মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
এই সরকারের আমাদের জন্য শ্রেষ্ঠদান হলো আমাদেরই এই মোংলা বন্দর। বিগত জোট সরকারের আমলের মৃত প্রায় মোংলা বন্দরকে সচল ও আধনিকায়ন, পশুর ও বঙ্গবন্ধু ক্যানেল খনন, মোংলা-খুলনা রেললাইন, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, দুই ডজনের অধিক ভারী শিল্প কলকারখানা, পশুর নদীতে ফেরী, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মত মেগা প্রজেক্ট বাস্তবায়ন করে মোংলা-রামপালকে অর্থনৈতিক সমৃদ্ধ এবং উন্নয়নে সাজিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আপনাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে আবারো ভোট চাই, আপনারা উন্নয়নের স্বপক্ষে থাকবেন এবং ৭জানুয়ারী ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন।
মঙ্গলবার বিকেলে মোংলায় নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) নৌকার প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
এ সময় তিনি আরো বলেন, এবার নির্বাচিত হলে আপনাদের দাবী মোংলা নদীর উপর ব্রিজ বাস্তবায়ন করবো। ইতিমধ্যেই সরকার একটি চায়না প্রতিষ্ঠান দিয়ে মোংলা নদীর সয়েল টেস্ট সম্পন্ন করেছেন। এখন এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হওয়া বাকীমাত্র। আমি যদি এই মুহুর্তে মরেও যাই তারপরও এ ব্রিজ আপনারা পাচ্ছেন, পাবেন।
মঙ্গলবার বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত এ জনসভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট এ,কে আজাদ টিপু, আঃ রউফ, অর্থ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জসিমসহ অন্যান্যরা।
নৌকা প্রতীকের নির্বাচনী এ জনসভায় যোগ দিতে দুপুরের পর থেকে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতা-কর্মী-সমর্থকেরা মিছিল নিয়ে আসেন। হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে হেলিপ্যাড মাঠ পেরিয়ে জনসভা ছাপিয়ে যায় শেখ আঃ হাই সড়কে। #











































