Home আলোচিত সংবাদ লাল শাপলার বিলে হাজারো পাখির মিলন মেলা

লাল শাপলার বিলে হাজারো পাখির মিলন মেলা

123

খুলনাঞ্চল রিপোর্ট।।

বিলভর্তি পানির উপর হাসছে শাপলা ফুল। আর সেই ফুলের কলিতে ঠোকর দিয়ে, পানিতে মাছ ধরে আর স্নান করে সময় কাটাচ্ছে নানা প্রজাতির পাখি। এমন মনোরম আর চোখ ধাঁধানো দৃশ্য দেখা মেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওরের লাল শাপলার বিলে। বিল আর শাপলার এমন প্রাকৃতিক মিত্রতায় প্রকৃতিপ্রেমীদের মনে দোলা দিচ্ছে। আর পর্যটকদের নৌকার শব্দে ঝাঁক বেঁধে উড়াল দিচ্ছে হাজারো পাখি।

বালি হাঁস, শামুকখোল, মেটে মাথাটিটি, সাদা বক, কানি বক, মাছ রাঙ্গা, নীলকণ্ঠী, জল ময়ূর, সরালি হাঁসসহ অসংখ্য প্রজাতির পাখি এখন বাসা বানিয়েছে লাল শাপলার বিলে। এ বছর তুলনামূলকভাবে জৈন্তাপুরের লাল শাপলা বিলে বেশি অতিথি পাখির দেখা মিলেছে। বিগত বছরগুলোতে কম পাখি দেখা গেলেও বর্তমানে বিলের পশ্চিম পাশের বাঁধ নির্মাণের কারণে পানি আটকে রাখায় অতিথি পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দেখে মনে হবে এ যেন পাখির মিলন মেলা।

সরেজমিনে লাল শাপলা বিলে দেখা মিলেছে বালিহাঁস, শামুকখোল, মেটে মাথাটিটির ঝাঁকসহ অসংখ্য অতিথি পাখির। তারা লাল শাপলা বিলে পানিতে ডুব দিচ্ছে, সাঁতার কাটছে এবং বিলজুড়ে নিরাপদে নড়াচড়া করছে। খানিক পর বিশ্রাম নিচ্ছে দল বেঁধে। পর্যটকেরাও এমন দৃশ্য উপভোগ করছেন নৌকায় চড়ে। যেন লাল শাপলার বিলগুলোতে পর্যটকদের স্বাগত জানাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখিগুলো। সারাদিন দেখা মেলে অতিথি পাখির। বেশি চোখে পড়ে বালিহাঁস। তারা এ বিল হতে ঐ বিলে উড়ে বেড়ায়।

এ বিলের নৌকার মাঝি হারুন মিয়া জানান, জৈন্তাপুরের ডিবির হাওর লাল শাপলা বিল নাম পরিচিতি পাওয়ার আগে এবং পরে কিছু লোক পাখি শিকার করতেন। স্থানীয় সাংবাদিক ও পরিবেশকর্মীদের তৎপরতায় বিলে প্রাণীর প্রতি দরদ বেড়েছে সবার। এখন আর পাখি শিকার হচ্ছে না। পাখিরা বিলে খাবার খেয়ে এখন নিরাপদেই থাকতে পারে। লাল শাপলার রাজ্যে যেন পাখির রাজ্যে রূপান্তর হচ্ছে।

এলাকার নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, বিলটির পশ্চিম বাঁধটি আরো প্রশস্ত ও উঁচু করা প্রয়োজন। এছাড়া পাশের অবশিষ্ট ভূমি শাপলা বিলের সঙ্গে সংযুক্ত হলে ভালো হবে। বিলের পশ্চিম অংশের জায়গা দখল করে বাড়ি তৈরি করা হচ্ছে- এগুলো শুরুতেই উচ্ছেদ করা প্রয়োজন। বিলের বাকি অংশ যুক্ত করা হলে লাল শাপলা বিলটি তিন উপজেলার শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র এবং নিরাপদ অতিথি পাখির আশ্রয় কেন্দ্র হবে। এছাড়া পাখির আগমন কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে ধারণা এলাকাবাসীর।

জৈন্তা ফটোগ্রাফি সোসাইটির সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বিরর বলেন, জৈন্তাপুরের ডিবির হাওরের চারটি বিল ২০১৪ সালে দেশবাসীসহ বিশ্ববাসীর কাছে লাল শাপলার বিল হিসেবে স্থানীয় জাতীয় ও ইলেকট্রনিক মিডিয়ায় তুলে ধরা হয়। বর্তমানে বিলে ছায়া সৃষ্টির জন্য আমার সংগঠন কাজ করছে। এছাড়া বৃক্ষরোপণের মাধ্যমে পাখিদের নিরাপদ আশ্রয় কেন্দ্র তৈরি করা হচ্ছে। আগামী বছরগুলোতে বিলের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে, অতিথি পাখিদের বাসস্থান তৈরি হবে। এতে আরো নতুন নতুন প্রজাতির অতিথি পাখিসহ অন্যান্য প্রাণীর দেখা মিলবে।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ বলেন, জৈন্তাপুরের লাল শাপলা বিলের সৌন্দর্য বর্ধনের জন্য উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। পর্যটকদের জন্য ঘাট নির্মাণ করা হচ্ছে। নতুন আরো একটি পার্কিং স্থান নির্মাণ হবে, পর্যটকদের যাতায়াতের জন্য এক কিলোমিটার রাস্তা আরসিসি পাকা করণের কাজ শুরু হবে। বিলের পশ্চিম পাশের বেড়ি বাঁধছিল না, তা করা হয়েছে। এখন বাঁধটি উঁচু করার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, পাখির আবাসস্থল ও পর্যটকদের জন্য ছায়া সৃষ্টির লক্ষ্যে জৈন্তা ফটোগ্রাফি সোসাইটি মাধ্যমে দীর্ঘমেয়াদি চুক্তিতে ও তাদের অর্থায়নে বনায়ন সৃষ্টি করা হচ্ছে। আগামী দুই বছরের মধ্যে বিলটি হয়ে উঠবে নিরাপদ অতিথি পাখির আবাসস্থল এবং উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র।