খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান বলেন, জনগণকে বোকা বানাতে আবারও নতুন নতুন কৌশলের আশ্রয় নিয়ে নানামুখী চক্রান্ত করে যাচ্ছে সরকার। কিন্তু দেশের ফুঁসে ওঠা জনগণকে আর বোকা বানাতে বা কোনো ষড়যন্ত্র বান্তবায়ন হতে দেবে না জামায়াত। তিনি বলেন, আওয়ামী গোষ্ঠী ঘোষণা দিয়ে দেশের জনগণকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। তারা ব্যাংক লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। দেশের মানুষের মানবাধিকার, বাকস্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই লুটেরা আওয়ামী সরকারকে বাংলাদেশের মানুষ আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি এ সব কথা বলেন।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে খুলনা মহানগরীর বিভিন্নস্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় জামায়াত নেতা আজগর আলী, লিয়াকত বিশ্বাস, আবু আব্দুল্লাহ, শাহাদত হোসেন, কালিম উল্লাহ, আব্দুল জব্বারসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, এই সরকার মনে করেছে জামায়াতসহ বিরোধী দলীয় শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে, নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে খুব সহজেই নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে। কিন্তু এদেশের জনগণ তা হতে দেবে না। তারা জেগে ওঠেছে, রাজপথে নেমে এসেছে।











































