মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
নির্বাচন উপলক্ষে উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত ভাল রয়েছে, কোন ধরণের উদ্বেগজনক কোন কিছু হয়নি। তাই সবাইকে আশ্বস্ত করতে চাই আপনারা এখানে ভোট দিতে আসবেন। আইনশৃঙ্খলা ভঙ্গকারী কোন ধরণের কর্মকাণ্ড ইনশাআল্লাহ হবেনা। আগসমী ৭জানুয়ারী নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে। এই সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা করার প্রয়োজন সেটা আমরা করবো। আশা করি আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন ধরণের বিঘ্ন হবেনা। এছাড়া ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের জন্য আমাদের অতিরিক্ত প্রস্তুতিও রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবো আমরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপকূলে নিয়োজিত কোস্ট গার্ডের কর্মকর্তা ও নাবিকদের সাথে মতবিনিময় শেষে মঙ্গলবার বেলা ১১টায় খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এলাকায় সাংবাদিকদের সাথে এসব কথা বলেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক ও কমান্ডিং অফিসার (অধিনায়ক) কমান্ডার শেখ ফখরউদ্দীনসহ অন্যান্য কর্মকর্তারা।
সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উপকূলীয় ৪৩টি ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় গত ২৯ডিসেম্বর থেকে ভোট পরবর্তী আগামী ১০জানুয়ারী পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে নিয়োজিত থাকবে কোস্ট গার্ড। নির্বাচন কমিশনের নির্দেশনায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে কোস্ট গার্ড তাদের দায়িত্ব পালনে তৎপর রয়েছে। নির্বাচনকে ঘিরে নাশকতাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন কোস্ট গার্ড। #











































