স্পোর্টস ডেস্ক
হারের ম্যাচে স্লো (মন্থর) ওভার রেটের কারণে দুঃসংবাদ পেল ভারত। দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরিয়ন টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারার ম্যাচে এমন সংবাদ পেল দলটি। কেটে নেয়া হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই শাস্তির খবর।
সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টে ইনিংস ও ৩২ রানে হেরেছে রোহিত শর্মার দল। ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল তারা। তাই নিয়ম অনুযায়ী দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ কাটার সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।
সঙ্গে প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করে মোট দুই পয়েন্ট কাটা হয়েছে তাদের। অধিনায়ক রোহিত শর্মা নিজেদের অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এই শাস্তির আগে ১৬ পয়েন্ট পেয়ে ৪৪.৪৪ শতাংশ নিয়ে টেবিলের পাঁচ নম্বরে ছিল ভারত। দুই পয়েন্ট হারিয়ে এখন ১৪ পয়েন্টে ৩৮.৮৯ শতাংশে ছয় নম্বরে নেমে গেছে তারা।











































