Home আঞ্চলিক নড়াইলে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য আটক

নড়াইলে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য আটক

52

নড়াইল প্রতিনিধি ||

নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে অনলাইনে প্রতারণার অভিযোগে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৯টি মোবাইল ফোন ও ১৬টি সিমসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে তাদেরকে যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই সহোদর শাহজালাল শেখ (২৭) ও শাহজামান শেখ (২৩) যাদবপুর গ্রামের আবদুল কুদ্দুস শেখের ছেলে।

পুলিশ সুপার মো.মেহেদী হাসান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃত দুই প্রতারক ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেইসবুক পেইজে ১,৫৫০ টাকা মূল্যে বিভিন্ন প্রকার কম্বল বিক্রি ও অনলাইনে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে গত ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৩ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে। রেজওয়ান সিদ্দিক ইমরান (৩২) নামে এক ব্যক্তি ফেইসবুক পেইজে কম্বলের বিজ্ঞাপন দেখে দু’টি কম্বল কেনার জন্য অর্ডার দেন। প্রতারক চক্র বিভিন্ন ছলচাতুরী করে ভুক্তভোগী রেজওয়ান সিদ্দিক ইমরানের কাছ থেকে নগদ একাউন্টের মাধ্যমে ২৭ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতারক চক্র ভুক্তভোগীর কম্বল সরবরাহ করেনি এবং মোবাইল ফোনও রিসিভ করেনি। ওই ভূক্তভোগী নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করে।

এসময় প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, মো. দোলন মিয়া, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম প্রমুখ।