুষ্পস্তবক অর্পণ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদীপ প্রজ্বালন। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক
বেবী সুলতানার বিদায় সংবর্ধনা আগামীকাল
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক সহযোগী অধ্যাপক বেবী সুলতানা’র বর্ণাঢ্য কর্মজীবন সফলভাবে সম্পন্ন করায় আগামীকাল ৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় চারুকলা স্কুলের আঙিনায় ‘উত্তরণ যাত্রা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান রকিব হাসান ও ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান মো. আমিনুল ইসলাম। সভাপতিত্ব করবেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস। এছাড়া এ উপলক্ষ্যে বিকাল ৪টায় ডিসিপ্লিনের অ্যালামনাইদের অংশগ্রহণে চিত্রপ্রদর্শনী ‘অনিন্দ্য প্রাক্তণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।











































