অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে যান এক বৃদ্ধ। এতে মাথা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের দায়িত্বরত হাবিলদার মো. এনামুল হক জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছাড়ার সময় দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান একজন বৃদ্ধ। এ সময় তার মাথার উপর দিয়ে ট্রেনটি চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
বৃদ্ধের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র মারফত জানা যায়, নিহতের নাম শেখ মারুফ হোসেন (৬৬)। তিনি খুলনার টুটপাড়া মেইন রোডের শেখ গোলাম হোসেন ও জয়নাব বেগমের ছেলে।
নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার অনুপ কুমার জানান, নিহতের লাশ উদ্ধারের জন্য রেলের জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









































