ঢাকা অফিস।।
রমনা মডেল ও পল্টন থানার নাশকতার ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গতকাল গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাগুলোয় ফখরুলের অধিকতর জামিন শুনানির দিন আজ বুধবার ধার্য করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন। এদিন প্রথমে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।
শুনানিতে আইনজীবীরা বলেন, গ্রেপ্তারের পর তার ৫ কেজি ওজন কমে গেছে। তিনি হার্টের রোগী। জামিন পেলে পালাবেন না। অতীতে তিনি জামিন নিয়ে কোনো শর্ত ভঙ্গ করেননি। রাজনীতিবিদদের বাঁচতে দিন। অন্য আসামিরা যেমন জামিন পাচ্ছেন। তিনি অসুস্থ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১০০টির মতো মামলা রয়েছে। তিনি নিয়মিত হাজিরা দেন। তাকে জামিন দিলে আদালতের শর্ত মেনে হাজিরা দেবেন। তার ৯টি মামলায় শুনানির জন্য অনেক সময় দরকার। তখন বিচারক বলেন, তা হলে বুধবার বাকি শুনানি করেন।
আইনজীবী মেজবাহ বলেন, গত ১৩ ডিসেম্বর মির্জা ফখরুলের এই ৯ মামলায় শুনানি গ্রহণ করেনি ঢাকা সিএমএম। এ সংক্রান্ত রিট করলে হাইকোর্ট জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন। এর আগে গত ২৮ অক্টোবর সকালে ফখরুলকে আটক করে ডিবি। এর পর হত্যা ও গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকে তিনি কারাগারে আছেন।










































