Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

80
ফুলে প্রজাপ্রতি

 

অভয়নগরে চালের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার

চালের বাজার নিয়ন্ত্রণে যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালত অভিযান। এসময় এক আড়ত মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার বিকাল ৩ টায় উপজেলার নওয়াপাড়া বাজারে মেসার্স মধুমতি এন্টাপ্রাইজের বিরুদ্ধে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান এ অভিযান চালায়।

 

অভিযান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘চালের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। খাদ্যশস্য আমদানী লাইসেন্স না থাকা ও মজুদকৃত চাল বিক্রি না করার অপরাধে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় মেসার্স মধুমতি এন্টারপ্রাইজের মালিক ইমরান খানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও কয়েকটি  প্রতিষ্ঠানে অভিযান করা হলেও তাদের কাগজপত্র ও চালের স্টক ঠিক থাকায় কোনো জরিমানা করা  হয়নি। চালের বাজার নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান চলমান থাকবে।’

 

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ: দা:) সাইদুর রহমান, অভয়নগর থানা পুলিশ ও বাজারের ব্যবসায়ী বৃন্দ।

 

খুলনায় জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন আজ 

খবর বিজ্ঞপ্তি

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদ্রাসা শিক্ষায় স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহাতাবকে স্বপদে পূর্ণবহালের দাবিতে জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর ও জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে। মানববন্ধনে সকল পর্যায়ের নেতা কর্মী, শিক্ষক সমাজের সকল প্রতিনিধিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর সভাপতি মুফতি রবিউল ইসলাম রাফে, জেলা সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, নগর সেক্রেটারি প্রভাষক মোস্তফা বাঙালি, সেক্রেটারি মাওলানা মাহবুবুল আলম।

 

দামুড়হুদার  শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ 

দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ  অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার  কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পরিষদের উদ্যোগে ৬০ জন শীতার্ত মানুষের মাঝে  কম্বল বিতরণ করা হয়। ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কম্বল বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার রোকসানা মিতা।

শীতবস্ত্র বিতরণকালে আরো উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, বিল্লাল হোসেন, দেলোয়ারা খাতুন, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, আ.রাজ্জাক, সাজিবার রহমান,আ. সালাম, আনেহার খাতুন,মাহাবুবুর রহমান,ইউপি সচিব হাসানুজ্জামান, সহকারী হিসাব রক্ষক মতিউর রহমান,উদ্যোক্তা হারুনার রশীদ, ওমেদুল হক।

 

কালিগঞ্জে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ উপলক্ষে ২ দিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিজ্ঞান মেলায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, অডিট ভিচ্যুয়াল কর্মকর্তা সৌমিত্র কুমার বিশ্বাস, উপজেলা বেনবেইজ কর্মকর্তা নাসিম সায়াদাৎ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ। এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।

এদিনে জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল সমূহের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

কালিগঞ্জে গুণীজনদের সংবর্ধনা প্রদান

কালিগঞ্জ প্রতিনিধিঃ

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কালিগঞ্জ উপজেলার বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৫১ তম শুভ প্রতিষ্ঠা  বার্ষিকী উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সহ  গুণীজনদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে।

 

বিদ্যালয়ের শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা দুপুরের ভোজন সকল শিক্ষার্থী ও শিক্ষকদের এক মিলনমেলায় পরিণত হয়। ২৪ জানুয়ারি বুধবার বেলা ১ টার সময়ে মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী ও ইকবাল হোসেনের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)দীপঙ্কর দাশ।

 

অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের গানের মধ্য দিয়ে সকল অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকি বিল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ঘোষ।

 

অনুষ্ঠানে অন্যান্য অতিথি মধ্যে উপস্থিত ছিলেন এবং গুণীজন সম্মাননা প্রদান করা হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কালীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাকিম, অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক ইদ্রিস আলী, অসাপপ্রাপ্ত সরকারি সিনিয়র শিক্ষক সত্যরঞ্জন, অফিস সহকারী জগদীশচন্দ্র গাইন, সমাজসেবক আবুল কাশেম গাজী, আশুতোষ দে সহকারী শিক্ষক অনিতা সহ প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন  মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ইস্কুলের শুভ জন্মদিনের কেক কাটা ও দুপুরের ভোজনে অংশগ্রহণ করেন।

 

জাতীয় ক্রিকেটার কাটার মাস্টার মোঃ মোস্তাফিজুর রহমান এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি প্রতিবছর বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তির জন্য ৫ হাজার টাকা করে দেন। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক  সুব্রত কুমার বৈদ্য যোগদানের পর থেকে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন লেখাপড়ার গুণগতমান বৃদ্ধি এবং বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি অনেক ভূমিকা রেখেছেন এছাড়া বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ানো হয় স্থানীয়রা জানান।

 

 

পাইকগাছায় সরকারী জমি দখলের অভিযোগে ৬ ব্যক্তিকে কারা দন্ড দিয়েছে ভ্রম্যমান আদালত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় সরকারী জায়গা জবর দখল করে স্থাপনা তৈরীর অভিযোগে ৬ ব্যক্তিকে কারা দন্ড দিয়েছে ভ্রম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যা সাতটা ও বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ওই ছয় ব্যক্তিকে ৭ দিন করে কারাদন্ড দেন। দন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার লতা ইউনিয়নের হানিরাবাদ গ্রামের মৃত্যু মেছের আলী গাজীর ছেলে একব্বর গাজী(৫২), মৃত্যু আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ফজলুল হক(৫২), ও একই ইউনিয়নের কাঠামারী গ্রামের হাজরা অধিকারীর ছেলে অসিম অধিকারী (৩২), চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামের দুলাল পদ দাশের ছেলে গৌতম দাশ(৪৫) উড়াবুনিয়া প্রকাশ সানার ছেলে কিশোর চন্দ্র সানা(৩২) রাড়ুলী ইউনিয়নের বাঁকা গ্রামের শহর আলী গাজীর ছেলে আব্দুস রাজ্জাক গাজী(৪৫)। এ বিষয় উপজেলা সহকারী কর্মকর্তা ভূমি  নির্বাহী ও ম্যজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান  জানন, সরকারী জমি জবর দখল করে স্থাপনা তৈরী করায় সেখানে অভিযান চালিয়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৩ ধারা মতে  ৬ জনকে ৭ দিন করে দন্ড দেয়া হয়েছে। বৃহষ্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

 

পাইকগাছা সরকারি কলেজে এমপি রশীদুজ্জামান কে সংবর্ধনা

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

পাইকগাছা সরকারি কলেজের পক্ষ থেকে খুলনা- ৬ (কয়রা-পাইকগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান কে ফুলের শুভেচ্ছা, সংবর্ধনা, ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়েছে। বুধবার সকালে সরকারি কলেজের সুমন চত্বর প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাইকগাছা কলেজের অধ্যক্ষ সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। সংবর্ধনা মঞ্চে স্বাগত বক্তৃতা করেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। প্রভাষক মোমিন উদ্দীন ও লুৎফা ইসলাম এর উপস্থাপনায় বক্তৃতা করেন, সহকারী অধ্যাপক মো. আমান উল্লাহ গাজী, এফ এম ইলিয়াস হোসেন, সত্যপ্রিয় মিস্ত্রী ও শহীদুল ইসলাম, প্রভাষক সুস্মিতা সরকার, আসমা আখতার, আমেনা খাতুন, জিএম রহমত আলী, তরুণ কান্তি মন্ডল, তাজুল ইসলাম, নাজনীন নাহার, সঞ্জয় কুমার ঘোষ, জিএমএ রাজ্জাক, স্বাপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, নিখিল চন্দ্র মন্ডল, মাহবুবা নাজনীন, সোমা রায়, মাধুরী মন্ডল, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন। এসময়ে অন্যান্য প্রভাষক,  সাংবাদিক,  কর্মকর্তা- কর্মচারী, শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য কে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।

 

 

 

চুয়াডাঙ্গায় শীতের সকালে ৩৫টি কোচিং সেন্টারে ম্যাজিস্ট্রেটের হানা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গায় শীতের সকালে ৩৫টি কোচিং সেন্টারে ম্যাজিস্ট্রেটের হানা,পরে কোচিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের তাৎক্ষণিক কোচিং বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সকাল ৭ টায়  চুয়াডাঙ্গা সদরের ৩৫টি কোচিং সেন্টারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন এ অভিযান পরিচালনা করেন।

এসময় ২য় শ্রেণির শিশুসহ অন্যান্য শ্রেণীর ছেলেমেয়েদের কোচিংয়ে আসতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরে কোচিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের তাৎক্ষণিক কোচিং বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।  আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকালে কোচিং বন্ধ রাখবেন শিক্ষকরা জানান।  এসময় অভিভাবকদের ও শিক্ষার্থীদের সচেতন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন। উল্লেখ্য

শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সকালে হিম বাতাস ও তীব্র ঠান্ডায় মানুষ খুবই প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু, বৃদ্ধ আর ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকায় বন্ধ রয়েছে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে খোলা রয়েছে কোচিং সেন্টার। বাধ্য হয়ে সকালে কষ্ট করে কোচিংয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।

 

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত এ অভিযান পরিচালনা করেন।

 

কলাইডাল গুড়ো করার সময়  রাইচ মিলের ফিতায় জড়িয়ে ১ মহিলার মৃত্যু

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গায় কুমড়োর বড়ির ডাল গুড়ো করতে যেয়ে রাইচ মিলের ফিতায় জড়িয়ে ১ মহিলার মৃত্যু হয়েছে।

বুধবার সকাল  ৮ টার দিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের উত্তরপাড়ার মৃত আব্দুল মজিদের স্ত্রী শুকুরণ নেছা(৪৮) আন্দুলবাড়িয়া  মিস্ত্রিপাড়ার জাহান আলীর রাইচ মিলে কুমড়োর বড়ি দেয়ার  কলাইডাল ভাঙ্গাতে আসে।  কলাইডাল ভাঙ্গানোর এক পর্যায়ে তা উঁকি দিয়ে দেখতে গেলে চলন্ত রাইস মিলের ফিতাই শাড়ি জড়িয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

সুন্দরবনের জীব-বৈচিত্র্য সুরক্ষার মাধ্যমে পর্যটন শিল্পের গতিশীলতাকে তরান্বিত করার দাবী

নিজস্ব প্রতিনিধি

সুন্দরবনের জীব-বৈচিত্র্য সুরক্ষার মাধ্যমে পর্যটন শিল্পের গতিশীলতাকে তরান্বিত করার দাবি জানিয়েছেন সাতক্ষীরা জেলা সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ।

 

মঙ্গলবার  (২৩ জানুয়ারি) সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই দাবি জানান।

 

সাক্ষাৎকালে সাতক্ষীরা জেলা সমিতির পক্ষে জীব বৈচিত্র সুরক্ষা ও পরিবেশ ভারসাম্য বজায় রাখার মাধ্যমে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সুরক্ষা ও সুন্দরবনভিত্তিক ইকো-ট্যুরিজমকে আরো গতিশীল করতে মন্ত্রীর সুদৃষ্টি ও আশু পদক্ষেপ কামনা করে সমিতির পক্ষে চিঠি হস্তান্তর করেন। এসময় মন্ত্রীকে সুন্দরবন পরিদর্শনের আমন্ত্রণ জানান।

 

এছাড়া একইদিনে সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান এমপির সাথে সৌজন্য স্বাক্ষাতের সময় সাতক্ষীরা কেন্দ্রীক পর্যাটন শিল্প সম্প্রসারনের অনুরোধ জানানো ইকবাল মাসুদ।

 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের একটা বড় অংশ রয়েছে এ জেলায়। রয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন ও স্থাপনা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের মোট আয়তন ১০ হাজার বর্গকিলোমিটার। এর মধ্যে ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার পড়েছে বাংলাদেশে। বাংলাদেশ অংশের সুন্দরবনকে পূর্ব ও পশ্চিম বন বিভাগ নামে ভাগ করা হয়েছে। বাগেরহাট ও বরিশাল অংশ পূর্ব বন বিভাগ আর খুলনা ও সাতক্ষীরার অংশ পশ্চিম বন বিভাগ নামে পরিচিত।

 

সাতক্ষীরার জেলার মোট আয়তন ৩ হাজার ৮৫৮.৩৩ বর্গকিলোমিটার। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশেরও (১ হাজার ৪৪৫.১৮ বর্গকিলোমিটার) বেশি সুন্দরবন। এ বন ঘেঁষে সাতক্ষীরার অবস্থান হওয়ায় সড়কপথ দিয়েই সুন্দরবন দেখা যায়। একদিকে রয়েল বেঙ্গল টাইগার, কুমির, বানর, হরিণসহ বিভিন্ন পশুপাখির সমাহার, অন্যদিকে, বনের গভীর নিরবতা খুব সহজেই পর্যটকদের আকর্ষণ করে। সুন্দরবনকে ঘিরে এ এলাকায় পর্যটন শিল্পের দারুণ সম্ভাবনা রয়েছে।

 

বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন। অর্থনীতিতে এ বনের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের জাতীয় অর্থনীতিতে সুন্দরবনের অবদান বছরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। তবে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য এখন সঙ্কটাপন্ন। জলবায়ু পরিবর্তন, দূষণ, অনিয়ত্রিতভাবে গাছকাটা, সচেতনতার অভাবে হারিয়ে যাচ্ছে বনের অনেক মূল্যবান প্রাণিসম্পদ। জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের গুরুত্ব অপরিসীম। বন ছাড়া জীববৈচিত্র্য তার অস্তিত্ব টিকে রাখতে পারে না। উদ্ভিদ ও প্রাণী তথা জীববৈচিত্র্যের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে বন। এসকল বিষয়ে মন্ত্রী বিবেচনায় দেখবেন বলে আশ্বাস দেন।

 

 

 

 

 

রাইস মিলের ফিতায় জড়িয়ে বৃদ্ধার মৃত্যু

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

রাইস মিলের ফিতায় চাদর জড়িয়ে সখিরন নেছা নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের নিকেরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সখিরন নেছা (৬০) কেডিকে ইউনিয়নের কাশিপুর উত্তরপাড়ার মৃত আব্দুল মজিদের স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সখিরন সকালে কুমড়োর বড়ি দেওয়ার জন্য দেহাটি গ্রামের নিকেরীপাড়ায় রাইস মিলে কালাই ডাল পিষতে যান। কৌতুহলবশত কিভাবে কালাইডাল থেকে মণ্ড তৈরি হচ্ছে তা উঁকি দিয়ে দেখতে যান তিনি। এ সময় অসাবধানতার কারণে বিদ্যুৎচালিত চলন্ত রাইস মিলের ফিতাই চাদর জড়িয়ে যায়। চাদরের সঙ্গে জড়িয়ে পড়েন তিনিও। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শীতে কাজ করতে না পেরে চুরি!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত এক বৃদ্ধকে চুরির অপরাধে চার মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 

বৃদ্ধের দাবি- শীতে কাজ করতে না পারার কারণে তিনি পেটের দায়ে চুরি করেছেন। কেউ কেউ বলছেন তিনি প্রকৃত চোর। কয়েক দিন আগেও তিনি শহরের পৌর পার্কের সামনে থেকে একটি সাইকেল চুরি করেন। কেউ আবার বলছেন তিনি মাদকাসক্ত।

 

বুধবার জেলা শহরের কোর্ট সড়কে ফরমান হার্ডওয়্যার থেকে প্রায় দুই হাজার টাকা মূল্যের হার্ডওয়্যার সামগ্রী চুরির সময় হাতেনাতে ধরা পড়েন সদর উপজেলার গোভিপুর গ্রামের গিয়াস উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ। তাকে উত্তম-মাধ্যম দিতে শুরু করেন বিভিন্নজন। এ সময় তিনি পেটের দায়ে চুরি করেছেন দাবি করে বলেন- বাড়িতে অনেক পুষ্যি। শীতে কাজ করতে না পারার কারণে বাধ্য হয়ে চুরি করেছেন। গিয়াস উদ্দিন গোভিপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে।

 

হার্ডওয়্যার মালিক ফরমান হোসেন জানান, ওই বৃদ্ধ দুই হাজার টাকার মতো হার্ডওয়ার সামগ্রী চুরি করে কোমরে গুজে রাখেন। তার অবস্থান দেখে সন্দেহ হলে তিনি লতা পাইপ কেনার কথা বলেন। এ সময় তার শরীর তল্লাশি করে কোমরে গুজে রাখা হার্ডওয়্যার সামগ্রী উদ্ধার করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, হাতেনাতে চোর আটক হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৪ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

 

ইবি উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু

নিজস্ব প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। নিয়োগ বাণিজ্যসহ নানা বিষয় খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে আসেন তদন্ত কমিটির সদস্যরা। দিনব্যাপী বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করে বিকেল সাড়ে ৪টার দিকে তারা ফিরে যান। তারা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কার্যালয় পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রকল্প পরিচালক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (অর্থ ও হিসাব), প্রধান প্রকৌশলী, শিক্ষক সমিতি ও শাপলা ফোরামের নেতাদের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।

 

সংশ্লিষ্টরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইবি উপাচার্য আবদুস সালামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে চলতি জানুয়ারির শুরুতে তিন সদস্যের কমিটি গঠন করেছে ইউজিসি। তবে প্রতিবেদন জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নেই। তদন্ত কমিটির আহ্বায়ক ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবু তাহের, সদস্যসচিব হিসেবে আছেন পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের উপপরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খান এবং সদস্য পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।

 

এ বিষয়ে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়েই অধ্যাপক ড. আবু তাহের বলেন, কিছু তথ্য সংগ্রহ করেছি। আরও কিছু তথ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা পরে দিতে চেয়েছেন। তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি।

 

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে পৃথক কমিটি গঠন করেছে ইউজিসি। এটি চলতি মাসের শুরুতে গঠন করা হলেও অদ্যাবধি শুরু হয়নি কার্যক্রম। এ কমিটির আহ্বায়ক ইউজিসি জেনারেল সার্ভিসেস এস্টেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহমদ জাহাঙ্গীর, সদস্য-সচিব পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের উপপরিচালক মৌলি আজাদ এবং সদস্য উপপরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খান।

 

 

গত বছরে নিয়োগ বাণিজ্যসহ নানা বিষয়ে ইবি উপাচার্যের কণ্ঠসদৃশ অন্তত ১৪টি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম প্রধানমন্ত্রীর দপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায়।

 

 

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৯ ডিগ্রি, জনজীবনে স্থবিরতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। আকাশে হালকা মেঘ ও কুয়াশা রয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

শৈতপ্রবাহ বয়ে যাওয়া ও উত্তরের হিমেল হাওয়ায় কনকনে শীতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দরিদ্র খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষ বেশি কষ্টে আছে।

 

বৈরি আবহাওয়ার কারণে জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারছে না।

 

 

চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত পর্যবেক্ষক জাহিদুল হক জানান, গত ১২ জানুয়ারি থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু ও মাঝারি শৈতপ্রবাহ অব্যাহত রয়েছে। বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

 

তাপমাত্রাভেদে শৈত্যপ্রবাহকে ৪ ভাগে ভাগ করা হয়ে থাকে। তাপমাত্রা যদি ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেটাকে ধরা হয় মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা এর চেয়ে কমে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে হয় মাঝারি শৈত্যপ্রবাহ, আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটা হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।

 

তবে শৈত্যপ্রবাহ হিসেবে ধরতে হলে এই তাপমাত্রার স্থায়িত্বকাল অন্তত ৩ দিন হতে হবে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও তা যদি কমপক্ষে ৩ দিন না থাকে তবে তা শৈত্যপ্রবাহ হিসেবে ধরা যাবে না।

 

জেলার শীতার্ত ও খেটে খাওয়া মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৮ হাজার ৯০০ কম্বল ও ২ হাজার প্যাকেট চাউল, ডাউল, চিনি, তেল এবং মশকা বিতরণের জন্য জেলার ৩৮ ইউনিয়ন চেয়ারম্যানের কাছে বরাদ্দ দেয়া হয়েছে। আরও ৩০ হাজার কম্বল ও ১০ হাজার ব্যাগ শুকনা খাবারের চাহিদা চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে।

 

জেলা শিক্ষা অফিসার তবিবুর রহমান ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, তাপমাত্রা কম থাকায় জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। তবে দাপ্তরিক কার্যক্রম চালু আছে।

 

নড়াইলে ফুল চাষ করে তাক লাগিয়েছেন আলামিন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে জারবেরা, রজনীগন্ধা, টিউলিপসহ নানা প্রজাতির দেশি ও বিদেশি ফুলের চাষ করে সাফল্যের এক নবদুয়ার উন্মোচন করেছেন আলামিন মোল্যা নামের এক যুবক।

তিনি ২০২১ সালে পরীক্ষামূলকভাবে গ্লাডিওলাস ও গোলাপ দিয়ে চাষ শুরু করেন। বর্তমানে ২ একর জমিতে তার ফুলের বাগান রয়েছে। জিফা অ্যান্ড তায়েবা এগ্রো নামক তার এই ফুলের বাগান থেকে উৎপাদন খরচ বাদে প্রতি মাসে প্রায় ১০ হাজার টাকা লাভ করেন।

 

নড়াইল শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙা গ্রামের আলামিন মোল্যা পেশায় একজন ফুলের ব্যবসায়ী।

 

 

আলামিন বলেন, পরীক্ষামূলকভাবে ২০২১ সালে নিজ গ্রামে গ্লাডিওলাস ও গোলাপ ফুলের চাষ শুরু করি। ফুল উৎপাদন আশানুরূপ হওয়ায় পরবর্তীতে ২ একর জমিতে রজনীগন্ধা, টিউলিপ, জারবেরাসহ বেশ কয়েক প্রজাতির ফুল উৎপাদন শুরু করি।

 

 

 

নড়াইলের ফুলের বাজার ছাড়াও বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের অর্ডারের পাশাপাশি ঢাকার শাহবাগের পাইকারি ফুল মার্কেটেও রয়েছে তার ফুলের ব্যাপক চাহিদা। তিনি এলাকার বেকার যুবক ছেলেমেয়েদের ফুল চাষে উৎসাহিত করতে সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

 

এ ফুল বাগানের মালি শেখ জাহিদুল ইসলাম বলেন, এখানে ফুলের বাগান হওয়ায় আমার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমি যে বেতন পাই এই দিয়ে আমার সংসার ভালোভাবে চলে। বাগান দেখাশুনা করি, আগাছা পরিষ্কার করি, সময়মতো সার কীটনাশক ব্যবহার করে থাকি। এলাকার উৎসুক জনতা প্রতিদিন ফুল বাগানে যান ফুল কিনতে, সৌন্দর্য্য উপভোগ করতে, কেউ কেউ আবার সঙ্গী নিয়ে সেলফি তুলতে আসেন।

 

লোহাগড়া থেকে ফুল বাগানে ঘুরতে আসা আবদুল্লাহ-আল মারজান বলেন, আমরা আলামিনের ফুলের বাগান দেখতে এসেছি। এ রকম ফুলের বাগান নড়াইলে এই প্রথম, আমরা চাই এই রকম বাগান নড়াইলে আরও হোক।

 

নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান বলেন, আলামিনের ফুল উৎপাদন জেলায় একটি অনন্য নজির। বাগান থেকে কি করলে ভালো কিছু করা যায়, আমরা তাকে পরামর্শ দেব। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে নড়াইলে কৃষিতে ফুলের সুবাস আসবে। এটা যে একটা লাভজনক ব্যবসা এটা তার উদহারণ। আমরা চাই এই ফুল চাষে মানুষ আরও আগ্রহী হোক।

 

নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, ফুলের বাগানটি কিছুদিন আগে পরিদর্শন করে আমার খুব ভালো লেগেছে। নড়াইলে এই প্রথম এই ধরনের ফুলের চাষ করায় উদ্যেক্তাকে ধন্যবাদ জানাই।

 

 

 

খুলনা-মোংলা রেলপথে আশার আলো

স্টাফ রিপোর্টার

খুলনা-মোংলা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। যশোর থেকে ফুলতলা হয়ে প্রতিদিন দুইবার মোংলা যাতায়াত করছে যাত্রীবাহী ট্রেন। এর মাধ্যমে দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান হয়েছে।

 

পণ্য পরিবহন সহজ ও সাশ্রয়ী করতে খুলনা থেকে বাগেরহাটের মোংলা বন্দর পর্যন্ত নির্মিত রেলপথ ২০২৩ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে মোংলার সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা হয়।

 

 

মোংলা বন্দরের সঙ্গে রেল যোগাযোগের মাধ্যমে পণ্য পরিবহন সহজ করতে ২০১০ সালে খুলনা-মোংলা রেলপথ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ২০১০ সালে একনেকে অনুমোদন হলেও জমি অধিগ্রহণ জটিলতা, ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া শেষ করে এই প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালের সেপ্টেম্বরে। রেলপথ, রেলসেতুসহ মূল রেল লিংকিংয়ের কাজ শেষ হয় চলতি বছরের অক্টোবরে। ৯১ কিলোমিটার রেলপথের পাশাপাশি রূপসা নদীর উপর ৫.১৩ কিলোমিটার দীর্ঘ রেলসেতু, ১১টি প্ল্যাটফর্ম, ১০৭টি কালভার্ট, ৩১টি ছোট ব্রিজ ও নয়টি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে।

 

 

সংশ্লিষ্টরা বলছেন, ট্রানজিট সুবিধার আওতায় মোংলা বন্দর থেকে পার্শ্ববর্তী দেশ ভারত এবং নেপাল ও ভুটানে পণ্য পরিবহন সহজ ও সাশ্রয়ী হবে। এর ফলে আর্থসামাজিক অগ্রগতি আরো বাড়বে। সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান এবং বিকাশ ঘটবে সুন্দরবনের পর্যটনশিল্পেরও। বাড়বে সরকারি রাজস্ব। রেলপথে পণ্য পরিবহনে কমবে খরচ।

 

 

যাত্রীবাহী ট্রেন চালু হলেও এখনো পণ্যবাহী ট্রেন চালুর তারিখ চূড়ান্ত হয়নি। এ অঞ্চলের ব্যবসায়ীরা অপেক্ষায় আছেন পণ্যবাহী ট্রেন চালুর। এই রেলপথে মোংলা বন্দর দিয়ে পণ্য সরাসরি বেনাপোল বন্দর হয়ে ভারত যাবে। পণ্যবাহী ট্রেন চালুর অপেক্ষায় আছেন মোংলা বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরাও। ব্যবসায়ী নেতারা বলছেন, পদ্মাসেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, সেটা আরো এক ধাপ এগিয়ে যাবে খুলনা-মোংলা রেললাইন চালুর মধ্য দিয়ে। প্রাণ পাবে মোংলা ইপিজেড। নতুন নতুন শিল্পোদ্যোক্তারা আসবে এ অঞ্চলে।

 

 

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মফিদুল ইসলাম টুটুল বলেন, খুলনার সঙ্গে মোংলা বন্দরের রেল যোগাযোগ স্থাপিত হওয়ায় এ বন্দরের সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটান রেলপথ দিয়ে সহজেই মোংলা বন্দর ব্যবহার করতে পারবে। আগে সড়ক ও নদীপথে এ বন্দরের পণ্য পরিবহন হতো। তখন খরচ বেশি হতো। এখন রেলপথে পণ্য পরিবহনে খরচ অনেক কমে যাবে। যার প্রভাব পড়বে পণ্যমূল্যের ওপর।

 

 

রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, খুলনা-মোংলা রেললাইনের মাধ্যমে বিভিন্ন অঞ্চলকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য পর্যটকদের আকৃষ্ট করা এবং মোংলা পোর্ট পর্যন্ত রেলপথে আরামদায়ক ভ্রমণের সুব্যবস্থা করা হয়েছে। খুলনা-মোংলা রেলপথের মাধ্যমে রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার আশা দেখছেন তারা।

 

 

মোংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় সমিতির মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর বিষয়টি আমাদের জন্য দারুণ সুখবর। তবে ব্যবসায়ীরা অপেক্ষায় আছি এই পথে পণ্যবাহী ট্রেন চলাচলের। আমাদের সাথে বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা যোগাযোগ করছেন এই পথ দিয়ে ভারতে পণ্য আমদানি-রফতানির জন্য। এই রেলপথের মধ্য দিয়ে মোংলা বন্দর ব্যবহার করে পণ্য আমদানি-রফতানি বাড়বে। আর তাতে এ অঞ্চলের অর্থনীতির নতুন সম্ভাবনা তৈরি হবে।

 

 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, যে কোনো বন্দরের জন্য মাল্টিমোডাল যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। এতদিন আমরা নদীপথে পণ্য পরিবহন করতে পেরেছি। পদ্মাসেতু হওয়ার পর সড়কপথে পরিবহন করা হচ্ছে। এবার রেলপথে পণ্য পরিবহন করা হবে। এই রেললাইনের ফলে সবচেয়ে বেশি সুবিধা হবে স্বল্প খরচে বিশেষ করে কনটেইনার পরিবহন করা যাবে। এতে করে বন্দরের ব্যবহারও বাড়বে। গার্মেন্টস পণ্য আমদানি ও রফতানি সহজ হবে। এছাড়া বিদেশি প্রটোকল ব্যবহার করে খুলনা-মোংলা রেললাইন দিয়ে নেপাল-ভুটানে পণ্য পরিবহন করতে পারবো। উত্তরাঞ্চলের সঙ্গেও আমাদের যোগাযোগ স্থাপন হবে। এতে শিল্পায়ন গতিশীলতা পাবে। বাড়বে বন্দরের রাজস্ব।

 

 

উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় রূপসা নদীর ওপর ৫ দশমিক ১৩ কিলোমিটারের রেলসেতু নির্মাণ করা হয়েছে। তৈরি করা হয়েছে প্রায় ৯০ কিলোমিটার রেলপথ। রেলপথটিতে রয়েছে নয়টি প্ল্যাটফর্ম। ১০৭টি ছোট সেতু ও নয়টি আন্ডারপাসও নির্মাণ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর খুলনা-মোংলা রেল চালু হওয়ার ফলে ভারত, নেপাল ও ভুটান বাণিজ্যিকভাবে যুক্ত হলো বাংলাদেশের সঙ্গে। এতে আরো গতিশীল হবে মোংলা বন্দর।

 

 

এই প্রকল্পে মোংলা বন্দর ও খুলনায় বিদ্যমান রেল নেটওয়ার্কের মধ্যে প্রায় ৬৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলা ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলো।

 

 

মেহেরপুরে চাল মজুত, দুই ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে চাল মজুদ রাখার অপরাধে দুই চাল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

 

আদালত সূত্র জানায়, সদর উপজেলার আমঝুপি বাজারের মেসার্স আমজাদ খাদ্যভাণ্ডারে অভিযান চালিয়ে তিন হাজার বস্তা অবৈধ চাল মজুত দেখতে পান। পরে প্রতিষ্ঠানমালিক মো. আমজাদ হোসেনকে ৩০ হাচার টাকা ও একইভাবে মেসার্স আব্বাস খাদ্যভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সজল আহম্মেদ বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে বাজারে অতিরিক্ত দামে চাল বিক্রি বন্ধ করতে নিয়মিত অভিযান চলছে। বুধবার আমঝুপি বাজারে দুটি চালের আড়তে অভিযান পরিচালনা করে চাল মজুত দেখতে পাওয়া যায়। তাদের ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম উপস্থিত ছিলেন।

 

 

 

পাইকগাছায় সরকারি জায়গা দখল করার অপরাধে ৩ ব্যক্তিকে কারাদন্ড

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥

পাইকগাছায় সরকারি জায়গা দখল করার অপরাধে ৩ ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার লতা ইউনিয়নের হানিরাবাদ গ্রামের মৃত আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ফজলুল হক (৫২), মৃত মেছের আলী গাজীর ছেলে ইয়াকুব্বার আলী গাজী (৫২) ও কাঠামারী গ্রামের হাজরা অধিকারীর ছেলে অসীম অধিকারী (৩২)। সাজাপ্রাপ্ত ৩ ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লতা ইউনিয়নের কাঠামারী বাজারের সরকারি জায়গা দখল করেছিল। পরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৩ ধারা লঙ্ঘনের অপরাধে ৩ ব্যক্তির প্রত্যেককে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পেশকার আনিছুর রহমান।

 

 

কয়রায় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে ইন্টারজেনারেশনাল ডায়ালগ

 

কয়রা(খুলনা)প্রতিনিধি

কয়রায় যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, শিশু সুরক্ষা, জেন্ডার ভিত্তিক সহিংসতা, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে ইন্টারজেনারেশনাল ডায়ালগ অনুষ্ঠিত হয়। পরিত্রান ওয়াই মুভস প্রকল্প বুধবার (২৪ জানুয়ারি)  বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যার সভাপতিত্বে ও পরিত্রানের উপজেলা প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, পরিত্রানের সিনিয়র প্রজেক্ট অফিসার উজ্জল কুমার দাস, উপজেলা শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশানের সভাপতি অধ্যাপক আ,ব,ম আঃ মালেক প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির,এ্যাডঃ আনিছুর রহমান, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, বিবাহ রেজিস্ট্রার মাওলানা ইউনুস আলী, হিন্দু বিবাহ রেজিস্ট্রার এ্যাডঃ স্বদেশ কুমার মিস্ত্রী, শিক্ষিকা তৃঞ্চা দাস, জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, ধীরেশ মাহতো, গনেশ মুন্ডা, নারী নেত্রী মুর্শিদা খাতুন, সাধনা মুন্ডা,এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, বিবাহ রেজিস্ট্রার সহ মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

কয়রায় বাঘ বিধবা পরিবারের মাঝে সুন্দরবন লায়ন্স ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

কয়রা(খুলনা)প্রতিনিধি

কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের বাঘ বিধবা পরিবারের  সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। লায়ন্স ক্লাব অব খুলনা সুন্দরবনের সহযোগিতায় এ সকল কম্বল বিতরন করা হয়। বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টায় কাশিয়াবাদ স্টেশনের সামনে শীতবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব খুলনা সুন্দরবনের সভাপতি দিলারা নাসরিন দিলা,কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল,বন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম, সুন্দরবন লায়ন্স ক্লাবের সদস্য বেদৌড়া আফরোজ বনী, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী,স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ মোল্যা, সমাজ সেবক হাফেজ ফজলুল হক, মোঃ আনিছুর রহমান মোল্যা,ইয়াছিন আলী প্রমুখ।

 

 

 

খানজাহান আলী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক  চয়নের নানীর ইন্তেকাল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খানজাহান আলী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফ ওবায়দুর রহমান চয়ন এর নানি ,  মশিয়ালী এলাকার মৃত্যু সাহেব আলী’র স্ত্রী   জুলেখা বেগম (৭৪) হৃদরোগে আক্রান্ত হয়ে  ২৪ জানুয়ারী ভোর ৪-৩০ মিঃ সময় তার নিজ বাসভবনে  ইন্তেকাল করেন  ,  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ,  মৃত্যু কালে তিনি দুই পুত্র ও পাচ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ,  তার নামজে জানাযা গতকাল  বাদ যোহর এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয় , তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যথাক্রমে ইউনিয়ন বিএনপির আহবায়ক , সাবেক ইউপি মেম্বার শেখ আব্দুস সালাম , যুগ্ন-আহবায়ক মোঃ ফরহাদ হোসেন , শেখ রফিকুল ইসলাম মাষ্টার ,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফকির রবিউল ইসলাম , সাবেক সাংগঠনিক সম্পাদক মিনা মুরাদ হোসেন , ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইউপি মেম্বার সৈয়দ হাফিজুর রহমান শাফি , সাবেক ইউপি মেম্বার সরদার মোস্তাক আহমেদ, সরদার  ফজলুর রহমান , সরদার নজরুল ইসলাম , গাজি মোন্তাজ উদ্দিন, মোল্লা শরিফুল ইসলাম , মোঃ ইলিয়াজ সরদার , মোঃ হাদিউজ্জামান, ফকির শরিফুল ইসলাম , মোঃ নুরুল ইসলাম নুরু , মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ , মোঃ সিরাজ শিকদার , মোঃ আনোয়ার হোসেন , মোঃ গোলাম মোস্তফা , মোঃ লিমন মোল্লা , মোঃ ইব্রাহিম হোসেন , মোঃ বাচ্চু শেখ , মোঃ আব্দুস সামাদ মাষ্টার , শেখ আসলাম হোসেন , সরদার বিল্লাল হোসেন , শেখ আলমগীর হোসেন , শেখ সাহাজান , গাজী নজরুল ইসলাম , মোঃ আজগার হোসেন প্রমখ , অনুরুপ বিবৃতি দিয়েছেন  বিএমএ’র সাবেক মহাসচিব  সাবেক এমপি অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক , খুলনা জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক  সাবেক ইউপি চেয়ারম্যান  এস এ রহমান বাবুল , খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি  সাবেক ভাইস-চেয়ারম্যান  আলহাজ্ব  শেখ ইকবাল হোসেন , সৈয়দ জাকির হোসেন , মোল্লা আইয়ুব হোসেন , মিয়া ফরহাদ হোসেন ,  শেখ হাসিবুল হাসান , খানজাহান আলী থানা বিএনপির সদস্য সচিব আবু সাইদ হাওলাদার আব্বাস , কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ ইমদাদুল ইসলাম প্রমখ।

 

সাংবাদিক আবু হামজা বাঁধনের নানীর ইন্তেকাল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

দৈনিক ঢাকা রিপোর্ট পত্রিকার বিশেষ প্রতিনিধি ও সি আই এন টিভি২৪ নিউজ পোর্টালের সম্পাদক মো. আবু হামজা বাঁধনের নানী বুধবার ভোরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্না——রাজেউন। মরহুমা জুলেখা বেগমের বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে ৫ কন্যা ও ১ পূত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। সাংবাদিক বাঁধনের নানীর মৃত্যুতে খানজাহান আলী থানার মশিয়ালীগ্রামের শেখ পাড়ায় শোকের ছায়া নেমে আসে। দুপুর ২টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। এর আগে জানাযায় অংশ গ্রহণ করেন সিনিয়র সাংবাদিক আবু দাউদ ইমরান, খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়া, আওয়ামীলীগ নেতা দাউদ মল্লিক, স্থানীয় ইউপি সদস্য এস এম বখতিয়ার পারভেজ, আইয়ুব হোসেন মোল্যা, সাংবাদিক আল আমিন খান, খোকা শেখ, শরীফ ওবায়দুর রহমান চয়ন, শরীফুল মোল্যা (প্রমুখ)।

 

সিপিবি মহানগর কমিটির উদ্যোগে পল্টন হত্যাবার্ষিকী পালন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনা মহানগরের উদ্যোগে ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে পার্টির মহাসমাবেশে বোমা হামলায় কমরেড হিমাংশু, মজিদ, হাসেম, মোক্তার, বিপ্রদাস নিহতদের স্মরণে গত ২০ জানুয়ারি পার্টির কার্যালয়ে বেলা ১১টায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতে নিহতদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী’র পরিচালনায় স্মরণসভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি খুলনা জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাশ ও সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ। আরও উপস্থিত ছিলেন সাবেক মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা কমরেড বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, কমরেড হুমায়ুন কবির, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, কমরেড সাইদুর রহমান বাবু, কমরেড বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, কমরেড ফজলুর রহমান, যুব নেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, ভবেশ রায়, ছাত্রনেতা নাহিদ ইসলাম প্রমুখ।

 

 

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১৭০ পিস ইয়াবা ৩০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নগরীর ৫নং মাছঘাট এলাকার বাবুল হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার (২৬), দৌলতপুর খানপাড়ার মৃত. কালাম শেখের ছেলে  মো. রনি শেখ (৩৫), পশ্চিম সেনপাড়ার আব্দুর রহমান সরদারের স্ত্রী মোছা সাথী আক্তার (২১), পাবলা চুনুর বটতলার মো. এসকেনের ছেলে মো. রাকিবুল ইসলাম রকি (৩২) ও নিউ মাত্তমডাঙ্গার মুনসুর গাজীর ছেলে মো. শফিকুল ইসলাম(২৮),

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ১৭০ পিস ইয়াবা ৩০০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।

 

ঢাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে খুলনা থানা পুলিশ

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে খুলনা সদর থানার ৬টি সিআর মামলার পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ।

২৩ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন নগরীর  ২৪ দক্ষিণ টুটপাড়া ওয়েস্ট সার্কুলার  রোডের সৈয়দ সেলিম আক্তার এর ছেলে সৈয়দ আলী ইমরান (৩০)।

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) রাশিদা বেগম জানান, ২৩ জানুয়ারি রাতে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা এলাকায় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা থানা পুলিশের একটি চৌকস টিম। এসময়  ৬টি সিআর মামলার পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী সৈয়দ আলী ইমরানকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দপূর্বক মামলার বাদীদেরকে গ্রেপ্তারের বিষয়টি অবহিত করা হয়েছে।

 

তাবলিগ জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে কেএমপি কশিনারের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার

মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. ইব্রাহিম সালেহ এর নেতৃত্বে তাবলিগ জামায়াতের একটি প্রতিনিধি দল খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মো. মোজাম্মেল হক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় কেএমপি’র সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আগত প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সাথে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়ে আলোচনা করেন। ফেব্রুয়ারি মাসের ৯, ১০ ও ১১ তারিখ অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে খুলনা মহানগরীর হতে প্রতিনিধি প্রেরণ এবং ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখসহ ১ ও ২ মার্চ অনুষ্ঠিতব্য খুলনা জেলা ইজতেমায় আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে পুলিশ কমিশনারের সহযোগিতা কামনা করেন। পুলিশ কমিশনার আগত প্রতিনিধি দলকে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে খুলনা জেলার ইজতেমায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন এন্ড অপারেশন) সরদার রকিবুল ইসলাম, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.  মো. আব্দুল আজিজ, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.  মো. গোলাম হোসাইন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ বশির আহম্মেদ এবং তাবলীগ মার্কাজ মসজিদ খুলনার মাওলানা মুহাম্মদউল্লাহ উপস্থিত ছিলেন ।

 

 

কোচ মনসুর ও সাংবাদিক জ্যোতির্ময়ের মৃত্যুতে বৃহত্তর আমরা খুলনাবাসীর শোক

খবর বিজ্ঞপ্তি

বিকে এসপির সাবেক কোচ ও কৃতি ফুটবলার এস এম মনসুর আহম্মেদের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং প্রবীণ সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক (৭২) পরলোগমন করায় তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলী, কাওসারি জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক, মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম রফিক, শিক্ষক  আ. মান্নান, মো. জয়নাল আবেদিন, আ. মান্নান মুন্নাফ, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

 

অবৈধ ক্লিনিক ও প্যাথলজী বন্ধ এবং অনুমোদিত প্রতিষ্ঠানসমূহ নিয়মের আওতায় আনার দাবী খুলনা নাগরিক সমাজের

খবর বিজ্ঞপ্তি

অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার (প্যাথলজী) বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ব্যক্তি মালিকানাধীন বা বেসরকারি খাতে চিকিৎসা ব্যবস্থার প্রাক্কাল হতেই অননুমোদিত, অবৈধভাবে, বাণিজ্যিক উদ্দেশ্যে, যেনতেনভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার (প্যাথলজী) গড়ে উঠেছে, যা বর্তমানে ব্যাঙের ছাতার রূপ ধারণ করেছে। যার অধিকাংশ ক্ষেত্রে অনেক চিকিৎসকের নাম উল্লেখ করে নামসর্বস্ব সাইন বোর্ড ব্যবহার করা হয়। অথচ বেশির ভাগ ক্ষেত্রে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকের পরিবর্তে নির্ধারিত সংখ্যক চিকিৎসক দ্বারা রোগীদের চিকিৎসা দেয়া হয়। স্বাস্থ্যবিধি-নিয়মকানুন মানার ক্ষেত্রে মারাত্মক উদাসিনতা ও অবহেলা লক্ষণীয়। অপ্রশিক্ষিত নার্স-স্টাফ দ্বারা ক্লিনিগুলো পরিচালিত হয়। কখনও কখনও সার্বক্ষণিক চিকিৎসকেরও অভাব পরিলক্ষিত হয়। ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ানদের মধ্যে অধিকাংশই কম শিক্ষিত এবং অপ্রশিক্ষিত। যন্ত্রপাতি এবং ল্যাব অনেকাংশেই ব্যবহার অনুপযোগী। প্যাথলজিস্টদের দ্বারা পরীক্ষা-নিরীক্ষা না করেই পূর্ব থেকে স্বাক্ষরিত প্যাডে রিপোর্ট বসিয়ে দেয়া চলছে হরহামেশা। ফলশ্রুতিতে রোগীরা ভুল রিপোর্ট ও ভুল চিকিৎসার শিকার হন প্রতিনিয়ত। নেই কোনো জবাবদিহিতা। সুতরাং অননুমোদিত এ প্রতিষ্ঠানগুলো বন্ধের পাশাপাশি সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহ গভীর পর্যবেক্ষণ ও জবাবদিহিতার আওতায় আনা একান্ত জরুরী। সংগঠনের পক্ষ থেকে প্রদত্ত বিবৃতিতে আরও বলা হয়, মানুষের একান্ত জীবন ঘনিষ্ঠ এ খাতটিকে কঠোরভাবে আইন ও নীতিমালার মধ্যে নিয়ে আসার কোনো বিকল্প নেই। কারণ ইতোমধ্যে এ খাতের অনিয়মতান্ত্রিকতার খেসারত দিতে হয়েছে অগণিত মানুষকে। অর্থের বিনিময়ে সেবার নামে চলা বাণিজ্য সকল আইন-কানুন, নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে মানুষকে ব্যবসার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ মহসীন ও সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার এক যুক্ত বিবৃৃতিতে এ সকল অবৈধ প্রতিষ্ঠান বন্ধ এবং অনুমোদিত সকল প্রতিষ্ঠানকে শৃঙ্খলার আওতায় আনার জোর দাবি জানান। সাথে সাথে এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় গৃহিত পদক্ষেপকে সাধুবাদ জানান।

 

 

খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম কামালের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এস এম কামাল হোসেনের মাতা আয়েশা খাতুন (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে বার্ধক্যজনিত কারণে নগরীর বানরগাতী নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যকালে তিনি স্বামী, দুই পুত্র,  তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (২৪ জানুয়ারি) জোহরের নামাজের পর বানরগাতী খানজাহান আলী মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ শেষে বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

 

এদিকে সাংবাদিক এস এম কামালের মাতা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

 

 

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা পেল ১০০ জন সুবিধাবঞ্চিত নারী 

খবর বিজ্ঞপ্তি

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ২৪ জানুয়ারি ( বুধবার ) সকাল ১০ টায় জলবায়ু ঝুঁকিপূর্ণ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালির গাঁতিদারপাড়া গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ৭ নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ শহিদুল ইসল্মা। বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে দিন ব্যাপী সেবা দেন ডাঃ শানজানা পারভীন ( এমবিবিএস ), আরএমও, ফ্রেন্ডশিপ হাসপাতাল, মারুফা জাহান, হেলথ এডুকেটর, লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দীপক কুমার গাইন। এছাড়া এই বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আলীম আল রাজী, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক, লিডার্সের কর্মকর্তা জয়দেব জোদ্দার, ফ্রেন্ডশিপ হাসপাতাল কো-অর্ডিনেটর শাহীন আহমেদ সহ আরো অনেকে।

উপকূলের নারীদের লবণ পানি পান করতে হয়, লবণ পানিতে গোসল করতে হয়। এছাড়া জীবন চালাতে উপকূলের নারীরা নদীতে মাছ ধরে এবং চিংড়ি ঘেরে শ্রমিক হিসাবে কাজ করছে। ফলে সারাদিন লবণ পানিতে থাকার কারনে বিভিন্ন বয়সী নারীদের স্ত্রী রোগ ও প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে বহুবিধ সমস্যা দেখা দিয়েছে। এছাড়া আরো বেড়েছে চর্ম জাতীয় রোগ। তাছাড়া এসব নারীদের নারী সংক্রান্ত রোগের চিকিৎসা সেবা নিতে পুরুষ ডাক্তারের নিকট  সবকিছু খুলে বলতে দ্বিধাবোধ করেন। ফলে সঠিক চিকিৎসা সেবা নিতে ব্যর্থ হন। তাই উপকূলীয় অঞ্চলে মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে এই মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে সরকারের পাশাপাশি লিডার্স এই সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়িয়েছে। উপকূলের নারীরা টাকার অভাবে, যাতায়াত সুবিধার অভাবে যারা বাইরে ডাক্তার দেখাতে যেতে পারেন না তাদের ফ্রি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লিডার্সের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই মেডিকেল ক্যাম্পে প্রায় ১০০ রোগীকে বিনামূল্যে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ প্রদান করা হয়।

 

মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এমপি মিয়াজিকে সংবর্ধনা

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মেজর জেনারেল(অবঃ) সালাহউদ্দিন মিয়াজিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ জানুয়ারি) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্র ভবনে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহেশপুর উপজেলা কমান্ড। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল(অবঃ) সালাহউদ্দি মিয়াজি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,প্রধান মন্ত্রীর কার্যলয়ের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,যুদ্ধকালীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জুর রহমান চৌধুরী,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন,মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীরসুলতানুজ্জামান লিটন,মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহাবুবুর রহমান,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব,ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার রবিউল আওয়ালসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা উপস্থিত ছিলেন।