Home Uncategorized ভোট পড়েছে ৪১.৮ শতাংশ // নিরঙ্কুশ বিজয়ে টানা চারবার সরকার গঠনে যাচ্ছে...

ভোট পড়েছে ৪১.৮ শতাংশ // নিরঙ্কুশ বিজয়ে টানা চারবার সরকার গঠনে যাচ্ছে আ’লীগ

63

ঢাকা অফিস।।
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোটে ২২২ আসনে বা ৭৪.৪৯ শতাংশ আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফলে এ নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। পাশাপাশি ৬২ বা ২০.৮০ শতাংশ আসনে বিজয়ী হয়ে দ্বিতীয় স্থানে স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনে অংশ নিলেও ২৩ দলকে খালি হাতে ফিরতে হলো। আসন পেয়েছে মাত্র পাঁচটি দল। হাঁকডাক করে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের ১৩৫ জন প্রার্থী থাকলেও সবারই শোচনীয় পরাজয় হয়েছে। নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে ফলাফল স্থগিত রাখা হয়েছে। ফলে ২৯৮টি আসনে নির্বাচন কমিশন (ইসি) বেসরকারি ফলাফল ঘোষণা করে। তিনবার ক্ষমতায় থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ নিবন্ধিত ১৬টি দল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলভিত্তিক চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় অন্যান্য কমিশনাররা এবং ইসি সচিবও উপস্থিত ছিলেন। সিইসি বলেন, চূড়ান্ত ফলাফল পাবার পর এবার নির্বাচনে ভোট পড়েছে ৪১.৮ শতাংশ। এর আগে রোববার সন্ধ্যায় ব্রিফিংয়ে সিইসি জানিয়েছিলেন যে ২৮ শতাংশ ভোট পড়েছে। পাশে থেকে ইসি সচিব তাকে জানান ৪০ শতাংশ ভোট পড়েছে। সেই তথ্য দিয়ে সিইসি বলেছিলেন ৪০ শতাংশ ভোট পড়েছে। তবে তা চূড়ান্ত না। এর আগে ইসি সচিব জাহাংগীর আলম জানিয়ে ছিলেন বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ২৭.১৫। ফলে ভোটাধিকার প্রয়োগের প্রকৃত তথ্য নিয়ে সাধারণের মাঝে সমালোচনা তৈরি হয়েছে।
সিইসির ঘোষিত তথ্যে দেখা গেছে, জাতীয় পার্টি তৃতীয় সর্বোচ্চ ১১টি আসনে জয়ী হয়েছে। জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকরা এবার জিতেছেন মাত্র দু’টি আসনে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবার বরিশাল-২ আসন থেকে ও জাসদের রেজাউল করিম তানসেন বগুড়া-৪ আসন থেকে জয়ী হয়েছেন। নির্বাচনে আসন জয়ে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে স্বতন্ত্র প্রার্থীরা দ্বিতীয় অবস্থানে থাকলেও দলগতভাবে বিজয়ী আওয়ামী লীগের পরে আছে জাতীয় পার্টি। এবার সংসদের বিরোধী দলের ভূমিকায় কারা থাকবে এটাই প্রশ্ন। নির্বাচনে মোট এক হাজার ৯৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ২৮টি রাজনৈতিক দল এক হাজার ৫৩২ জন প্রার্থী দিয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী ৪৩৭ জন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮০ জন, ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৩৩ জন। যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা। নির্বাচনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, গণফ্রন্ট, জাকের পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি-জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, তৃণমূল বিএনপি, ন্যাশনাল পিপলস পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) ও গণতন্ত্রী পার্টি; এই ২৮টি দল প্রার্থী দেয়। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। তাদের প্রার্থীর সংখ্যা ছিল ২৬৫। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ছিলেন ২৬৪ জন। ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের ৯৬ জন ও বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলনের (বিএনএম) নোঙর প্রতীকের ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, তৃণমূল বিএনপি, বিএনএমসহ ২৩ দলের কোনো প্রার্থী জয়ী হতে পারেননি। তবে বিএনপি থেকে ছেড়ে এসে জয়ী হয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯৫ হাজার ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৬২৪ ভোট।
বিএনপিসহ সব দল অংশ নিলে আমরা খুশি হতাম : এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল বিএনপি ও সমমনা দলগুলো অংশগ্রহণ করেনি। তারা ভোট বর্জন করে জনগণকে ভোট প্রদান না করতে উৎসাহ জুুগিয়েছে। আমরা খুশি হতাম যদি সব দল অংশগ্রহণ করত। তবে দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, ভোটের ব্যাপারে কারো গুরুতর কোনো অভিযোগ থাকলে উচ্চ আদালতের সাহায্য নিতে পারেন। আগামী ১৩ জানুয়ারি ময়মনসিংহ-৩ আসনের স্থগিত হওয়া কেন্দ্রটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগের জবাবে সিইসি হাবিবুল আউয়াল বলেন, অভিযোগগুলো আমরা গ্রহণ করেছি। আপনারা জানেন, রিটার্নিং অফিসার যেটা ঘোষণা করেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ইসির নিয়ম হচ্ছে, গুরুতর অভিযোগ থাকলে কমিশন সেটা পুনর্বিবেচনা করে থাকে। এ ছাড়া অভিযোগকারীরা চাইলে সুপ্রিম কোর্টেরও সাহায্য নিতে পারেন। সিইসি বলেন, দেশে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের দিন আমাদের দুজন পোলিং এজেন্ট মারা যান। অনিয়মের অভিযোগে ময়মনসিংহ-৩ আসনের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া কেন্দ্রটির ভোটগ্রহণ ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।