Home খেলাধুলা অধিনায়ক হিসেবে শান্তর প্রতি আস্থা বাড়ছে বিসিবি’র

অধিনায়ক হিসেবে শান্তর প্রতি আস্থা বাড়ছে বিসিবি’র

48

স্পোর্টস রিপোর্টার

২০২৩ বাংলাদেশ ক্রিকেট উত্তপ্ত ছিল মাঠের বাইরের নানা বিতর্কিত ঘটনা নিয়ে। হয়েছে নানা রকম নাটক। যেখানে প্রধান তিনটি চরিত্রের নাম ছিল- সাকিব আল হাসান, তামিম ইকবাল, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাদের নানা বিতর্কিত ঘটনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবেই আলোচনা করে সমাধান করতে পারেনি। নতুন বছরও এই বিতর্কের রেশ কাটেনি। সাকিব অধিনায়ক হিসেবে থাকবেন কিনা! তামিম কি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন, নাকি যাবেন অবসরে? সাকিব রাজি না হলে নাজমুল হোসেন শান্তই কি শেষ পর্যন্ত অধিনায়ক! জানা গেছে- বছরের প্রথমদিকেই এই সমস্যার সমাধান করতে চায় বিসিবি। সাকিব-তামিমকে নিয়ে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগেই (বিপিএল) আলোচনায় বসতে চায় দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। অন্যদিকে সবশেষ নিউজিল্যান্ড সিরিজে তিন ফরম্যাটেই দারুণ নেতৃত্ব দিয়েছেন শান্ত। তার হাত ধরেই দেশের মাটিতে প্রথম টেস্ট জয় এসেছে। শুধু তাই নয়, প্রথমবারের মতো কিউইদের ডেরায় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয় পেয়েছে টাইগাররা।

 

শুরুতেই সাকিবের সঙ্গে বসবেন নেতৃত্ব ইস্যুতে। এমনটাই জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘সাকিব তো ক্যাপ্টেন ছিল আমাদের। যেহেতু শান্ত মাঝখানে করেছে তো সাকিবের সঙ্গে এখন আমরা বসতে চাইবো। ওরও নিশ্চয় কোনো প্ল্যান থাকতে পারে। সেটা জানি না। সম্ভবত সে এখন ফোকাসড অন বিপিএল। আমি বুঝতে পারছি সে খুব সিরিয়াস। যেহেতু সে কালকেই (সোমবার) অনুশীলনে চলে আসছে।’
সংসদ সদস্য হয়েই তারপরের দিন মাঠে অনুশীলনে এসে সাকিব ফের এসেছেন আলোচনায়। যাকে বিসিবি দেখছে তার ক্রিকেটের প্রতি অন্যরকম টান হিসেবেই। এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমার মনে হয় ক্রিকেট তার প্রায়োরিটি। যেহেতু সে জনপ্রতিনিধিও তার জায়গায় এলাকায় তারও একটা কমিটমেন্ট থাকবে। এটাও আমরা জানি। আমার মনে হয়, সে ম্যানেজ করতে পারবে। ক্যাপ্টেনসির কথা এখনই ভাবছি না কিছু। টিম ম্যানেজমেন্ট আমরা বসে চিন্তা- ভাবনা করবো। যেটা টিমের জন্য সবচেয়ে ভালো হয়, সেটা আমরা চিন্তা-ভাবনা করবো। তো এখন এই মুহূর্তে ক্যাপ্টেনসি নিয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছি না। এটা স্বীকার করতে হবে, শান্ত ভালো করছে। আমার মনে হয়, লং টার্মের জন্য হলে শান্ত ভালো হবে। সবকিছু নির্ভর করছে আমাদের প্ল্যানিংয়ের উপরে। এই প্ল্যানিংটা, এই মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্ত নেই নাই।’

সাকিব যদি নেতৃত্ব ছেড়ে দেয় তাহলে নয়া অধিনায়ক হিসেবে শান্তর প্রতি বিসিবি’র আস্থা যা অকপটেই জানিয়েছেন জালাল ইউনুস। যে কারণে তার সঙ্গে আলোচনায় বসবে বিসিবি। তিনি বলেন, ‘শান্ত ওয়ানডের পাশাপাশি টেস্টেও ভালো ক্যাপ্টেনসি করেছে। তিন ফরম্যাটেই তো আমরা দেখেছি, সে ভালো করেছে। ডেফিনিটলি সামনের প্ল্যানিংয়ে শান্তর কথা সবার মাথায় আসবে। আমাদের জন্য কোয়াইট ন্যাচারাল, যেহেতু সে ভালো করেছে। এখনই ২০২৭ সালের ক্যাপ্টেন কে থাকবে সেটা বলা ডিফিকাল্ট। আমার মনে হয়, শান্ত সব সময় পরিকল্পনায় থাকবে।’

এছাড়াও তামিমের ভাগ্যে কী আছে তা নির্ধারণ করতে দুই দফা আলোচনা হয়েছে বিসিবি’র। এবার বিপিএল চলাকালে শেষবারের মতো তার সঙ্গে আরেক দফায় বৈঠক করবে বিসিবি। এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘তামিমের সঙ্গে আমি- সে নিজেও বলেছে, মাননীয় বোর্ড প্রেসিডেন্টও বলেছেন তিনি বসবেন। বিপিএল’র মধ্যেই হয়তো একদিন কোনো এক সময় বসতে পারেন। এই মাসেই হয়তো বসতে পারেন। এখনও ঠিক হয়নি। বসলে তারপরে বুঝতে পারবো তামিমের প্ল্যান।’
অন্যদিকে চলতি বছর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজন হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই আসরকে সামানে নিয়ে বিসিবি এরই মধ্যে শুরু করেছে নিজেদের কার্যক্রমও। এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘প্রিপারেশন বলতে এই বিপিএলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কাজেই এই টুর্নামেন্টে আমরা চোখ রাখবো, কে কেমন খেলে। অ্যাট দ্য সেম টাইম কোচ কামিং অন ২০। ২০ তারিখে আসছেন উনি, তিনিও চোখ রাখবেন এই বিপিএল-এ। বিপিএল শেষ হওয়ার পরে তো আবার শ্রীলঙ্কা সিরিজ শুরু হয়ে যাবে। ওর মধ্যে তো আমাদের টি- টোয়েন্টি খেলা আছে। তারপর তো জিম্বাবুয়ে সিরিজ। প্রিপারেশন তো বিপিএল’র পর থেকে ইন্টারন্যাশন্যাল টুর্নামেন্টের মধ্যে দিয়ে যাবে। তো আমরা সেদিকে নজর রাখছি। আর ম্যাচ প্র্যাকটিসের মতো আর কোনো প্র্যাকটিস হতে পারে না। ম্যাচ প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট। যেহেতু ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকবে বাড়তি কিছু করার সুযোগ থাকবে না।’