ঢাকা অফিস।।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মানিকগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কুমিল্লার চৌদ্দগ্রামে যুগ্ম সচিব একেএমজি. কিবরিয়া মজুমদারকে শোকজ এবং চট্টগ্রামের পটিয়ায় নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
আর বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির বিরুদ্ধে অভিযোগের জবানবন্দি গ্রহণ করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বগুড়ার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ শাহনাজ পারভীন।
কুমিল্লা : চৌদ্দগ্রামে নৌকা প্রতীকের নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় বুধবার যুগ্ম সচিব একেএমজি কিবরিয়া মজুমদারকে করা শোকজে সিনিয়র সহকারী জজ সাইফুর রহমান বলেন, আপনি সরকারের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা হয়েও বিগত ২৪ ডিসেম্বর মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ এবং বিগত ২৫ ডিসেম্বর জগন্নাথদিঘি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পায়েরখোলা এলাকার নির্বাচনি সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রকাশ্যে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে বক্তব্য রাখেন। এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, এ বিষয়ে ১ জানুয়ারি সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।
বগুড়া : বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি ও তার সমর্থকের বিরুদ্ধে নৌকার প্রার্থী বর্তমান এমপি সাহাদারা মান্নানের অভিযোগে সাক্ষীর জবানবন্দি নিয়েছেন বগুড়ার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ শাহনাজ পারভীন। অভিযোগের সত্যতা নিশ্চিত করতে কমিটির সদস্যরা সরেজমিন এলাকায় গিয়ে তদন্ত করে সিদ্ধান্ত নেবেন। এর আগেও শাহাজাদী আলম লিপির বিরুদ্ধে তার স্বামী বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) হামিদুল আলম মিলনের মাধ্যমে সাধারণ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল।
মানিকগঞ্জ : স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার ও রাষ্ট্রীয় প্রটোকল ব্যবহার করে নির্বাচনি প্রচারণা করায় অভিযোগে মানিকগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে শোকজ করেন সেখানকার নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ শর্মিষ্ঠা বিশ্বাস। ২৬ ডিসেম্বর করা এই শোকজের শুনানি করা হয় বৃহস্পতিবার সকালে। অনুসন্ধান কমিটি শুনানি শেষে তাদের প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠিয়েছেন। এর আগে বুধবার স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে তার মনোনীত আইনজীবী শোকজের জবাব দেন।
পটিয়া (চট্টগ্রাম) : নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী ভোটারদের মাঝে টাকা বিতরণের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ফোন করে সশরীরে আদালতে হাজিরের পর নোটিশ দেন এবং এ বিষয়ে ব্যাখ্যা চান নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান সিনিয়র সহকারী জজ (চন্দনাইশ) শেখ মোহাম্মদ মহিবুল্লাহ। মোতাহেরুল ইসলামের ব্যাখ্যা দিয়েছেন। তবে তিনি কী ব্যাখ্যা দিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিলের লিখিত দাবি জানিয়েছেন সামশুল হক চৌধুরী।











































