Home জাতীয় ২ বিএনপি নেতার অবস্থান জানাতে হাইকোর্টের নির্দেশ

২ বিএনপি নেতার অবস্থান জানাতে হাইকোর্টের নির্দেশ

35

খুলনাঞ্চল রিপোর্ট
বগুড়া বিএনপির ২ নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন কোথায়, কী অবস্থায় আছেন– তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ৪ জানুয়ারির মধ্যে পুলিশ মহাপরিদর্শককে (আইজি) এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বুধবার রুল জারিসহ এ আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশে হাইকোর্ট বলেন, ‘মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। এক ঘণ্টাও মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সন্তান হারানোর ব্যথা কত কষ্টের, তা পরিবারই জানে। কোনো নাগরিক নিখোঁজ হলে তাঁকে খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর।’

রুলে দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেনকে আদালতে হাজির করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আইজি, গোয়েন্দা পুলিশ, র্যাব, বগুড়ার কাহালু থানাসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে হবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম সিদ্দিকী, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম ও তাহমিনা পলি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক অনোয়ার হোসেন হৃদয় এবং ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সন্ধান চেয়ে হাইকোর্টে পৃথক হেবিয়াস কর্পাস রিট করে তাদের পরিবার। ২ বিএনপি নেতার পরিবারের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল এ রিট করেন।

পরিবারের দাবি, গত ১৪ ডিসেম্বর বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে বিকেল ৫টার দিকে আনোয়ার হোসেনকে ডিবি পরিচয়ে কয়েকজন তুলে নেয়। এরপর দুপচাঁচিয়া সদরে নিয়ে তাঁর ফোন নম্বর থেকে কল করে দেলোয়ারকে ডেকে এনে তাঁকেও তুলে নেওয়া হয়। এরপর থেকে দু’জনের খোঁজ মিলছে না।