Home আঞ্চলিক আ.লীগ প্রার্থীর কর্মীর গায়ে কেরোসিন ঢেলে আগুন

আ.লীগ প্রার্থীর কর্মীর গায়ে কেরোসিন ঢেলে আগুন

42

স্টাফ রিপোর্টার।।

খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী প্রচারণা ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে কেরোসিন দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় হাসান ফরাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খানজাহান আলী থানার ওসি মো. মমতাজুল হক এ তথ্য জানান।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। হাসান ফারাজী যোগীপোল এলাকার সোহরাব ফারাজীর ছেলে।

ওসি মমতাজুল হক জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে যোগীপোল এলাকায় খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে ২-৩ জন দুর্বৃত্ত কেরোসিন ছুড়ে মারে। এরপর তারা আগুন ধরিয়ে দেয়।

আগুনে হাসান ফারাজীর ঘাড়ের দুই পাশে কিছু অংশ পুড়ে যায় বলে জানান ওসি।

আওয়ামী লীগ প্রার্থী এস এম কামাল হোসেন জানান, বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারণা করছেন।