ঢাকা অফিস।।
এক সময় ছাত্রদল করতেন সুজন পাল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কাছে থেকে এক নজর দেখার ইচ্ছে থেকে সেদিন কাউকে কিছু না জানিয়ে হাসপাতালে প্রবেশ করেন। চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা করার সময় তাকে আটক করে পুলিশে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তিনি মানসিকভাবে ভারসম্যহীন বলে ধারণা করছে তদন্ত সংশ্লিষ্টরা।
গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে তুললে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে সুজন জানিয়েছে, বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন নেত্রীর একটি ছবি তোলার জন্য সে এখানে আসে। গত ২৩ ডিসেম্বর বিকেলে খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকালে সুজনকে আটক করা হয়। আদালতের অনুমতিতে সুজনকে তিন দিন জিজ্ঞাসাবাদ করেছে ভাটারা থানা পুলিশ।
সুজনের বিষয়ে জানতে চাইলে আজ শুক্রবার বিকেলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মাইনুল ইসলাম বলেন, ফরিদপুরের সদরপুরের চরচাঁদপুরে থেকে দুই মাস আগে ঢাকায় এসেছে। ঢাকার একটি মেসে থাকেন। আগে এক সময় ছাত্রদলের রাজনীতি করতেন। খালেদা জিয়াকে কাছে থেকে দেখা ও ছবি তুলতে কেবিনে ঢুকতে চেয়েছিলেন তিনি। এর আগেও একবার খালেদা জিয়াকে দেখতে তিনি এই হাসপাতালে এসেছিলেন। তবে সেদিন প্রবেশ করতে পারেনি।
গুলশান বিভাগের বাড্ডা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাজন কুমার সাহা সমকালকে বলেন, সুজন মানসিকভাবে কিছুটা ভারসম্যহীন। তাছাড়া সে নেশাও করত। তার বিরুদ্ধে ২০১৮ সালে ফরিদপুরের চরভদ্রাসন থানায় মাদকের একটি মামলা রয়েছে। ২০২০ সালের পর সুজন বিএনপির মিছিল–মিটিংয়ে যেতেন। তার ফেসবুকেও প্রোগ্রামের ছবি পাওয়া গেছে।
তার পরিবার বলেছে, সুজন মানসিক ভারসাম্যহীন। এজন্য তাকে পাবনা ও ফরিদপুরের মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখানো হয়েছে। সেই কাগজপত্র তদন্ত কর্মকর্তাকে দিয়েছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সুজনের কথা অসংলগ্ন ছিল বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাজন কুমার বলেন, আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে সুজন পালকে কারাগারে আটক রাখার সুপারিশ করে বলা হয়েছে। তিনি জামিনে মুক্তি পেলে তদন্তে ব্যাঘাত ঘটবে বলেও জানানো হয়েছে।











































