Home আঞ্চলিক আরো এক শিক্ষক দম্পতি নিখোঁজ

আরো এক শিক্ষক দম্পতি নিখোঁজ

78

গোপালগঞ্জ প্রতিনিধি।।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৬ মাসের ব্যবধানে সমর কান্তি রায় ও তৃপ্তি রানী মন্ডল নামে আরেক শিক্ষক দম্পতি নিখোঁজের ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরে এই শিক্ষক দম্পতির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের নিখোঁজ থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ শিক্ষক সমর কান্তি রায় কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউপির রুথিয়ারপাড় গ্রামের অশ্বিনী কুমার রায়ের ছেলে ও মুকসুদপুর উপজেলার কহলদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

অপরদিকে সমর কান্তি রায়ের স্ত্রী তৃপ্তি রানী মন্ডল কোটালীপাড়া উপজেলার ১৮২ নম্বর রুথিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এই শিক্ষক দম্পতি কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউপির কালিগঞ্জ বাজারে নিজেদের বাড়িতে বসবাস করতেন। বিভিন্ন মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে সুদের টাকার চাপ সামলাতে না পেরে এই শিক্ষক দম্পতি নিখোঁজ হতে পারেন বলে স্থানীয়রা মনে করছেন।

এর আগে গত বছরের জুন মাসে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউপির ১২৭ নম্বর গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র রায় ও তার স্ত্রী একই বিদ্যালয়ের সরকারী শিক্ষক শিখা রানী রায় নিখোঁজ হন। দীর্ঘ ৬ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত এই শিক্ষক দম্পতির কোনো খোঁজ পাওয়া যায়নি। এই দম্পতিও মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে ছিলেন বলে তাদের সহকর্মীদের কাজ থেকে জানা গেছে।

মঙ্গলবার উপজেলার কালিগঞ্জ বাজারে শিক্ষক সমর কান্দি রায়ের বাড়িতে গিয়ে তার বসত ঘরটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। অপরদিকে তার বাড়ির পাকা ভবনটিতে ভাড়াটিয়া ৩টি পরিবারকে পাওয়া যায়।

ভাড়াটিয়া অলক মল্লিক বলেন, কালিগঞ্জ বাজারে কাপড়ের ব্যবসা করার কারণে পাশে শিক্ষক সমর কান্তি রায়ের বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় থাকি। তিনি আমার কাজ থেকে ৬ লাখ টাকা নিয়েছেন। বিনিময়ে আমার পরিবার নিয়ে এখানে থাকতে দিয়েছেন। শুনেছি সমর কান্তি রায় পিঞ্জুরী গ্রামের বাদল সমাদ্দারসহ অনেক ব্যবসায়ীর কাছ থেকে সুদে টাকা এনেছিলেন। এই সুদ মহাজনদের চাপে শিক্ষক সমর কান্তি রায় ও তার পরিবার নিখোঁজ থাকতে পারেন।

অপর ভাড়াটিয়া স্বপন কুমার বাড়ৈর স্ত্রী প্রভা রায় বলেন, আমার স্বামী একজন স্কুল শিক্ষক। স্কুলটি কাছাকাছি হওয়ার কারণে পরিবার নিয়ে এখানে ভাড়া থাকি। বাড়ি ভাড়ার অগ্রিম হিসেবে সমর কান্তি রায় আমার স্বামীর কাজ থেকে লিখিত দিয়ে দেড় লাখ টাকা নিয়েছেন। গত কয়েক দিন ধরে তার সন্ধান পাচ্ছি না। এখন বাদল সমাদ্দার নামে এক ব্যক্তি এসে এই বাড়িটি তার বলে দাবি করছেন। তিনি আমাদেরকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন।

কালিগঞ্জ বাজারের ওষুধ ব্যবসায়ী বিধান চন্দ্র বালা বলেন, শিক্ষক সমর কান্তি রায় আমার কাছ থেকে সুদে ২ লাখ টাকা নিয়ে ছিলেন। হঠাৎ কয়েকদিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানতে পারলাম। শুনেছি তিনি নাকি অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছেন।

উপজেলার পিঞ্জুরী ইউপির পিঞ্জুরী গ্রামের সুদ মহাজন বাদল সমাদ্দার বলেন, সমর কান্তি রায়ের সঙ্গে আমার কোনো সুদের ব্যবসা ছিল না। তবে তার সঙ্গে আমার চেনা জানা ছিল। তিনি কয়েকদিন আগে তার ১৩ শতাংশ জায়গাসহ ১ টিনের ঘর ও ১টি পাকা ভবন ৯ লাখ টাকায় আমার কাছে বিক্রি করেছেন। সমর কান্তি রায় এখন কোথায় আছে আমার জানা নেই।

১৮২ নম্বর রুথিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ রায় বলেন, তৃপ্তি রানী রায় আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গত ২৪ ও ২৫ জানুয়ারি দুই দিনের ছুটি নিয়ে ছিলেন। এরপর থেকে তিনি আর স্কুলে আসেননি।

মুকসুদপুর উপজেলার কহলদিয়া উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক শাহ মো. ইলিয়াছ বলেন, সমর কান্তি রায় আমাদের বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ছুটি না নিয়ে গত কয়েক দিন ধরে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। সমর কান্তি রায়ের মোবাইল ফোনটি বন্ধ পাওয়ার পর তার বাড়িতে লোক পাঠাই। এরপর আমরা জানতে পারি তিনি পরিবারসহ নিখোঁজ রয়েছেন।

উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন, ১৮২ নম্বর রুথিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৃপ্তি রানী মন্ডল গত কয়েক দিন ধরে বিদ্যালয়ের অনুপস্থিত রয়েছেন বলে জানতে পেরেছি। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।

কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, শিক্ষক দম্পতি নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখা হবে।