Home আঞ্চলিক খুলনার গ্রামে উপস্থিতি ছিলো বেশি, শহরে ভোটার কম

খুলনার গ্রামে উপস্থিতি ছিলো বেশি, শহরে ভোটার কম

44

স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ভেতরের তিনটি ভবনে চারটি ভোটকেন্দ্র। গতকাল রোববার সকাল ১০টায় পিটিআইর ভেতরে গিয়ে দেখা গেছে, কেন্দ্রগুলোর সামনে জটলা বেঁধে দাঁড়িয়েছেন নৌকা প্রতীকের সমর্থকরা। ভোটারের আনাগোনা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন নৌকার কর্মীরা। ভোটার আনতে বিভিন্ন এলাকায় ইজিবাইক রিজার্ভ করে পাঠানো হয়। বেলা ১১টার পর দু-একজন করে ভোটার আসা শুরু করেন। কিন্তু ভোটের কর্মীদের চেয়ে ভোটারের উপস্থিতি ছিল কম।

দুপুর ১২টার দিকে ১১৩ নম্বর পরীক্ষণ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. নজির উদ্দিন জানান, ১ হাজার ৬৯৮ জন ভোটারের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ১৩৫ জন ভোট দিয়েছেন। ভোট প্রদানের হার ৮ শতাংশ। একাডেমিক ভবন (নিচতলা) কেন্দ্রে ১২টা পর্যন্ত ২ হাজার ১৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৯৫ জন। এই কেন্দ্রে ভোট প্রদানের হার ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ। এ দুটি কেন্দ্রই খুলনা-২ আসনের অধীন।

ব্যতিক্রমী দৃশ্য ছিল তেরখাদা উপজেলার আর বি আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সকাল ১০টায় বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, নারী ও পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। দুপুর ১২টা পর্যন্ত সেখানে ৮৪৪ জন পুরুষ ও নারী ভোটার ভোট দেন। কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৭৭৮ জন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শেখ আবদুস সবুর বলেন, সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুপুর ১২টা পর্যন্ত ৩০ দশমিক ৩৮ শতাংশ ভোট পড়েছে। রোববার খুলনা নগরী ও জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, নগরীর মধ্যে থাকা খুলনা-২ ও খুলনা-৩ আসনের ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। তুলনামূলক উপস্থিতি বেশি ছিল গ্রামের ভোটকেন্দ্রগুলোতে। তবে কোনো কেন্দ্রের সামনে ভোটারদের বিশাল লাইন দেখা যায়নি। কেন্দ্রগুলোতে নৌকা ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট ছিল না। কেন্দ্রের সামনেও নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থীর ক্যাম্পও দেখা যায়নি।

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়। একই উপজেলার শোভনা বিরাজমানী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে একজন ভুয়া পোলিং এজেন্টকে আটক করে পুলিশ। সরেজমিনে দেখা গেছে, গ্রাম পর্যায়ে ভোটকেন্দ্রগুলোতে নারী-পুরুষ এবং তরুণ ভোটাররা বেশ উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন। রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ছোট ছোট দলে ভাগ হয়ে ভোটাররা কেন্দ্রে আসছেন। বেলা ১১টা পর্যন্ত কেন্দ্রটির ৩ হাজার ৮০০ জন ভোটারের মধ্যে প্রায় ৭০০ জন ভোট দেন।

এই কেন্দ্রে ভোট দেওয়ার পর নতুন ভোটার সজীব সরদার ও তানভীর হোসাইন সরদার বলেন, জীবনে প্রথমবার ভোট দেওয়ার পর খুব ভালো লাগছে। কেউ ভোট দিতে চাপ প্রয়োগ বা বাধা দেয়নি। নির্বাচনের পরিবেশও ভালো রয়েছে। দুপুরে রূপসা উপজেলার আইচগাতি গ্রামের সবুরুন্নেসা আরশাদ আলী মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ১১টি বুথের সামনে ভোটারদের ছোট ছোট লাইন। এই কেন্দ্রের ভোট গ্রহণ কর্মকর্তারা জানান, এখানে ১১টি বুথ থাকায় ভোটারদের বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না। বিকেল ৩টায় দিঘলিয়া উপজেলার দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের সামনের রাস্তায় এবং মাঠে মানুষের ভিড়। তবে ভোটকেন্দ্রে ছিল সুশৃঙ্খল পরিবেশ।

দ্ইু প্রার্থীর ভোট বর্জন:
অনিয়মের অভিযোগ তুলে খুলনা-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক এবং খুলনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ভোট বর্জন করেছেন।
ফাতেমা জামান সাথী বলেন, নির্বাচনে কারচুপি হয়েছে, কাশিপুরে আমার ওপর হামলা হয়েছে। এসবের কোনো প্রতিকার না হওয়ায় আমি ভোট বর্জন করেছি। একই ধরনের অভিযোগ করেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

কেন্দ্রের সামনে থেকে ককটেল উদ্ধার:
খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। ভোট গ্রহণ শুরুর সাড়ে তিন ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রি কলেজের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়। এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পাইলট কুমার গাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভোটকেন্দ্রের দায়িত্বরত এসআই কামাল হোসেন বলেন, ককটেলটি উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে কে বা কারা এ ককটেল ভোটকেন্দ্রের সামনে রেখেছে তা জানা যায়নি।

ভুয়া পোলিং এজেন্ট আটক:
খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার শোভনা বিরাজমানী মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে একজন ভুয়া পোলিং এজেন্টকে আটক করা হয়। ওই কেন্দ্রে তিনি নৌকা প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে কাজ করছিলেন। আটক জিল্লুর বাগাতি ডুমুরিয়া উপজেলার পূর্ব শোভনা গ্রামের নওশের বাগাতির ছোলে।
ওই এলাকায় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন বলেন, কেন্দ্রটিতে এজেন্টের কার্ড দেখতে চাইলে তিনি নিজেকে এজেন্ট বলে পরিচয় দেন। তবে কোনো নিয়োগপত্র দেখাতে পারেননি। তাই তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোট দিলেন শতবর্ষী মা:
ছেলের কোলে চড়ে ভোট দিয়েছেন খুলনা-৪ আসনের তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের শতবর্ষী টুকু বিবি। বার্ধক্যজনিত কারণে বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। পারেন না নিজের পায়ে চলাফেরা করতে। রোববার দুপুর ১টার দিকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ছেলে রশীদ বিশ্বাসের কোলে চড়ে তেরখাদার ১ নম্বর আর বি আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

ভোট দিয়ে আপ্লুত শতবর্ষী টুকু বিবি বলেন, ‘ভোট দিছি, ভোট দিয়ে ভালো লাগিছে। আমার মারে ভোট দিছি, হাসিনা মারে ভোট দিছি। মারে ভোট দিছি, কষ্ট হবে কেন?’
টুকু বিবির ছেলে রশীদ বিশ্বাস বলেন, বার্ধক্যজনিত কারণে মা অসুস্থ, তাই তাঁকে কোলে নিয়ে ভোট দেওয়াতে এসেছি। মা তো অসুস্থ, মায়ের তো ভোট দিতেই হবে। ভোটের পরিবেশ খুব সুন্দর।
কেন্দ্র পরিদর্শনে ভারতের নির্বাচন কমিশনের মুখ্য সচিব:
ভারতের নির্বাচন কমিশনের মুখ্য সচিব মো. ওমর খুলনায় ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। দুপুর ২টায় তিনি খুলনা-৪ আসনের দিঘলিয়া উপজেলার সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজ ও দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বারাকপুর এলাকার একটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি একই আসনের রূপসা উপজেলার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন।