স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থেকে কোন দল বড় দিন উদযাপন করবে, সেটা জানা যাবে আজ রাতে। পয়েন্ট তালিকার সবার ওপরে ওঠার লড়াইয়ে মুখোমুখি আর্সেনাল ও লিভারপুল। গত রাতে অ্যাস্টন ভিলা ১-১ গোলে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ড্র করায় লিভারপুলের কাছ থেকে পয়েন্ট পেলেই অবশ্য শীর্ষে থাকবে আর্সেনাল। তবে অ্যানফিল্ডের হাই ভোল্টেজ এই ম্যাচে নিশ্চয়ই জিততেই নামবে দুই দল।
১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে থাকায় দুইয়ে অ্যাস্টন ভিলা। ৩৮ পয়েন্ট লিভারপুলের। আজ জিতলে ওপরের দুই দলকেই টপকে যাবে তারা।
সর্বশেষ লিগ কাপের ম্যাচে ওয়েস্ট হামকে ৫-১ গোলে বিধ্বস্ত করে দারুণ ছন্দে আছে অলরেডরা। এ কারণে ছেলেদের ছন্দ ধরে রাখার আহ্বান ইয়ুর্গেন ক্লপের, ‘ডিসেম্বরে অনেক ম্যাচ খেলতে হচ্ছে। সঠিক পথে না থাকতে পারলে আপনার টিকিট অন্য কাউকে দিয়ে দেন। প্রথম সেকেন্ড থেকেই অ্যানফিল্ডকে ভিন্ন রূপে দেখতে চাই।’
অ্যানফিল্ডে ২০১২ সালের পর আর লিভারপুলকে হারাতে পারেনি আর্সেনাল। এবার সেই গেরো খুলতে চায় গানাররা। কোচ মিকেল আরতেতাও বলছেন সে কথাই, ‘শেষবার যখন তাদের এখানে হারিয়েছিলাম সেটা দারুণ মুহূর্ত ছিল। আগামীকাল (আজ) আবারও তার পুনরাবৃত্তি ঘটাতে চাই।’ ভিলার কাছে হারের পর ব্রাইটনের বিপক্ষে জিতে ছন্দে ফিরেছে আর্সেনাল।
তাই অন্যান্য ম্যাচের তুলনায় এই ম্যাচকে আলাদা হিসেবে দেখছেন আরতেতা, ‘প্রতিটি ম্যাচেই পার্থক্য থাকে। ম্যাচ প্রস্তুতিও ভিন্ন হয়ে থাকে। গত বছর যখন ২-২ গোলে ড্র করেছিলাম তখন আর এখনকার পরিবেশ আলাদা। তবে আমরা জেতার জন্যই খেলতে নামব।’











































