মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
একেবারেই সকাল সকাল প্রচারণা ও জনসংযোগে নেমে পড়েছেন মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনের হেভিওয়েট নৌকার প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে সোমবার সকালে মোংলা পৌর শহরের মামারঘাট এলাকা থেকে প্রচারণা শুরু করেন। এরপর শেলাবুনিয়া এলাকায় জনসংযোগ করেন তিনি। এ সময় সাধারন মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে নৌকা প্রতীকে ভোট চান তিনি। পরে তিনি শেলাবুনিয়ার খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর উপজেলার সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা, জনসংযোগ, পথসভা ও সমাবেশ করেন হাবিবুন নাহার।
এদিকে হাবিবুন নাহারের পক্ষে বিভিন্ন এলাকায় প্রচারণা ও জনসংযোগ চালাচ্ছেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জসিম ও আওয়ামী লীগ নেতা বেল্লাল হোসেন।
বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের হেভিওয়েট প্রার্থী হাবিবুন নাহারের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ইদ্রিস আলী ইজারদার, তৃনমুল বিএনপির সোনালী আঁশ প্রতীকের ম্যানুয়েল সরকার, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনিরুজ্জামান মনির, জাসদের মশাল প্রতীকের নুরুজ্জামান মাসুম, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মফিজুল ইসলাম গাজী ও বিএনএম’র নোঙ্গর প্রতীকের সুব্রত মন্ডল।
৬টি দলের ৭প্রতিদ্বন্ধী প্রার্থীর মধ্যে মাঠে সরব রয়েছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী। আর তৃনমুল বিএনপি প্রার্থী একা একা প্রচারণা চালাচ্ছেন লোকচক্ষুর আড়ালেই। জাতীয় পার্টির প্রার্থীর পোস্টার চোখে পড়লেও নজরে আসেনি তার প্রচারণা। আর বাকী প্রার্থীদের কারো কোথাও নেই পোস্টার ও কোন ধরণেরই প্রচারণাও। মুলত ৭প্রতিদ্বন্ধীর মধ্যে নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থী ছাড়া বাকীদের কেউ চিনেনই না।











































