ঢাকা অফিস।।
সরকার পতনের দাবিতে বছরজুড়ে রাজপথেই কেটেছে বিএনপি নেতাকর্মীদের। সভা-সমাবেশ, পদযাত্রা, তারুণ্যের সমাবেশ, বিভাগীয় রোডমার্চ দিয়ে রাজপথে আন্দোলনের ঢেউ তুলেছিল দলটি। সরকারের নানা বাধার পরও একের পর এক বিভাগীয় বড় সমাবেশ করে চাঙা করে তোলে দলের তৃণমূল নেতাকর্মীদের। ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে ঢাকার রাজপথে আন্দোলন করে সরকারকে চাপে রাখে। অহিংস কর্মসূচির কারণে সাধারণ মানুষও সমর্থন দেয় দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা দলটিকে। তবে বছরের শেষদিকে এসে কোণঠাসা হয়ে পড়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৯ই আগস্ট থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত বছরের ১০ই ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশ করে সরকার বিরোধী সমমনা ৩৭টি রাজনৈতিক দলকে নিয়ে যুগপৎভাবে আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। এরপর ১২ই জুলাই নয়াপল্টনে বড় সমাবেশ করে সরকার পতনের একদফা দাবিতে আন্দোলন শুরু করে বিএনপি ও সমমনা দলগুলো। ২৮শে জুলাই নয়াপল্টনে ফের বড় সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশ থেকে পরদিন ঢাকার চার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
সেই কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়সহ অনেক নেতাকর্মী আহত হন। পুলিশি গ্রেপ্তার অভিযানের কারণে চাপে পড়ে যায় দলটি। এরপর জেলায় জেলায় তারুণ্যের সমাবেশ ও বিভাগীয় রোডমার্চ দিয়ে দলের নেতাকর্মীদের রাজপথে আন্দোলনে ফিরিয়ে আনে বিএনপির হাইকমান্ড। তবে বছরের শেষদিকে এসে আন্দোলনে খেই হারিয়ে ফেলে তারা। ২৮শে অক্টোবর মহাসমাবেশ ডেকে সারা দেশ থেকে নেতাকর্মী ঢাকায় এনে বড় জমায়েতও করেছিল। কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষের পর মহাসমাবেশ পণ্ড হওয়ায় বেকায়দায় পড়ে যায় দলটি। ২৯শে অক্টোবর থেকে হরতাল অবরোধের মতো হার্ডলাইনের কর্মসূচিতে যায় তারা। সরকারও মামলা, গ্রেপ্তার ও দমন-নিপীড়ন চালিয়ে কোণঠাসা করে ফেলে বৃহৎ এই রাজনৈতিক দলটিকে।
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশির ভাগ শীর্ষ নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। পুরনো রাজনৈতিক মামলায় দেড় সহস্রাধিক নেতাকর্মীকে একের পর এক সাজা দেয়া হয়। এরপর সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে ভাঙার চেষ্টা চলে নানা মহল থেকে। দলের শীর্ষ নেতাদের চাপে ফেলে মন্ত্রী-এমপিসহ নানা প্রলোভন ও টোপ দেয়া হয়। তবে সেই ফাঁদে পা দেন বিএনপি নেতারা। দু-একজন ছাড়া দলটির নেতাকর্মী কেউ নির্বাচনে অংশ নেননি। সরকার পতনের একদফা দাবিতে ৪ দফায় ৫ দিন হরতাল ও ১২ দফায় ২৩ দিন অবরোধ পালনের পর ২০শে ডিসেম্বর অসহযোগ আনদোলনের ডাক দেয় বিএনপি। একতরফা ভোট বর্জন ও ইউটিলিটি বিল, ভ্যাট ট্যাক্স ও মামলার হাজিরা না দেয়ার আহ্বান জানায় তারা। এরপর ভোট বর্জন ও অসহযোগের পক্ষে জনমত গঠনে ৩ দফায় সাতদিন রাজধানীসহ সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালায় তারা। রোববার থেকে হরতাল অবরোধের মতো ফের কঠোর কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। একতরফা নির্বাচন ঠেকাতে না পারলেও কেন্দ্রগুলো ভোটার শূন্য রাখার চেষ্টা করছে দলটির নেতাকর্মীরা।
বিএনপি’র দাবি, গত ৬ মাসে দলের ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে ১০৮৪টি। এসব মামলায় আসামি করা হয়েছে ৯৭৩৪৬ জনকে। নিহত হয়েছেন ২৬ জন। এ ছাড়া গত ৫ মাসে ঢাকার বিভিন্ন আদালতে ৯৭ মামলায় ১ হাজার ৫৩২ জনের সাজা হলো।
এ বিষয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি’র নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছে সরকার। একাধিকবার বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে। কিন্তু লাভ হয়নি। উল্টো বিএনপি আরও শক্তিশালী হয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে খুন-গুম, হামলা, মামলা, গ্রেপ্তার সবকিছু মোকাবিলা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একতরফা নির্বাচন ইতিমধ্যে দেশের জনগণ বর্জন করেছে। ৭ই জানুয়ারি মানুষ ভোট দিতে যাবে না। জনগণের তুমুল আন্দোলনে সরকার পদত্যাগে বাধ্য হবে ইনশাআল্লাহ।











































