ঢাকা অফিস।।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে জয় পেয়েছে গাজী-গনি পরিষদ। সবক’টি পদেই জয় পেয়েছেন এ পরিষদের প্রার্থীরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে রুহুল আমিন গাজী ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ এম. আবদুল্লাহ পেয়েছেন ১৪৭ ভোট। আর মহাসচিব পদে কাদের গনি চৌধুরী নির্বাচিত হয়েছেন ২২৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরুল আমিন রোকন পেয়েছেন ১১২ ভোট।
এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম মহসিন (১৫৭ ভোট), ওবায়দুর রহমান শাহীন (২১৪) ও মুহাম্মদ খায়রুল বাশার (১৮৮)।
সহকারী মহাসচিব নির্বাচিত হয়েছেন এহতেশামুল হক শাওন (১৮৯ ভোট), ড. সাদিকুল ইসলাম স্বপন (১৯৮) ও বাছির জামাল (২১৫)।
কোষাধ্যক্ষ হয়েছেন শহীদুল ইসলাম (২১১), সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ (১৮৪), দফতর সম্পাদক মো: আবু বকর (২০৯), প্রচার সম্পাদক মো: শাজাহান সাজু (১৮০)।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহীন হাসনাত (২১৩), মো: মোদাব্বের হোসেন (২০৫), অপর্ণা রায় (১৯৪), মুহাম্মদ আবু হানিফ (১৭২), ম. হামিদুল হক মানিক (১৬০), মীর্জা সেলিম রেজা (১৫৮) ও মো: আব্দুর রাজ্জাক বাচ্চু (১৪৫ ভোট)।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র নির্বাচনে অবিসংবাদিত সাংবাদিক রুহুল আমিন গাজী সভাপতি ও ‘বিএনপি’র কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য সচিব কাদের গনি চৌধুরী মহাসচিব এবং খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও জাসাস নগর শাখার সদস্য সচিব ‘আমার দেশ’ খুলনার ব্যুরোপ্রধান এহতেশামুল হক শাওনসহ রুহুল আমিন গাজী-কাদের গনি চৌধুরী পরিষদের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ একবিবৃতিতে নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, ভোটডাকাত ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সাজানো-পাতানো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটবর্জনে পেশাজীবী পরিষদের পাশাপাশি জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দ আন্দোলন-সংগ্রামে সোচ্চার। মাফিয়া সরকারের দমন-নিপীড়নে গণমাধ্যমের একপেশে আওয়ামী পক্ষপাতিত্বের কারণে দেশবাসী বস্তুনিষ্ঠ খবরাখবর থেকে অনেকাংশেই বঞ্চিত। প্রায় ১২ কোটি ভোটারের ভোটাধিকার হরণ করে আবারও একটি সাজানো-পাতানো নির্বাচনের মধ্যদিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চাইছে লুটেরা আওয়ামী লীগ। জনগনের ভোটাধিকার ফিরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ দেশের গণমাধ্যমকে নির্যাতিত-নিপীড়ন মানুষের কণ্ঠস্বরের ঐতিহ্যে প্রত্যাবর্তনের সোচ্চার হবেন এ আশাবাদ ব্যক্ত করেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। আমার দেশ, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল ওয়ানসহ আওয়ামী রোষানলে বন্ধ সকল গণমাধ্যম খুলতে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে নবনির্বাচিত জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দকে।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।।











































