Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

33
বছরজুড়েই বাড়ির উঠানে বসে নকশি বাটি তৈরি করেন রেখা রানী পাল

 

খুলনা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ, বিমান বন্দর নির্মাণের স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নির্মাণ কাজ শুরু, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠাসহ আসন্ন বর্ষার মৌসুমের পূর্বে নগরীর ড্রেনেজ, পয়ঃ নিষ্কাশন ও ওয়াসার কার্যক্রম সম্পন্ন করা এবং মশক নিধনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবীতে আগামী ৬ মার্চ নগরীতে মানব বন্ধন কর্মসূচী সফল করার লক্ষ্যে ২৮শে ফেব্রুয়ারী বুধবার বেলা ১১টায় সভাপতি শেখ আশরাফ-উজ-জামান এর সভাপতিত্বে ও অধ্যাপক মোঃ আবুল বাসার এর পরিচালনায় কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এক প্রস্তাবে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্চতার মাধ্যমে যোগ্যতা সম্পন্ন বৃহত্তর খুলনার প্রার্থীদের নিয়োগ দেওয়ার জোর দাবী জানানো হয়। সভায় খুলনা সিটি কর্পোরেশনের পরিধি বৃদ্ধি, শেখ আবু নাসের স্টেডিয়ামের সংস্কারসহ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ব্যবস্থা করা, ময়ুর নদীর ড্রেজিংসহ স্থায়ী সমাধান, শহররক্ষা বাঁধসহ রিভার ভিউ সড়ক তৈরী, খুলনায় মেরিন একাডেমি ও ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবী জানানো হয় সভা শেষে আগামী ৬মার্চ মানববন্ধন কর্মসূচী সফল করার লক্ষ্যে মাঠ পর্যায়ে পিকচার প্যালেস মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচী ও প্রচার শুরু করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উন্নয়ন কমিটির সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, সহ-সভাপতি শাহীন জামাল পন, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, এ্যাড. কুদরত-ই-খুদা, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম-মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, মোল্লা মারুফ রশীদ, সরদার রবিউল ইসলাম রবি, রকিব উদ্দিন ফারাজী, মোঃ আনিসুজ্জামান, জি.এম রেজাউল ইসলাম ও প্রমিতি দফাদার প্রমূখ।

খালিশপুরে বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয়ের ২ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাস্তুহারা মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিদ্যালয়ের হলরুমে জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হাকিমের সুযোগ্য সন্তান ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ এনামুল হক বাবলু।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সু-দ্বীপ সংগঠনের পরিচালক ও বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মোঃ শামসুল হক সিকদার। প্রধান শিক্ষক মোঃ এজাহার আলী মোড়লের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সৈয়দ কামরুজ্জামান গোলাম মোস্তফা ভুট্টো ফারুক হোসেন মাহবুব হোসেন খান নুরুজ্জামান জাকির হোসেন ডাক্তার আলম দুলাল হোসেন মুজিবর রহমান সহ বর্তমান এবং নবাগত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
এদিন দীর্ঘ কর্মজীবন শেষে দুজন বিদায় শিক্ষকদের মধ্যে ফকির আব্দুস সালেক ও মোঃ শওকত আলী তাদের স্মৃতিচারণ করেন। এ সময় বিদায় শিক্ষক ফকির আব্দুস সালেক আবেগ আপ্লুত কন্ঠে স্মৃতিচারণমূলক জ্ঞানগর্ভ কিছু কথা তুলে ধরেন।
বট বৃক্ষের ন্যায় আগলে রাখা বিদ্যালয় সহ অত্র এলাকার সকলের প্রিয় মানুষকে বিদায়ের দিনে প্রধান অতিথি তার কর্মের বিভিন্ন গুণাবলী আলোচনা করেন পাশাপাশি বিদ্যার জনের জন্য পরিবেশ প্রকৃতি ও সমাজের বিভিন্ন বাস্তবতা থেকে শিক্ষার্থীদের কে আনন্দের সাথে জ্ঞানার্জনে আরো বেগবান হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের হাতে ফুল, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

ফলোআপ : খুলনার রূপসার ভূমি অফিস
ঘুষ দাবির অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা সার্ভেয়ার আতিকের, আরও অভিযোগ দুদকে
স্টাফ রিপোর্টার
খুলনার রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে ওঠা ঘুষ দাবির অভিযোগ ধামাচাপা দিতে দৌঁড়ঝাপ শুরু হয়েছে। ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে মরিয়া হয়ে উঠেছেন অভিযুক্ত আতিক। এরই অংশ হিসেবে তিনি অপ্রাসঙ্গিকভাবে একটি ডেভলপার প্রতিষ্ঠানকে জড়ানোর অপচেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে, সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে মিউটেশন বাবদ ৩ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেছেন অপর এক জমি মালিক। এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয় এবং বিভাগীয় কমিশনারের কাছে আলাদাভাবে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
খুলনা মহানগরীর সদর হাসপাতাল এপ্রোচ রোড এলাকার বাসিন্দা মো. নাসির উদ্দিন খান (রকি) কর্তৃক ২৭ ফেব্রুয়ারি দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, তার জমির মিউটেশন করার জন্য তিনি দু’ দফায় রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে আবেদন করেন। কিন্তু সার্ভেয়ার আতিকুর রহমান ফাইলটি কয়েক মাস আটকে রাখেন। এমনকি তিনি সঠিক রিপোর্ট না দেওয়ায় সেটি খারিজ করে দেওয়া হয়। পরবর্তীতে রকি নিজে সরাসরি দেখা করলে আতিক বলেন, ‘এতো সহজ ভাবে এগুলো রির্পোট হয় না’, কাজ করতে হলে ৩ লাখ টাকা ঘুষ দিতে হবে, তাহলে ফাইল দৌঁড়াবে, অন্যথায় বছরের পর বছর আটকে থাকবে।’ এমনকি এ ধরণের অনেক ফাইল তিনি ফেলে রেখেছেন বলেও দম্ভোক্তি করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভূমি অফিসে কাজে গেলে সাধারণ জমি ব্যবসায়ীসহ আরও অসংখ্য মানুষকে বিভিন্ন ভাবে আইনি ভয় দেখিয়ে লাখ লাখ টাকা নিয়ে সর্বস্বান্ত করছে আতিক। তদন্ত করলে যার সত্যতা মিলবে। এ বিষয়ে প্রতিকার দাবি করেন তিনি।
এর আগে মালিকানাধীন জমি সরকারি বলে ভয় দেখিয়ে ঘুষ দাবি, জমির মিউটেশনে হয়রানি, ফাইল প্রতি টাকা দাবি, এমনকি টাকা না দিলে ফাইল পড়ে থাকছে দীর্ঘকাল-এসব ঘটনা খুলনার রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে তুলে সবুজ বাংলায় সংবাদ প্রকাশিত হয়। এর পরই দুর্নীতিবাজ আতিক নড়েচড়ে বসেছেন। তবে সার্ভেয়ার আতিকুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন।
খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনার পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে অভিযোগটি তদন্ত করে সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

জালিয়াতির অভিযোগ
রামপাল সাবরেজিস্টার নাহিদ জাহানসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট)
বাগেরহাটের রামপালে জাল জালিয়াতির মাধ্যমে জমি রেজিস্ট্রেশন করার অভিযোগে সাবরেজিস্টার নাহিদ জাহান মুনাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। ভুয়া দাতা সাজিয়ে মৃত রণজিৎ কুমার পালের জমি রেজিষ্ট্রেশন করে নেওয়ার ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাগেরহাটের পিবিআই ইন্সপেক্টর আশরাফুল আলম গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বাগেরহাট জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে এ প্রতিবেদন দাখিল করেন।
জানা গেছে, উপজেলার বড়দিয়া গ্রামের মৃত রণজিৎ কুমার পালের জমি উপজেলার গিলাতলা গ্রামের দীনেশ চন্দ্র পালের নামে ০.৬০ একর জমি রেজিস্ট্রি করা হয়। গত ইংরেজি ০৭-০২-২০২৩ তারিখ রামপাল সাব-রেজিস্টার নাহিদ জাহান মুনা ভুয়া দাতার মাধ্যমে জমিটি রেজিষ্ট্রেশন করেন, যার দলিল নম্বর ৩৪৪। বিষয়টি জানতে পেরে জমির মালিক রণজিৎ কুমার পালের ছেলে বিশ্বজিৎ পাল গত ইংরেজি ২৯-০৩-২০২৩ তারিখ বাগেরহাটের বিজ্ঞ আদালত (রামপাল) -২ এ পিটিশন মামলা নং ২৫/২০২৩ দায়ের করেন। বিজ্ঞ আদালতের বিচারক বাগেরহাটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এমতাবস্থায় সাংবাদিকদের মাধ্যমে সংবাদ পেয়ে সাব-রেজিস্টার নাহিদ জাহান মুনা ওই ভুয়া দাতা জগদীশ চন্দ্র মন্ডলকে ডেকে এনে প্রকৃত জমির মালিক রণজিৎ কুমার পালের নামে আরও একটি ফেরত দলিল রেজিষ্ট্রেশন করেন। যার দলিল নম্বর ৯৩৪/২০২৩, তারিখ ০৪-০৪-২০২৩। এতে প্রমাণিত হয় সাবরেজিস্টার নাহিদ জাহান মুনা জাল জালিয়াতির সাথে জড়িত রয়েছেন পিবিআই এর তদন্তের উঠে এসেছে।

পিবিআই বাগেরহাটের পুলিশ সুপার মো. আব্দুর রহমান আদালতের কপি হতে পেয়ে তদন্তের দায়িত্ব দেন ইন্সপেক্টর আশরাফুল আলমকে। তিনি দীর্ঘ তদন্ত শেষে সাব-রেজিস্টার নাহিদ জাহান মুনা, ভুয়া দাতা জগদীশ চন্দ্র মন্ডল, ইউপি সচিব রতন কুমার পাল, তার পিতা দীনেশ চন্দ্র পাল, রীতা রানী পাল, দলিল লেখক সবুজ মন্ডল, সৈয়দ গালিব হোসেন ও রথীন কুমার পালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।
সাবরেজিস্টার নাহিদ জাহান মুনার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়টি তিনি বরাবরই অস্বীকার করে আসছেন। জাল জালিয়াতির বিষয়টি জানার পরেও পুনরায় একই ভুয়া দাতা জগদীশ চন্দ্র মন্ডলকে দিয়ে কেন জমি রেজিষ্ট্রেশন করা হয়েছে ? এমন প্রশ্নের সঠিক উত্তর তিনি দিতে পারেননি।

বাগেরহাটের পিবিআই ইন্সপেক্টর আশরাফুল আলম আদালতে প্রতিবেদন দাখিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। অপরদিকে মামলার বাদী বিশ্বজিৎ পালের আইনজীবি আলী আকবর ও নিমাই চন্দ্র বাগেরহাটের আদালতে পিবিআই এর প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। বিবাদীরা প্রভাবশালী হওয়ায় বাদী বিশ্বজিৎ পাল মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।#

চুয়াডাঙ্গার ক্লিনিকের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ অজ্ঞান করার ইনজেকশন থাকায় জরিমানা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার মদীনা ক্লিনিক ও গ্রীন লাইফ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার অধিদ্ফতরের অভিযানে দুই ক্লিনিক মালিককে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার দুপুর ২ টায় চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল এলা সড়কে ক্লিনিকে জেলা স্বাস্থ্য বিভাগ ও ভোক্তার অধিকার অধিদফতরের নেতৃত্বে এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গা অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, সেনেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
চিকিৎসক মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান বলেন, মেয়াদোত্তীর্ণ অজ্ঞান করার ইনজেকশন কোন রোগীর শরীরে পুষ করা হলে মৃত্যুও হতে পারে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনায় চুয়াডাঙ্গা শহরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মদিনা ক্লিনিকের ফ্রীজ থেকে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ অজ্ঞান (অ্যানেসথেসিয়া) করার ইনজেকশন উদ্ধার করা হয়।
একই সাথে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৫২ ধারায় মালিক হুমায়ন কবিরকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।অপরদিকে, গ্রীন লাইফ মেডিকেল সেন্টারে বিভিন্ন ধরনের পরীক্ষা করার মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট উদ্ধার করা হয়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আরফিনা খাতুনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান বলেন, স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিদফতরের যৌথভাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালিয়েছে। মেয়াদোত্তীর্ণ অজ্ঞান করার ইনজেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই ইনজেকশন রোগীকে পুশ করা হয়ে মৃত্যুও হতে পারে।সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, মেয়াদোত্তীর্ণ অজ্ঞান করার ইনজেকশন, রি-এজেন্ট উদ্ধার সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ক্লিনিক মালিককে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুবি শিক্ষক সমিতির আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে ২৮ ফেব্রুয়ারি (বুধবার) শিক্ষকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এ ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। শিক্ষকরা খেলাধুলায় সম্পৃক্ত হলে তাদের তারুণ্য ফুটে ওঠে। তিনি এই খেলায় অংশগ্রহণকারী শিক্ষক এবং আয়োজক শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। পরে তিনি ব্যাটিং করে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী। এ সময় শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুবি উপকেন্দ্রে ঢাবির ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার, পরীক্ষার্থী ৬৩১৫ জন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে আগামী ০১ মার্চ (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রেভারেন্ড পলস্ হাই স্কুলে অনুষ্ঠিত হবে। এ দিনের ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৬০০০০১ থেকে ১৬০৫০০০ পর্যন্ত মোট ৫ হাজার জন এবং রেভারেন্ড পলস্ হাই স্কুলে ১৬০৫০০১ থেকে ১৬০৬৩১৫ পর্যন্ত মোট ১ হাজার ৩১৫ জন পরীক্ষার্থীর আসন রয়েছে।

সুন্দরবনে চরপাটা জালে মাছ ধরার অনুমতি দেয়ার দাবিতে জেলেদের মানববন্ধন
কয়রা(খুলনা) প্রতিনিধি

সুন্দরবনে চরপাটা জাল নিষিদ্ধ করা-সংক্রান্ত বনবিভাগের নির্দেশনা বাতিলের দাবি জানিয়েছে সুন্দরবনের উপর নির্ভরশীল জেলেরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে মানববন্ধন করেছেন বনজীবী জেলে সম্প্রদায়ের কয়েকশ নারী-পুরুষ। খুলনার করারা উপজেলার সর্বস্তরের জেলে বাওয়ালীরা এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে কর্মসূচিতে জেলে বাওয়ালিদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, সুন্দরবন সংলগ্ন উত্তর বেদকাশী ইউনিয়নের ইউপি সদস্য রেজাউল করিম, মহারাজপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবু সাইদ মোল্যা, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, ইউপি সদস্য মুর্শিদা খাতুন, মৎস্য ব্যবসায়ী শেখ নুরুল হুদা, আমিরুল ইসলাম খোদা বক্স গাইন, সুন্দরবনের জেলে মোস্তফা সানা, মোল্যা আক্তারুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন সুন্দরবনের জেলে মোল্যা আক্তারুল ইসলাম বলেন, সুন্দরবনে ঘন ফাঁসের জাল নিষিদ্ধ। আমরা অবৈধ জাল ব্যবহার না করে বড়ো ফাঁসের চরপাটা জালে মাছ ধরে সংসার চালাই। তবে গত এক সপ্তাহ ধরে বনবিভাগ চরপাটা জালে মাছ ধরতে দিচ্ছে না। চরপাটা জাল বন্ধ করায় জেলেরা এখন বনে যাচ্ছে না, এখন বনে যাচ্ছে বিষ দস্যুরা। জেলেরা বনে থাকলে অপরাধীরা সুযোগ পায়না। তাই চরপাটা জালে মাছ ধরার অনুমতি দিয়ে গরিব জেলেদের বনে যাওয়ার সুযোগ দিন।

সুন্দরবনের জেলে মোস্তফা সানা বলেন, আইন হলে সকলের জন্য হোক। এখন শুধু খুলনা ও সাতক্ষীরা জেলার আওতায় থাকা সুন্দরবনের জেলেদের জন্য চরপাটা বন্ধ হয়েছে। বাকিদের জন্য হয়নি। অবিলম্বে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী জানাই।

সুন্দরবন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) নির্মল কুমার বলেন, এক বছর আগে মৎস্য অধিদপ্তর থেকে জেলেদের চরপাটা জাল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক জেলে গোপনে জাল দিয়ে মাছ শিকার করে আসছিলেন। গত ২১ ফেব্রুয়ারি ঊর্ধ্বতন বন কর্মকর্তাদের নির্দেশে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, পশ্চিম বন বিভাগের কর্মকর্তা চরপাটা জাল বন্ধে একটি নির্দেশনা দিয়েছেন এমনটি শুনেছি। কিন্তু আমাদের বিদ্যমান ম্যানেজমেন্ট পরিকল্পনায় এ ধরনের চরপাটা জলের বিষয়ে কোন বিধি-নিষেধ নেই। আমাদের ব্যবস্থাপনা পরিকল্পনায় নিষিদ্ধ জলের তালিকায়ও চরপাটা জালের উল্লেখ নেই।

রামপালে প্রতারণা করে স্ত্রী বিলকিসকে তালাক ও মারপিটের অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
যশোরের গার্মেন্টস কর্মী বিলকিস বেগম নামের এক গৃহবধূকে প্রতারণা করে তালাক দেয়া ও ৬ মাসের পুত্র সন্তানসহ তাকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বিলকিস বেগম তার সন্তান শিশু রুম্মানকে নিয়ে বিপাকে পড়েছেন। সে স্বামীর সংসার ও ছেলের পিতৃত্বের দাবীতে স্বামীর বাড়িতে ধর্ণা দিচ্ছেন।

জানা গেছে, যশোরের মনিরামপুর উপজেলার চাকলা গ্রামের নওশের গাজীর মেয়ে বিলকিস বেগমকে দুই বছর পূর্বে ভালোবেসে বিয়ে করেন রামপাল উপজেলার কুমলাই গ্রামের ইকরাম শেখ। সেই সংসারে রুম্মান শেখ নামের ৬ মাস বয়সী এক শিশু পুত্র রয়েছে। সংসারের সুখের কথা চিন্তা করে বিলকিস স্বামী ইকরামকে মোটরসাইকেল, বাড়িতে ঘর বাঁধার জন্য মোটা অংকের টাকা দেয়। ঢাকায় গার্মেন্টসে চাকুরি করে জমি রাখা সব অর্থ নিয়ে স্বামী ইকরাম প্রতারণা করে কাগজে টিপ সহি নিয়ে কথিত তালাক দেয়। প্রতারণা করে ওই ইকরাম নোটারী পাবলিকের থেকেও একটি তালাকের ঘোষণা দেয়। গত ইংরেজি ২৬ ফেব্রুয়ারী সোমবার দুপুর সাড়ে ৩ টায় স্বামীর বাড়িতে যার বিলকিস। বাড়িতে ঢোকার পথে পুকুর পাড়ে ফেলে স্বামী ও তার স্বজনরা মারপিট করে। ওই সময় তারা শিশু রুম্মানের গলা চেপে ধরে। স্থানীয়রা তাদের উদ্ধার করে।
এ বিষয়ে অভিযুক্ত ইকরাম শেখের সাথে তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করলেও সে ফোন রিসিভ করেননি। এলাকাবাসী ভুক্তভোগী বিলকিস বেগমের পক্ষে সুবিচার দাবী করেছেন।

 

 

 

 

কয়েলের আগুনে মরল ১৫ ছাগল, পথে বসার উপক্রম দরিদ্র পরিবারের
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি হতদরিদ্র পরিবারের ১৫টি ছাগল পুড়ে মারা গেছে। জীবন-জীবিকার একমাত্র আয়ের উৎস ছাগলগুলো হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে পরিবারটির।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জেলার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী এক যুবক জানান, রাতে অনবরত ছাগলের ডাক শুনে তিনি ঘরের বাইরে বেরিয়ে দেখেন জয়নাল হোসেনের গোয়ালঘরে আগুন জ্বলছে। তিনি দ্রুত এসে সবাইকে ডাকেন। এরপর পানি দিয়ে আগুন নেভানো হয়। ততক্ষণে ছাগলগুলো পুড়ে মারা যায়।

ভুক্তভোগী জয়নাল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, এ ছাগলগুলো লালন-পালন করে তার সংসার চলে। গোয়ালে ১৬টি ছাগল ছিল। এর মধ্যে একটি ছোট বাচ্চা ছাড়া সব ছাগল পুড়ে মারা গেছে। এতে তার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য তৌফিকুর রহমান টিটু জানান, জয়নাল হোসেন গ্রামের একজন হতদরিদ্র মানুষ। ছাগল পালনই ছিল তার আয়ের একমাত্র উৎস। মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে তার সব ছাগল পুড়ে মারা গেছে। বিষয়টি খুবই দুঃখের।

এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে ঘটনাটি জানিয়েছেন। আমি ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদান পাওয়ার জন্য দরখাস্ত করতে বলেছি।

রাস্তার উপর পড়ে ছিল আ.লীগ নেতার রক্তাক্ত লাশ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নকিব আকবর আলীর (৭২) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে বাগেরহাট শহরসংলগ্ন মুনিগঞ্জ টোলপ্লাজার কাছে রাস্তার উপর রক্তাক্ত দেখতে পেয়ে পথচারীরা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। মৃত অবস্থায় নকিব আকবর আলীকে হাসপাতালে আনা হয়েছিল বলে দাবি চিকিৎসকের।

নকিব আকবর আলী বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

মঙ্গলবার আদালতে মামলার কাজ শেষে রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি।

হাসপাতালে নিয়ে আসা পথচারীদের দাবি, মুনিগঞ্জ টোলপ্লাজার আঞ্চলিক মহাসড়কের উপর নকিব আকবর আলীর রক্তাক্ত দেহ এবং তার মোটরসাইকেল পড়েছিল। পরে তারা একটি ইজিবাইকে করে আকবর আলী এবং তার মোটরসাইকেল বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে আসেন। তাদের ধারণা আকবর আলী মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন।

নকিব আকবর আলীর জামাতা অ্যাডভোকেট এনামুল হোসেন বলেন, এটা একটা হত্যাকাণ্ড হতে পারে। তার চোখ, কপাল ও মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তার অনেক শত্রু রয়েছে, তদন্ত করে সঠিক ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তিনি।

বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, এটি হত্যা বা দুর্ঘটনা কোনোটিই স্পষ্ট করে বলতে পারছি না। তদন্তপূর্বক এ মৃত্যুর কারণ উদঘাটনের জন্য পুলিশের ভূমিকা রাখতে হবে। তার মৃত্যুতে সদর উপজেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে।

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পার্শা সানজানা বলেন, নকিব আকবর আলীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বাগেরহাট মডেল থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার সরদার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জেলা পরিষদের জমির গাছ কাটল কারা
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া জেলা পরিষদের জমিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের লাগানো তিনটি মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বাকি পাঁচটি গাছের শাখা-প্রশাখা কেটে দেওয়া হয়েছে। জমির ইজারা গ্রহীতারা বলছেন, তারা গাছ কাটেননি। আর জেলা পরিষদের কর্মকর্তাদের ভাষ্য, কাটার অনুমতি দেওয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগ, জেলা পরিষদের জমিতে মার্কেট নির্মাণের সঙ্গে যুক্তরা গাছ কেটেছেন। গত শুক্রবার ছুটির দিনে খোকসা পৌর এলাকার যুব সংঘ ক্লাব-সংলগ্ন জেলা পরিষদের জমির গাছগুলো কাটা হয়। সোমবার বিষয়টি সবার নজরে আসে।
জানা গেছে, খোকসা যুব সংঘের নামে ইজারা নেওয়া জমিতে আটটি মেহগনি গাছ বেড়ে উঠেছে প্রায় দুই যুগ ধরে। সম্প্রতি পৌরসভার ১২ জন কাউন্সিলর ও দুই প্রভাবশালী ব্যবসায়ীসহ কয়েকজন যুব সংঘ ক্লাবের জমির কিছু অংশসহ পাশের জমি নতুন করে ইজারা নেন। সেখানে ২৩টি ঘর নির্মাণ করা হয়েছে। তবে গাছের কারণে ছয়টি ঘর নির্মাণে বাধা তৈরি হচ্ছিল।
গত শুক্রবার তিনটি মেহগনি গাছ কেটে ফেলার পাশাপাশি অন্যগুলোর শাখা-প্রশাখা কেটে দেওয়া হয়েছে। সরেজমিন জানা গেছে, ১৯৭৮ সালে ক্লাবের নামে ১৭০ ফুট জমি ইজারা দেওয়া হয়। সে জমির ৪০ ফুটের ওপর ক্লাবঘর ও ১৩০ ফুট জায়গায় মার্কেটে ১৩টি দোকান রয়েছে। ইজারা পাওয়া জমিতেই লাগানো হয়েছিল গাছগুলো।
সম্প্রতি ২৯ জনের নামে নতুন করে লিজ দেওয়া হয়েছে। তারা মার্কেট নির্মাণের কাজ করছেন। ক্লাব মার্কেটের ব্যবসায়ীরা গাছ কাটায় জড়িতদের নাম প্রকাশ করতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাবের কয়েকজন সদস্য ও এক কর্মকর্তা মার্কেট নির্মাণের দায়িত্বে থাকা ও ইজারা পাওয়া এক ব্যবসায়ীর দিকে অভিযোগের তীর তুলেছেন।
ব্যবসায়ী ওলির ভাষ্য, শুক্রবার বিকেলে তিনি মার্কেটের পেছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে গাছ কাটার শ্রমিকরা তাঁকে বাধা দেন। শ্রমিকদের দেখলে তিনি চিনবেন বলে জানান। যুব সংঘের সভাপতি আশরাফুজ্জামান বলেন, তিনি নেতাদের সঙ্গে কথা বলে গুঁড়িগুলো রাখতে পেরেছেন। ক্লাবের অনেক সদস্যই গাছ কাটার সঙ্গে জড়িতদের চেনেন।
এ বিষয়ে ব্যবসায়ী নাজমুল হক লাভলু বলেন, ছয়জন কাউন্সিলর দোকান নির্মাণ করেছেন। তাঁর দোকান আগেই নির্মাণ হয়েছে। গাছ ক্লাব লাগালে তাদেরই পাওয়ার কথা। সেগুলো কাটার বিষয়ে তিনি কিছু জানেন না। লিজ পাওয়া আরেক ব্যবসায়ী রতন কুমার মণ্ডলের ভাষ্য, তারা গাছ কাটেননি।
৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসেম আলী বলেন, ১২ জন কাউন্সিলরের মধ্যে তার নামেও ইজারা হয়েছে। তবে তাঁর অংশ কোথায় জানেন না। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদীন বলেন, কাউকে গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটে পোড়ানো হল ৯৪ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ৯৪ কেজি গাজা, ৩৩ বোতল ফেনসিডিল ও এক হাজার ৫২০ ইয়াবা ডিজেল দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলামের উপস্থিতিতে আদালত চত্বরে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর আগে ১৪ ফেব্রুয়ারি জেলার ফকিরহাট উপজেলার লখপুর এলাকার একটি ভাড়াবাড়ি থেকে ৯৪ কেজি গাজা, ৩৩ বোতল ফেনসিডিল ও এক হাজার ৫২০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, খুলনা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেল বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলামের উপস্থিতিতে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও মাদক নিয়ন্ত্রণে এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় স্ত্রীকে হত্যার দায়ে বাসুদেব ওরফে বাপ্পি কর্মকার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম সাইফুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান। এ মামলার অন্য চার আসামিকে অব্যাহতি দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত বাসুদেব ওরফে বাপ্পি কর্মকার কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের বাবুল কর্মকারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, পিরোজপুর উপজেলার মঠবাড়িয়া থানার চরকাছারিয়া সুবোধ কুমারের মেয়ে সেতু রানিকে আসামি বাসুদেব শাহসহ কয়েকজন অপহরণ করে বিবাহ করেন। পরবর্তীতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বসবাস করেন তারা। পরে এলাকায় এসে বসবাস করতে থাকেন ও স্বর্ণের ব্যবসা শুরু করেন। তার স্ত্রীকে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন ও বাবার কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নেন।

২০০৬ সালের ৬ আগস্ট ৮ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন। অসুস্থ হয়ে পড়লে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৮ আগস্ট কচুয়া থানায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন। বুধবার সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।

সোনাডাঙ্গা থেকে অপহৃত প্রবাসীর স্ত্রীকে চারমাস পর উদ্ধার করেছে সিআইডি
স্টাফ রিপোর্টার।।
সোনাডাঙ্গা থেকে অপহৃত প্রবাসীর স্ত্রীকে চারমাস পর উদ্ধার করেছে সিআইডি একই সাথে অগহৃতার কাছ থেকে নেয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়েছে। কেএমপির সোনাডাঙ্গা থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার (মামলা নং-৩৩, তারিখ-২৫/১০/২০২৩) প্রধান আসামী মোঃ রুবেল হাওলাদারকে গ্রেফতার করেছে সিআইডি। সিআইডি খুলনা মেট্রো এন্ড জেলার অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমীন’র নিদের্শনায় মামলার আইও নজরুল ইসলাম গত ২২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ থেকে গ্রেফতার করেছেন। আসামি মোঃ রুবেল হাওলাদার বাগেরহাট সদরের বাশঁবাড়িয়া গ্রামের খলিল হাওলাদার ও তাহমিনা বেগম দম্পত্তির ছেলে। আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করলেন আদালত ০২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। গত ২৬ ফেব্রুয়ারি রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে আসামি মোঃ রুবেল হাওলাদার (৩৩) স্বীকার করেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইতালি প্রবাসীর স্ত্রী ভিকটিমকে গতবছর ০৫ অক্টোবর সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে অন্যান্য আসামীদের সহযোগিতায় একটি কালো রংয়ের মাইক্রোবাসে ভিকটিমের পিতার বাড়ির সামনের রাস্তা থেকে চেতনা নাশক ঔষধ ভিকটিমের নাকে দিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে ঢাকা মহানগরীর দক্ষিনখান থানাধীন আমতলা নোয়াপাড়া সাইমুদ্দিন রোড মোঃ মোস্তাফিজুর রহমান এর মালিকানাধীন ভাড়া বাড়িতে আটকে রেখে এবং ধর্ষণ করে। আসামির স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন সঙ্গীয় অফিসার ঢাকাস্থ মোঃ মোস্তাফিজুর রহমান (৪৬) এর মালিকানাধীন ভাড়া থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। ভিকটিমের ২০ (বিশ) ভরি স্বর্ণালোংকারের বিষয়ে জিজ্ঞাসাবাদে আসামি স্বীকারোক্তি অনুযায়ী ঢাকা ও বাগেরহাটের বিভিন্ন জুয়েলারি দোকান থেকে কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ভিকটিমকে অপহরণের পর ভিকটিমের নিকট থাকা ২০ (বিশ) ভরি স্বর্ণালংকারের মধ্য থেকে উদ্ধার হওয়া স্বর্ণ বাদে বাকী স্বর্ণ উদ্ধারে ব্যাপক চেষ্টা অব্যাহত আছে।
সিআইডি খুলনা মেট্রো এন্ড জেলার অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমীন বলেন, সিআইডি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীকে গ্রেফতারে সক্ষম হয়েছে। আসামীর স্বীকারোক্তি মতে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। একই সাথে কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। বাকি স্বার্ষালঙ্কার উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

ময়ূর নদ রক্ষার দাবিতে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে নদী কমিশনে বাপা’র স্মারকলিপি প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর পশ্চিম-দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত ময়ূর নদসহ এ নদ সংযুক্ত ক্ষেত্রখালী, হাতিয়া নদীর ২২ কিলোমিটার খননপূর্বক নদটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ নদী কমিশনের চেয়ারম্যান বরাবর বুধবার বেলা ১টায় স্মারকলিপি প্রদান করা হয়। খুলনা জেলা প্রশাসক ইয়াসির আরেফীন এর অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মণ্ডল এ স্মারকলিপি গ্রহণ করেন। সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোঃ বাবুল হাওলাদার স্বাক্ষরিত এ স্মারকলিপিতে বলা হয়, নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপ্রবণ এলাকার মানুষ হিসেবে নদী কমিশনের নিকট আমাদের প্রত্যাশা অনেক বেশি।
সারা দেশের ন্যায় খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত বিশেষত মনুষ্যসৃষ্ট নানা কারণে এ অঞ্চলের নদ-নদী, খাল-জলাশয় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে রুগ্ন-ঝুঁকিপূর্ণ অবস্থায় বলা চলে মৃত্যুর প্রহর গুণছে। অনেক নদী ইতোপূর্বে অস্তিত্ব হারিয়েছে। অনেক নদী বিশেষ করে নদীর সংযুক্ত খালসমূহ স্থায়ীভাবে মানুষের আবাসস্থলে পরিণত হয়েছে। ভূমিদস্যু-জমিখেকো-লুটেরাদের প্রধান লক্ষ্য নদী-খাল-জলাশয়। যত্রতত্র, যথেচ্ছা অপরিকল্পিত নগরায়ন এ অমূল্য সম্পদ বিলীন হওয়ার একটি অন্যতম কারণ।
খুলনা মহানগরীর পশ্চিম-দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া ময়ূর নদসহ এ নদ সংযুক্ত ক্ষেত্রখালী, হাতিয়া নদীর দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার, রয়েছে প্রায় ২২টি সংযুক্ত খাল। মূলত এখন আমরা এ নদটি খুলনা মহানগরীর পাশ দিয়ে বয়ে গেছে বললেও রূপসা-ভৈরব এবং এ ময়ূর নদকে কেন্দ্র করেই খুলনা মহানগরীর গোড়াপত্তন। বড় শহর হিসেবে গড়ে ওঠার নেপথ্যে একসময়কার প্রশস্ত-খরস্রোতা এ ময়ূর নদটির ভূমিকা ছিলো অনন্য। প্রচলিত আছে, সৌন্দর্যের কারণেই এ নদটির নাম ময়ূর হয়ে ওঠে। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের নিকট আমরা এ নদটিতে লঞ্চ-স্টিমারসহ সবধরনের নৌযান চলাচলের কথা শুনতে পাই। ইতিহাসও তাই সাক্ষ্য দেয়। তৎকালীন খুলনা শহরে ধান, পাট, সুপারি, নারিকেল, কৃষিজাত পণ্য, খুলনা নিউজপ্রিন্ট মিলের কাঁচামাল গেঁওয়া, গোলপাতা, সুন্দরি, গরাণ, বাঁশ, মধু, মাছ প্রভৃতির একটা বড় অংশ এ নদের মাধ্যমে আসতো। দুর্ভাগ্যজনকভাবে অধিক জনসংখ্যা, মানুষের স্বার্থপরতা, লোলুপ লেলিহান দৃষ্টি, অসচেতনতা প্রভৃতির ফলশ্রুতিতে এ নদটি এখন দু’পাড়ের বিশেষ করে খুলনা নগরবাসীর বর্জ্যরে ভাগাড়ে পরিণত হয়েছে। নেই কোনো প্রবাহ, জোয়ার-ভাটার লেশমাত্র। রূপসা নদীর সাথে এ নদটির মিলনস্থল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা মৌজার আলুতলা নামক স্থানে অপরিকল্পিতভাবে নির্মিত স্লুইসগেট (১০ গেট) এর যথাযথ পরিচালনার অভাবে এ নদটির করুণদশা সৃষ্টির কাজটি আরও বেশি ত্বরান্বিত হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশন ‘জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন’ প্রকল্পের আওতায় ময়ূর নদ ও সংযুক্ত ক্ষেত্রখালী এবং হাতিয়া নদীর প্রায় ২২ কিলোমিটার দৈর্ঘ্যরে মধ্য হতে ‘ময়ূর নদ’ নামীয় অংশ অর্থাৎ সাড়ে ৫ কিলোমিটর খনন প্রকল্প গ্রহণ করেছে। কিন্তু একটি নদ বা নদীর আংশিক খনন করে সেটি পুনরুদ্ধার বা রক্ষা মোটেই বিজ্ঞানসম্মত নয়। এতে করে এ নদটি রক্ষা তো সম্ভবই নয়, খুলনা সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনেও তেমন কোনো কাজে আসবে না বরং রাষ্ট্র তথা জনগণের অর্থ অপচয়ই হবে; যা ইতোপূর্বে প্রমাণিত।
এ নদটি খুলনা-যশোরের বিল ডাকাতিয়া হতে উৎপত্তি হয়ে ক্ষেত্রখালী/খুদিয়া নাম ধারণ করে খুলনা মহানগরীর বয়রা শ্মশানঘাট এলাকায় এসে ময়ূর নদ নাম ধারণ করে বটিয়াঘাটার বুড়ো মৌলভীর দরগাঁহ সংলগ্ন ত্রিমোহনীতে পুনরায় নাম পরিবর্তিত হয়ে হাতিয়া নাম ধারণ করে আলুতলা এলাকায় রূপসা নদীতে মিশেছে। এ নদটি রক্ষায় পুরো ২২ কিলোমিটার এবং সংযুক্ত খালসমূহ একটি সমন্বিত প্রকল্পের আওতায় এনে খনন করে প্রবাহ তথা স্বাভাবিক জোয়ার-ভাটা নিশ্চিত করে, সংরক্ষণ করতে পারলে এ অঞ্চলের পরিবেশ-প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে, তাতে কোনো সন্দেহ নেই।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, শিকক্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌর্ধরী সোহেল, মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন, কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার মোঃ আবু তাহের, এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তোবারক হোসেন তপু, সোনালী ব্যাংক লিঃ-এর সাবেক ডিজিএম এস এম মনিরুজ্জামান, খোদেজা ফাউন্ডেশনের খ ম শাহিন, প্রবর্তন খুলনার সমন্বয়কারী শিরিনা পারভীন, খুলনা নদী সংরক্ষণ ও দক্ষিণ বর্জ্য উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল তারেক তুষার, অভিনয় শিল্পী সুমা বড়াল, সোনিয়া খাতুন, শেখ রিয়াজউদ্দিন প্রমুখ।

দাকোপে মৎস্য চাষি মাঠ স্কুল প্রতিষ্ঠা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের প্রত্যন্ত কচা গ্রামে মৎস্যচাষি মাঠ স্কুল প্রতিষ্ঠা উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ফেব্রুয়ারি) সকাল ১০টায় কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতা কর্মশালা অনুষ্ঠিত। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ উদ্যোগে এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসালিটি (জিইএফ) এর অর্থায়নে এ কর্মশালা। জলবায়ু পরিবর্তনের দিক দিয়ে এই উপজেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস, জলবায়ু সহনশীল মাছচাষ ও উন্মুক্ত জলাশয়ের মৎস্যসম্পদ সংরক্ষণ কার্যক্রমকে উপজীব্য করে এই প্রকল্প বিগত ৩বছর ধরে দাকোপের বিভিন্ন এলাকায় মাছচাষি ও মৎস্যজীবী পরিবারদের অন্তর্ভূক্ত প্রকল্প কাজ করছে। এই কার্যক্রমকে টেকসই এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে প্রকল্প মৎস্যচাষি মাঠ স্কুল প্রতিষ্ঠার জন্য কর্মশালায় উপস্থিত ৫০জন নারী-পুরুষকে মৎস্যচাষি মাঠ স্কুল বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রনয়ন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার। সঞ্চালন করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মাছুদুর রহমান। উপস্থিত ছিলেন মাছচাষি, মৎস্যজীবী, বনজীবী, কৃষিজীবী ও অন্যান্য কর্মজীবী প্রতিনিধিগণ।

কপিলমুনিতে হুমকি ও ষড়যন্ত্র থেকে রেহাই পেতে লোহাপট্টির ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনির লোহাপট্টির লোহা ব্যবসায়ী পঙ্কজ কর্মকার ও তার ছেলে রামপ্রসাদ কর্মকারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে লোহা ব্যাবসায়ীরা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনে লোহা ব্যবসায়ী ষষ্ঠী কর্মকার, গৌর কর্মকার, প্রকাশ কর্মকার, গণেশ কর্মকার, শৈলেন কর্মকার, ভোলা কর্মকারসহ অনেকে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। লিখিত সংবাদ সম্মেলনে ওই লোহা ব্যবসায়ীরা বলেন, পঙ্কজ কর্মকার ও তার ছেলে রামপ্রসাদ কর্মকার সপ্তাহের সব দিন দোকান খুলে তারা ব্যবসা পরিচালনা করলেও আমাদের মাত্র সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার ছাড়া দোকান খুলতে দিচ্ছে না। হাটবার ছাড়া অন্যদিন দোকান খুলে ব্যবসা পরিচালনা করলে পিতা পুত্রের অশ্রাব্য গালিগলাজ সহ নানা নির্যাতন, ষড়যন্ত্র ও মিথ্যা মামলার শিকার হতে হচ্ছে। অধিক লাভের আশায় সম্পূর্ণ গায়ের জোরে এই লোহা পট্টিতে এমনটি করছেন পঙ্কজ কর্মকার ও তার ছেলে।

সংবাদ সম্মেলনে তারা আরো জানান, পঙ্কজ কর্মকারের এমন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করায় পঙ্কজ কর্মকার ও তার ছেলে রামপ্রসাদ ভাড়াটিয়া লোক দিয়ে প্রকাশ্য দিবালোকে ব্যবসা প্রতিষ্ঠানে লোহা ব্যবসায়ী গৌর কর্মকারের গলায় ধারালো দা ঠেকায়। এ সময় গৌর কর্মকারের আত্মচিৎকারে আশেপাশের ব্যবসায়ীরা এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় গৌর কর্মকার গত ১১/৮/২৩ ইং তারিখে পঙ্কজ ও তার ছেলে রামপ্রসাদ সহ ৩ তিনজনের বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন, ডায়েরি নং ৫৬৪। ব্যবসায়ীরা বলেন, এ ঘটনার তদন্তে সত্যতার প্রমাণ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বরং পঙ্কজ কর্মকারের ছেলে রামপ্রসাদ কর্তৃক ৪ নিরীহ ব্যবসায়ীর বিরুদ্ধে একটা মিথ্যা জিডি করে নিয়মিত মামলায় দেওয়া হয়েছে, জিডি নং ৮১৭, তারিখ ১৬/৮/২৩ ইং। এ ঘটনায় ব্যবসায়ীরা জানান, পঙ্কজ কর্মকার জিডির তদন্ত কর্মকর্তা এসআই সুজিত ঘোষকে প্রভাবিত করে তদন্ত তাদের অনুকূলে নেয়।
লিখিত বক্তব্যে আরও জানান, মিথ্যা জিডির ঘটনায় বিজ্ঞ আদালত আমাদের জামিন দেওয়ার পর পঙ্কজ ও তার ছেলে আমাদেরকে ভয়ভীতি ও হুমকি ধামকি দেওয়া সহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পিতা-পুত্রের নির্যাতন, মিথ্যা মামলা ও অব্যাহত ষড়যন্ত্রের হাত থেকে রেহাই পেয়ে লোহা পট্টিতে সুষ্ঠুভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ীরা।

 

চাঁদা না দেওয়ায় হিজড়াদের মারপিটের শিকার গৃহবধু
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনিতে চাঁদার টাকা না দেওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটের শিকার হয়েছেন এক গৃহবধু। এমন ঘটনায় এলাকার মানুষ রীতিমত ভীত সন্ত্রস্ত হয়ে হয়ে পড়েছেন।

অভিযোগে জানাযায়, কপিলমুনির পার্শ্ববর্তী প্রতাপকাটী গ্রামের আঃ সবুর আল আমীনের বাড়ীতে সোমবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে শাপলা ও চন্দনা নামের ২ জন হিজড়া প্রবেশ করে। এসময় সবুর আল আমীনের স্ত্রী মহিলা আ’লীগের নেত্রী রাবেয়া বেগম বাড়ীতে ছিলেন। সবুর আল আমীন ও রাবেয়া দম্পতির ছেলে আব্দুল রহিম গাজীর ১ মাস ৯ দিনে আগে শিশু সন্তানের জন্ম হয়। মুলত নব জাতক জন্মের খবরেই হিজড়ারা তার বাড়ী প্রবেশ করে। অভিযোগে ভুক্তভোগী রাবেয়া বেগম জানান, ২ হিজড়া বাড়ীতে প্রবেশ করেই নব জাতকের জন্ম হয়েছে সে জন্য তাদেরকে ৫ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবী করে। এসময় অসহায় রাবেয়া তাদেরকে অনুনয় বিনয় করে ১ হাজার টাকা দিলে বাকী টাকা পরে দেওয়ার কথা বললে তারা ভীষণ ক্ষিপ্ত হয়ে রহিমের স্ত্রীর কোল থেকে নব জাতককে টেনে হিচড়ে তাদের কাছে নেওয়া চেষ্টা করতে থাকে, এসময় অবুঝ বাচ্চা চিৎকার করে কাঁদতে থাকে। বাঁধা দিলে নব জাতক আবু সুফিয়ানকে তারা বার বার কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে বাচ্চার দাদী রাবেয়াকে মারধর করে চেয়ারও টুল ছুড়ে মারতে থাকে হিজড়ারা, এতে রাবেয়া শারীরিক ভাবে আহত হন।
এ বিষেয়ে আহত ভুক্তভোগী রাবেয়া বলেন, আমার ছেলের ছেলে হয়েছে তাই শাপলা ও চন্দনা নামের হিজড়া ৫ হাজার টাকা চাঁদা চায়, আমি নগদে ১ হাজার টাকা দিয়ে বাকী টাকা পরে দেওয়ার কথা জানালে অকথ্য ভাষার গালিগালাজ করাসহ মারপিট করে রক্তাক্ত করে আমাকে আহত করে। আমি এখনো পর্যন্ত তাদের ভয়ে আতংকিত হয়ে আছি। বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযোগ রয়েছে, এই হিজড়া ২ জন এলাকায় শিশু জন্ম নিলেই সেই বাড়ীতে গিয়ে মোটাংকের চাঁদা দাবী করে, চাঁদা না দিলে তারা তান্ডব চালায়।
অভিযুক্ত শাপলা ও চন্দনার বক্তব্য জানার জন্য তাদের ব্যবহৃত মোবাইল ফোনে কল করলেও তারা ফোন ধরেন নি।

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময়সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দেবহাটা সার্কেল এস এম জামিল আহমেদ, মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া, পৌরসভার প্রধান নির্বাহী নাজিম উদ্দীন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামসহ আরো অনেকে।