বিনোদন ডেস্ক।।
দেশের গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। তার নতুন সিনেমা ‘কাজল রেখা’। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। আর এতে তার নায়ক শরিফুল রাজ। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ পেয়েছে। এর পুরোটা জুড়েই রয়েছেন মন্দিরা। টিজারে দেখা যায়, মন্দিরা নদীর ভেতর ক্ষুধার্ত অবস্থায় কাশফুলের মোটা ডগা চিবাচ্ছেন। তারপর সেখান বের হয়ে আসতে থাকেন। ধীরে ধীরে পানিতে পা ফেলে এগিয়ে আসতে আসতে পড়ে যান তিনি।
টিজারের শেষে লেখা ওঠে গিয়াস উদ্দিন সেলিম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাজলরেখা’ শিগগিরই আসছে। ৩৩ সেকেন্ডের টিজার দেখে অনেকেই ইতিবাচক মন্তব্য করছেন। দর্শকদের কেউ কেউ লিখেছেন দেখার আগ্রহে থাকলাম। শরীফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান প্রমুখ। নেত্রকোনার সুসং দুর্গাপুরে গিয়াস উদ্দিন সেলিমের নতুন ‘কাজলরেখা’র শুটিং শুরু হয়। কয়েক মাস আগে সেট ফেলে বড় আয়োজনে শুটিং শেষে কিছুদিন বিরতি নেন। তার পরের লটের শুটিং হয় সুন্দরবনসহ বিভিন্ন লোকেশনে। পুনরায় সুসং দুর্গাপুরে শুটিং শেষ করেন তিনি। ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’র পালা থেকে অনুপ্রাণিত হয়ে এই নামেই সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ছবিতে ৫০০ বছর আগের গল্প দেখানো হবে। লোকেশনসহ পুরো আবহ থাকবে সে সময়কার মতো। এদিকে ছবিটি নিয়ে মন্দিরা বলেন, ছবিটির টিজার দেখে অনেকেই প্রশংসা করছেন। এতে করে আমার অপেক্ষার তীব্রতাটা আরও কয়েক গুণ বেড়ে গেল। আশা করছি ছবিটি মুক্তি পেলে ভালো লাগবে সবার।











































