
স্পোর্টস ডেস্ক
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা সময়ে অনেক ক্রিকেটারের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি অনীহা দেখা যায়। অনেকে তো দেশের ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বের হয়ে যাচ্ছেন যেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ঠিকঠাক খেলতে পারেন। এবার এ তালিকায় নাম লেখাতে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার।
সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ জানুয়ারী থেকে শুরু হবে ইন্টারন্যাশনাল লিগ টি-২০ (আইএল টি-২০)। একই সময়ে অস্ট্রেলিয়ারও খেলা আছে। আগামী ২ থেকে ১৩ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে টেস্ট ও টি-২০ ম্যাচের সিরিজ খেলার কথা অজিদের।
একই সময়ে খেলা হওয়ার জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ দুইটা থেকে যেকোনো একটা বেছে নিতে হতো ওয়ার্নারকে। অভিজ্ঞ এই ওপেনার হাত বাড়িয়েছেন আইএল টি-২০তেই। অর্থাৎ ঘরের মাঠের এই সিরিজে না খেলে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন ওয়ার্নার। বিষয়টি জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
আইএল টি-২০তে খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করবেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সংস্থার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়ার্নার দেশের মাটিতে কোনো ক্রিকেট মিস করবে কি না, এমন প্রশ্নের জবাবে এসইএন রেডিওকে তিনি বলেন, আমার মনে হয় এর সংক্ষিপ্ত উত্তর হচ্ছে হ্যাঁ। আমি জানি সে বিগ ব্যাশে খেলতে বদ্ধপরিকর।
ওয়ার্নারের এমন সিদ্ধান্তের পক্ষে মত আছে গ্রিনবার্গেরও। তিনি বলেন, ডেভের জীবনের পরের ধাপে সে যে নিজের দিকটা দেখবে, তা নিয়ে কোনো সংশয় নেই। কোথায় সে বিনিয়োগ করলে বিনিময়ে সেরা কিছু পাবে এটাই সে ভাববে। আমার মনে হয় না এতে বেঠিক কিছু আছে।
তিনি আরো বলেন, আমি তো বরং তাকে এমন করতে উৎসাহিতই করব। এমন সময় আসবে সে নির্দিষ্ট কিছু ম্যাচ এবং সফর নিশ্চিত মিস করতে চাইবে। আমাদের মাথায় এমন ব্যাপারই আছে। কেউ হয়তো এমন কিছু পছন্দ করবে না। কিন্তু আমাদের এটি মেনে নিতে হবে।










































