খুলনাঞ্চল ডেস্ক।।
রাশিয়ার একটি পার্টিতে প্রায় নগ্ন হয়ে উপস্থিত হয়েছিলেন একজন সেলিব্রেটি র্যাপার। এতে তীব্র সমালোচনা হচ্ছে। ওই সেলিব্রেটি তার পুরুষত্বকে ঢাকার জন্য শুধু একটি মোজা ব্যবহার করেছিলেন। এ কারণে তাকে ১৫ দিনের জেল দেয়া হয়েছে। তার সঙ্গে সব চুক্তি ছিন্ন করেছে রাশিয়ার সবচেয়ে সেরা কিছু বিনোদন বিষয়ক স্পন্সর। আর সব মিলে পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, রাশিয়া যখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, কর্তৃপক্ষ ক্রমশ রক্ষণশীল সামাজিক এজেন্ডোর দিকে ঠেলে দিচ্ছে, তখন মস্কোর এক নাইটক্লাবে এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে এর তীব্র সমালোচনা শুরু হয়।
ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্রকে একটি ভিডিও ক্লিপে দেখা যায় একজন তারকার ব্যাখ্যা শুনছেন। ওই তারকা ওই নৈশক্লাবে যোগ দিয়েছিলেন।
নিরাপত্তা সেবার সঙ্গে যোগাযোগ আছে এমন একটি সংবাদ মাধ্যম বাজা’র রিপোর্টে বলা হয়েছে, ওই ভিডিও ফুটেজ দেখে ইউক্রেনে যুদ্ধরত সেনারা প্রথমে অভিযোগ করেছেন। এমনকি এর ছবি পৌঁছে গেছে অসন্তুষ্ট পুতিনের কাছেও।
পুতিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন। বলেন, এ নিয়ে তিনি প্রকাশ্যে মন্তব্য করবেন না। তিনি শুধু বলেন, আসুন আপনি এবং আমি- এই আমাদের মধ্যেই এই বিষয়টি সীমাবদ্ধ থাকুক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ওই ইভেন্টে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যেও উত্তেজনা দেখা দিয়েছে। তবে তাদের এখন কাজ করার সুযোগ আছে। ওই ঘটনায় সমালোচনা উঠেছে কর্তৃপক্ষ, ক্রেমলিনপন্থি আইনপ্রণেতা, ব্লগার, রাষ্ট্রীয় মিডিয়া এবং অর্থোডক্স চার্চ থেকে।
২১শে ডিসেম্বর মস্কোর মুতাবোর নাইটক্লাবে ওই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ব্লগার আনাতাসিয়া ইভলিভা। তাতে যোগ দিয়েছিলেন বিভিন্ন রাজ্য থেকে যাওয়া সুপরিচিত গায়ক-গায়িকারা। তবে তারা ছিলেন স্বল্প বসনা। রাশিয়ায় খুব বেশি আলোচিত ও পরিচিত নামের মধ্যে ইভলিভা অন্যতম। এর কারণ, রাশিয়ায় যখন অর্থনীতিতে টান লেগেছে, তখন তিনি দুই কোটি ৩০ লাখ রুবল মূল্যের স্বর্ণালংকার পরেন।











































