Home আন্তর্জাতিক ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইরানের ড্রোন হামলা

ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইরানের ড্রোন হামলা

33

 

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট উপকূলে রাসায়নিক পদার্থবাহী একটি কার্গো জাহাজে ইরান থেকে হামলা হয়েছে। গত শনিবারের ওই হামলায় জাহাজটিতে আগুন ধরে গেলেও তা তাৎক্ষণিক নিভিয়ে ফেলা হয়। এতে কেউ হতাহত হননি। জাহাজটিতে ২০ জন ক্রু ছিলেন। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র জানায়, চেম প্লুটো নামের ওই জাহাজ উপকূল থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দূরে ছিল। জাহাজটি লাইবেরিয়ায় নিবন্ধিত হলেও মালিক জাপান। তবে পরিচালনা করা হতো নেদারল্যান্ডস থেকে। অবশ্য হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রের তথ্য অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী রাসায়নিক পণ্যের ট্যাঙ্কারটি ইসরায়েলের সঙ্গে যুক্ত ছিল। এটি সৌদি আরব থেকে ভারতের দিকে যাচ্ছিল।

ব্রিটিশ সেনাবাহিনীর সমুদ্র বাণিজ্যবিষয়ক সংস্থার (ইউকেএমটিও) মতে, হামলায় ক্ষতির পাশাপাশি জাহাজে পানি ঢুকে গেছে।

অ্যামব্রে জানায়, ইরানি ড্রোন হামলার কারণে ‘অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত’ লোহিত সাগর থেকে এত দূরে ভারতের উপকূলে এমন হামলার ঘটনা এর আগে ঘটেনি।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মুখপাত্র এড্রিয়ান ওয়াটসন শনিবার বলেন, লোহিত সাগর অঞ্চলে হুতিরা যে সহিংস কর্মকাণ্ড চালিয়েছে, তাতে ইরানের দীর্ঘমেয়াদি সাহায্য এবং সমর্থন রয়েছে– এটা তারই প্রমাণ।

পরে ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডার হুঁশিয়ার করে বলেন, গাজায় আমেরিকা এবং তার মিত্ররা অপরাধ করতে থাকলে লোহিত সাগর বাদে অন্য নৌপথ বন্ধ করে দেওয়া হবে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেন, ভূমধ্যসাগর ও জিব্রাল্টার প্রণালি বন্ধের তালিকায় থাকতে পারে।

সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের একাধিক ড্রোন ও রকেট হামলার শিকার হয়েছে বেশ কয়েকটি জাহাজ। জাহাজ আটকও করেছে সশস্ত্র গ্রুপটি।

ইয়েমেনের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণে থাকা হুতি বিদ্রোহী গোষ্ঠীর দাবি, গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজে তারা হামলা করছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, হুতিরা এখন পর্যন্ত ১০টি জাহাজে শতাধিক ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে।