আন্তর্জাতিক ডেস্ক।।
কাশ্মীরে এ বার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে গুলি করে খুন করল জঙ্গিরা। রবিবার (২৪ ডিসেম্বর) সকালে মসজিদে প্রার্থনা করতে গিয়েছিলেন ওই পুলিশ। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে তার শরীর।
ঘটনাটি জম্মু ও কাশ্মীরের বরমুল্লা জেলার। নিহত পুলিশের নাম মো. শাফি মীর। তিনি কাশ্মীর পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পদে ছিলেন। আজানের সময়ে মসজিদের ভিতরেই তাকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা।
এই ঘটনার পর জম্মু ও কাশ্মীর পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এলাকায় চিরুনিতল্লাশি চালাচ্ছেন তারা। এক্স হ্যান্ডেলে কাশ্মীর পুলিশ এই ঘটনার কথা পোস্টও করেছে।
গত মাসেও অনুরূপ ঘটনা ঘটেছিল কাশ্মীরে। শ্রীনগরে একটি মসজিদের সামনে এক পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তিনি ওই সময়ে মসজিদের সামনে স্থানীয় যুবকদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন ওই পুলিশ।
গত বৃহস্পতিবার কাশ্মীরে জঙ্গি হামলায় পাঁচ জন সেনার মৃত্যু হয়েছে। তার পর থেকেই থমথমে উপত্যকা। উত্তাপের আঁচ পৌঁছেছে ঘরে ঘরে। সেনার দু’টি গাড়ি লক্ষ্য করে গুলি এবং গ্রেনেড ছোড়ে জঙ্গিরা।
একটি সূত্রের দাবি, হত্যার পর সেনা জওয়ানদের মুণ্ডচ্ছেদও করা হয়। ওই ঘটনার পর কাশ্মীরের কোনায় কোনায় জঙ্গি নিকেশের তৎপরতা শুরু হয়েছে। চিরুনিতল্লাশি চলছে ঘরে ঘরে। বেশ কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদও চলছে। তার মাঝেই রবিবার সকালে নতুন করে জঙ্গি হামলায় অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের মৃত্যু হল।











































