স্টাফ রিপোর্টার।।
জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৮৩ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মোংলা কাস্টম হাউসের অবসরপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৮৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মতিয়ার রহমান ও তাঁর স্ত্রী লিলি রহমানের বিরুদ্ধে হয়েছে আরেকটি মামলা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আল আমীন বৃহস্পতিবার এসব মামলা করেন।
বাদী জানান, মতিয়ার রহমান দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৬০ লাখ ৪১ হাজার ৬৬ টাকার সম্পদের তথ্য গোপন করে ভিত্তিহীন তথ্য দিয়েছেন। এ ছাড়া জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ৪৩ হাজার ৮৮৪ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগদখলে রাখেন। কাস্টমসে চাকরিকালে তিনি নিজের পদ-পদবি ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে এ অবৈধ সম্পদ অর্জন করেছেন।
দুদক কর্মকর্তা জানান, মতিয়ার রহমানের স্ত্রী লিলি রহমান দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২২ লাখ ৮৪ হাজার ৯২৪ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এ ছাড়া জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৪ লাখ ৭৮ হাজার ৯২২ টাকার সম্পদ অর্জন করেন। যাচাইকালে লিলি রহমানের আয়ের কোনো উৎস পাওয়া যায়নি। তিনি যে সম্পত্তি অর্জন করেছেন, তা তাঁর স্বামী মতিয়ার রহমানের অর্থে কেনা। এ মামলায় মতিয়ার রহমান ও তাঁর স্ত্রীকে আসামি করা হয়েছে।
মতিয়ার রহমান ২০১৬ সালে চাকরি থেকে অবসর নেন। তিনি নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট তেলিগাতি এলাকার বাসিন্দা। তবে কথা বলার জন্য তাঁকে ফোন করা হলেও তিনি ধরেননি।











































