স্পোর্টস ডেস্ক।।
ভারতের ক্রিকেটে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এরই মধ্যে টেস্টে ৫০০ উইকেট শিকার করেছেন তামিলনাড়ুর এই স্পিনার। আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া ধর্মশালা টেস্টে শততম ম্যাচ খেলতে যাচ্ছেন অশ্বিন।
ম্যাচের আগে অশ্বিন জানালেন, মাইলফলকের এই ম্যাচটি তার এবং তার পরিবারের জন্য কতটা মাহাত্ম্যপূর্ণ দিন। তার ভাষায়, ‘এটি দেখতে যতটা, তার চেয়েও বড় উপলক্ষ। তবে গন্তব্যের চেয়ে যাত্রাপথটি আমার জন্য বিশেষ ছিল।’
পরিবারের জন্য অশ্বিনের শততম ম্যাচ কী, সেটি বর্ণনা করতে গিয়ে বলেন, ‘শততম টেস্ট ম্যাচ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এটা আমার বাবা, মা, স্ত্রী এবং এমনকি আমার বাচ্চাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ। আমার বাচ্চারা ম্যাচ নিয়ে অনেক উত্তেজিত। একজন খেলোয়াড়ের পুরো যাত্রায় পরিবারকে অনেক কিছু সইতে হয়। আমার বাবাকে এখনো ৪০টি ফোনকলের উত্তর দিতে হয় যে তার ছেলে কেমন করেছে।’
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ৪ ম্যাচে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে ভারত। তবে শেষ ম্যাচের ভেন্যু ধর্মশালা আগের চার ম্যাচ থেকে সম্পূর্ণ আলাদা। পাহাড়ি অঞ্চলে ঠান্ডা পরিস্থিতিতে খেলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে অশ্বিন বলেন, ‘২১ বছর আগে আমি এখানে দুই মাস ধরে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছিলাম। এটি বেশ ঠান্ডা, আঙুলগুলো মানিয়ে নিতে সময় নিবে। এটাই এর সৌন্দর্য, (অনেক কিছু) অজানা।’











































