মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
সুন্দরবন পূর্ব বনবিভাগের (বাগেরহাট) শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার খাল থেকে প্রাপ্তবয়স্ক একটি পুরুষ রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছেন বন বিভাগ। সোমবার দিবাগত মধ্যরাতে মৃত এ বাঘটি খালে ভাসতে দেখেন বনপ্রহরীরা। পরে বাঘ সেখান থেকে উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার সকালে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়ন তদন্ত করতে কচিখালী এলাকায় প্রাণীসম্পদ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বনবিভাগ।
খুলনাঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো জানান, কি কারণে প্রাপ্তবয়স্ক পুরুষ এই রয়েল বেঙ্গল টাইগারটি মারা গেছে তার সঠিক কারণ জানতে ময়না তদন্তের প্রয়োজন। এজন্য মঙ্গলবার সকালে বাগেরহাটের শরণখোলা ও মোড়লগঞ্জ থেকে দুইজন বিশেষজ্ঞ প্রাণীসম্পদ চিকিৎসক শরণখোলা রেঞ্জের কচিখালী ফরেস্ট অফিসে পাঠানো হয়েছে। মরদেহের ময়না তদন্তের রিপোর্ট পেলেই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। বন বিভাগের পক্ষ থেকে মৃত এই বাঘটির চামড়া, দাঁত ও নখ সংরক্ষণ করা হবে। এছাড়া বাঘটির মরদেহ কচিখালীতেই মাটি চাপা দিয়ে রাখা হবে বলেও জানান তিনি











































