স্টাফ রিপোর্টার
জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৩৬ লাখ টাকা অর্জনের অভিযোগে খুলনা সিএসডি’র সাবেক সহকারী ম্যানেজার (দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার) শেখ মঈন উল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বাদী হয়ে রোববার (২৪ ডিসেম্বর) দুদকে মামলাটি দায়ের করেন।
আসামি মঈন উল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে চাকরি থেকে অবসরে যান। তিনি খুলনা নগরীর জাহিদুর রহমান সড়কের বাসিন্দা।
দুদকের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, মঈন উল ইসলাম দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে প্রায় ১২ লাখ ২৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন। এছাড়া জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৫ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
খাদ্য বিভাগে চাকরিকালে তিনি নিজের পদ পদবী ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন বলে প্রতীয়মান হয়েছে। সে কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।











































