খবর বিজ্ঞপ্তি।।
খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গাজী এজাজ আহমেদ কর্তৃক ধর্ষিত তরুণী ও তার মাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সামনে থেকে অপহরণের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। রবিবার বিকেলে হাসপাতাল প্রশাসন ও পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে ফিল্মিস্টাইলে অপহরণের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমের অনলাইনভার্সনে ও টেলিভিশনে দেখে বিষ্মিত ও গভীর উদ্বিগ্ন খুলনা তথা দেশবাসী। অপহরণকারীদের অতর্কিত হামলায় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহকালে আহত যমুনা টেলিভিশনের খুলনার স্টাফ রিপোর্টার প্রবীর বিশ্বাস ও এসএ টিভি’র ক্যামেরাপারসনের সুস্থ্যতা কামনা করেছেন বিএনপি নেতৃবৃন্দ। গতকাল এক বিবৃতিতে অবিলম্বে নির্যাতিত তরুণীকে উদ্ধার, ধর্ষকের দৃষ্টান্তমুলক সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করে রাষ্ট্রকে জনগনের সম্ভ্রম সুরক্ষার দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার তরুণীকে খুমেক হাসপাতালের ওসিসি’র সামনে থেকে অপহরণে ডুমুরিয়া আ’লীগের কয়েকজন নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বররা অংশ নেন। ঘটনাস্থল থেকে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের চাচাতো ভাই ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানকে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেছে। এতে সহজেই প্রতীয়মান হয় যে, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতেই হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। ধর্ষণের শিকার নির্যাতিত নারীর নিরাপত্তা দিতে এ ব্যর্থতা শুধু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের নয় সমগ্র রাষ্ট্রের। সরকার পুলিশ প্রশাসনকে দিয়ে শুধু বিএনপি তথা বিরোধী দল-মতের নেতাকর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে হয়রানির কাজে ব্যবহার করছে। ভোটাধিকার হরণ করে প্রহসনের ডামি নির্বাচনে নগ্নভাবে প্রশাসনকে ব্যবহার করে জনগনের সাংবিধানিক অধিকার নষ্ট করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জবাবদিহিতা না থাকায় সারাদেশের ন্যায় খুলনাতেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রকাশ্য দিবালোকে অন্যায়-অপকর্মকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। জনপ্রতিনিধি হিসেবে ন্যাক্কারজনক ঘৃণ্য দৃষ্টান্তস্থাপনকারী ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকে অবিলম্বে গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমুলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সাথে অপহরণের ঘটনাস্থল থেকে আটক রুদাঘরা ইউপি চেয়ারম্যান ধর্ষকের চাচাতো ভাই গাজী তৌহিদুজ্জামানকে রিমান্ডের নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নির্যাতিত অপহৃতাকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা, নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ আরও বলেছেন, আওয়ামী লীগের হাতে শুধু নারী, রাষ্ট্র, রাষ্ট্রের সম্পদ নয়; প্রিয় মাতৃভূমি বাংলাদেশও অনিরাপদ। সর্বক্ষেত্রে লুটপাট করে দেশকে দেওলিয়াত্বের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে ফ্যাসিষ্ট সরকার। জনগনের ভোটাধিকারহরণ করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। অবিলম্বে নির্যাতিত তরুণীকে উদ্ধার, ধর্ষকের দৃষ্টান্তমুলক সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করে রাষ্ট্রকে জনগনের সম্ভ্রম সুরক্ষার দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।।











































