ঢাকা অফিস
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাজার কঠোর সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি মনে করে, এ রায় বাংলাদেশের শ্রম আইন ও বিচার ব্যবস্থার স্পষ্ট অপব্যবহার। এটি ড. ইউনূসের কাজ ও ভিন্নমতের জন্য তাঁর প্রতি রাজনৈতিক প্রতিহিংসার একটি ধরন। এটি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবরুদ্ধ দশার প্রতীক। বাংলাদেশে কর্তৃপক্ষ স্বাধীনতাকে খর্ব করেছে।
সোমবার যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে উল্লেখ করা হয়, ড. ইউনূসের বিরুদ্ধে যে অস্বাভাবিক গতিতে বিচারকাজ সম্পন্ন হয়েছে, তা বাংলাদেশের অন্যান্য শ্রম অধিকার-সম্পর্কিত আদালতের মামলায় শম্বুকগতির সম্পূর্ণ বিপরীত। অ্যামনেস্টি বলেছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থে শ্রম আইন ও বিচার ব্যবস্থার অপব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও লঙ্ঘন।
এদিকে, ড. ইউনূসের কারাদণ্ডের রায়ের খবরটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, অধ্যাপক ইউনূসের সমর্থকরা বলছেন যে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
রায়ের পর বিবৃতিতে ড. ইউনূস বলেছেন, ‘আমার আইনজীবীরা আদালতে দৃঢ়ভাবে যুক্তি দেখিয়েছেন। আমার বিরুদ্ধে এ রায় সব আইনি দৃষ্টান্ত ও যুক্তির বিপরীত। আমি বাংলাদেশের জনগণকে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানাচ্ছি।’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক প্রধান এবং জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কর্মরত আইরিন খান এ রায়কে ‘ন্যায়বিচারের পরিহাস’ বলেছেন।
আলজাজিরার প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, ৮৩ বছর বয়সী ড. ইউনূস তাঁর ক্ষুদ্রঋণের মাধ্যমে লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার কৃতিত্ব অর্জন করেছেন। একই সঙ্গে তিনি দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘শত্রু’ হিসেবে চিহ্নিত।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের মামলার রায় এমন সময় হলো, যখন বাংলাদেশ ৭ জানুয়ারি সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইউনূসের সহযোগীরা অভিযোগ করেছে, ড. ইউনূস ও তাঁর সহযোগীরা প্রায় ২০০ মামলার মুখোমুখি হয়েছেন। এটি এই নোবেলজয়ীকে অপমান করার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রচারণার অংশ। তিনি দেশের অন্যতম হাইপ্রোফাইল ব্যক্তিত্ব এবং শেখ হাসিনার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী।











































