খুলনাঞ্চল রিপোর্ট
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সুমন পারভেজ নামে এক রোগীর ছেলেকে নিজেদের কক্ষে নিয়ে দলবেঁধে পিটিয়ে আহত করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ওই ঘটনার এক মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আহত সুমন জানান, তাঁর বাড়ি নগরীর বোয়ালিয়া থানার বোসপাড়া এলাকায়। শুক্রবার ফুসফুসের সমস্যায় ভোগা তাঁর অসুস্থ মাকে রামেক হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। বুধবার সকালে তাঁর মায়ের একটি পরীক্ষার রিপোর্টের বিষয়ে চিকিৎসকদের কাছে জানতে চাইলে তারা একেকবার একেক রকম তথ্য দিচ্ছিলেন। এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে চিকিৎসকরা তাঁকে ইন্টার্ন চিকিৎসকদের চেম্বারে ডেকে নিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
সুমনকে মারধরের ভিডিওটি কে ধারণ করেছেন, তা জানা যায়নি। তবে ভিডিওতে দেখা যায়, এক ইন্টার্ন চিকিৎসক সুমনকে গালাগাল করতে করতে পেটাচ্ছেন। ওই চিকিৎসক বলছেন, ‘আমাদের মধ্যে সবচেয়ে নিরীহ এই ছেলেটার (চিকিৎসক) সঙ্গে বেয়াদবি করছিস।’ এ সময় সুমন আহাজারি করতে করতে বলেন, ‘আর মাইরেন না, আর মাইরেন না।’
আরেক ইন্টার্ন চিকিৎসক বলেন, ‘আমি স্টেথোস্কোপ নিয়ে ঘুরতেছি আর আমার সামনেই বলছিস!’ এর পর আবারও সুমনকে পেটানো হয়। এ সময় সুমন আমার হাত ভেঙে গেল বলে মা মা বলে চিৎকার করতে থাকেন।
ভিডিওতে আরও দেখা যায়, সুমন বলছেন, ‘আর মাইরেন না, আমাকে বের করে দেন স্যার।’ তখন এক ইন্টার্ন চিকিৎসক বলেন, ‘বের হবি ক্যান, এমন আচরণ করার সময় মনে ছিল না?’ এর পর সুমনকে আরও এক দফা পেটানো হয়। এ সময় সুমন চিৎকার করে বলেন, ‘আমার মা মইরে যাবে স্যার। আমি মারিনি স্যার।’ তখন চিকিৎসক বলেন, ‘তোর মা মরবে কিনা সেটা আমরা দেখব। বেয়াদবি করার সময় মনে ছিল না? মারিস নি, কিন্তু মারের চেয়ে কমও করিসনি।’ পরে সুমনকে আবার মারধর করা শুরু হয়। এক চিকিৎসককে সে সময় পাশ থেকে বলতে শোনা যায়, ‘ওর মাথা ন্যাড়া করে দাও।’ তখন সুমন বলেন, ‘আমি মরে যাব, স্যার একটু পানি দেন।’
হাসপাতাল সূত্র জানায়, এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসক ফরহাদ, মনির হোসেন, আলমগীর, মহিবুল্লাহ, মেহেদি হাসান হৃদয়সহ আরও ১০-১২ জন জড়িত। এর মধ্যে ডা. হৃদয় রামেক ছাত্রলীগের সাবেক সভাপতি। গত মাসেও তারা একটি ওষুধ কোম্পানির প্রতিনিধিকে পিটিয়ে আহত করেছিলেন। সুমনকে মারধরের মূলে ছিলেন ডা. ফরহাদ।
ঘটনার বিষয়ে জানতে ডা. ফরহাদকে কল করা হলে তিনি রোগী দেখছেন উল্লেখ করে হাসপাতাল পরিচালকের সঙ্গে কথা বলতে বলে ফোন রেখে দেন।
একই বিষয়ে ডা. মনির দাবি করেন, সুমন নামে ওই তরুণের মায়ের বুধবার হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার কথা। কিন্তু রোগীর ছেলে সুমন বেশি উত্তেজিত ছিল। সে বলছিল, চিকিৎসকদের হাত-পা ভেঙে দেবে। আমাদের ইন্টার্ন চিকিৎসক আলমগীর ও মহিবুল্লাহকে গালি দিচ্ছিল।
জানা গেছে, মারধরে আহত সুমন নামে ওই তরুণ বাড়ি চলে গেছেন। ঘটনার বিষয়ে হাসপাতালের পরিচালক তাঁকে লিখিত অভিযোগ দিতে বললেও তিনি তা জমা দেননি। বুধবার তাঁর মাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি এখনও হাসপাতালেই আছেন।
সার্বিক বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।











































