খুলনাঞ্চল রিপোর্ট
নাটোরের সিংড়ায় যুবলীগ নেতার নেতৃত্বে দেশীয় অস্ত্র উঁচিয়ে মিছিল নিয়ে সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির কার্যালয় ভাঙচুর করা হয় শুক্রবার। এ ঘটনায় শনিবার পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার, কিংবা কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভাঙচুরের ঘটনায় কেউ মামলাও করেনি। মিছিলের একটি ভিডিও ওই দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্থানীয় যুবলীগ ও শ্রমিক লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে অস্ত্র হাতে দেখা গেছে। তবে পুলিশ বলছে, অস্ত্র হাতে মিছিলকারীদের চিহ্নিত করার কাজ চলছে।
জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌর যুবলীগের সভাপতি জনি হাসান লাবুর নেতৃত্বে মিছিল বের হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া অধিকাংশ মানুষের হাতে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। তাদের কারও হাতে ছিল রামদা, কারও হাতে লোহার রড, চায়নিজ কুড়াল ও হাঁসুয়া। হেলমেট পরিহিত লাবুর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। তাদের মধ্যে পৌর যুবলীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি বায়জিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন সওদাগর, যুবলীগ কর্মী বরাত আলী সওদাগর ও জাহাঙ্গীর সওদাগরের হাতে অস্ত্র দেখা যায়। স্লোগান দিতে দিতে সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির কার্যালয় ভাঙচুর চালানো হয়। প্রকাশ্যে নাটোর-বগুড়া মহাসড়কে অস্ত্র হাতে মিছিল করতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিংড়া পৌর যুবলীগের সভাপতি জনি হাসান লাবু বলেন, দীর্ঘ ১৫ বছর প্রশাসন গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে পারেনি। তাই চাঁদা আদায় বন্ধ করতে অস্ত্রসহ ব্যবসায়ীদের নিয়ে এই মিছিল করা হয়েছে।
এদিকে কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা না করার কারণ জানতে চাইলে কোনো জবাব দেননি সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জু মণ্ডল। তবে তিনি বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসিদুর রহমান বলেন, তিনি চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন। সিংড়ায় পৌঁছে সব জেনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, সিএনজিচালিত গাড়ি থেকে কোনো ধরনের চাঁদা না তোলার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশকেও বিষয়টি বন্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অস্ত্র হাতে দলের কর্মী-সমর্থকদের মিছিল করার বিষয়ে কী পদক্ষেপ নিয়েছেন– জানতে চাইলে জান্নাতুল ফেরদৌস বলেন, বিষয়টি দলীয়ভাবে অনুসন্ধান করে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, অস্ত্র হাতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। তাদের কারও বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কিনা, তা অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে অস্ত্র উদ্ধারসহ অস্ত্র প্রদর্শনকারীদের ধরতে পুলিশি অভিযান চলছে।











































